খুলনাঞ্চল রিপোর্ট
রাজধানীর তোপখানা সড়কে জাতীয় প্রেসক্লাবের সামনে একদল অজ্ঞাত দুর্বৃত্ত ও পুলিশ সদস্যদের হামলায় তিন সাংবাদিক ও এক কনটেন্ট ক্রিয়েটর আহত হয়েছেন। বুধবার (২৭ আগস্ট) দুপুরের দিকে জাতীয় প্রেসক্লাবের গেটের পাশে থাকা পুলিশ বক্সের সামনে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, নিউনেশন পত্রিকার সাংবাদিক শিমুল পারভেজ ও নোমান মোশারফ, বাংলাভিশনের কেফায়েত শাকিল এবং কনটেন্ট ক্রিয়েটর আলম শরীফ।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় জাতীয় প্রেসক্লাবের গেটের সামনে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা ঘটনাটি দেখেও কোনও হস্তক্ষেপ করেননি। বরং কিছুসময় পর পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে হামলাকারীদের না থামিয়ে উল্টো আহত সাংবাদিকদের ওপর চড়াও হয়।
আহত শিমুল পারভেজ জানান, মাইক্রোবাস চালক তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছে। এরপর ভেতরে যাত্রীরা নেমেও আরেকদফা মারে। কিন্তু সেই দৃশ্য পুলিশ কাছ থেকে দেখলেও সাহায্যে এগিয়ে আসেনি। এসে উল্টো আমাদের মারধর করেছে। পরিচয় দেওয়ার পরও তারা দফায় দফায় পুলিশ বক্সে নিয়ে মেরেছে। যা অন্যায় ও ইচ্ছাকৃত বলে আমি মনে করি।









































