স্পোর্টস ডেস্ক।।
আন্তর্জাতিক ক্রিকেটে চার বছরের বিরতির অবসান ঘটাতে যাচ্ছেন ডানে ফন নিকার্ক। দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফেরার পথে আরেকটি বড় পদক্ষেপ নিয়েছেন—আসন্ন নারীদের ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে ঘোষিত অনুশীলন ক্যাম্পের ২০ সদস্যের স্কোয়াডে জায়গা পেয়েছেন এই অভিজ্ঞ অলরাউন্ডার।
৩২ বছর বয়সী ফন নিকার্ক সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন ২০২১ সালের সেপ্টেম্বরে। এরপর গোড়ালির মারাত্মক চোটের কারণে বাদ পড়েন ২০২২ সালের ওয়ানডে বিশ্বকাপ দল থেকে, যেখানে তার অধিনায়কত্ব করার কথা ছিল। সেরে উঠতে সময় লেগে যাওয়ায় ২০২৩ সালের শুরুতে কামব্যাকের সুযোগ তৈরি হলেও, দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের (সিএসএ) কঠোর ফিটনেস টেস্টে ব্যর্থ হওয়ায় বিশ্বকাপ খেলা হয়নি তার। পরে হতাশ হয়ে সেই বছরের মার্চে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান তিনি।
তবে বিদায় বললেও ব্যাট-বল ছাড়েননি ফন নিকার্ক। নিয়মিতই খেলেছেন ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে। গেল মার্চে ওয়েস্টার্ন প্রভিন্সের হয়ে ঘরোয়া ওয়ানডে লিগে ৫ ম্যাচে ১৭৯ রান করেন ৫৯.৬৬ গড়ে। টি-টোয়েন্টিতেও ছিলেন দুর্দান্ত—১৩৭.৮২ স্ট্রাইক রেটে মাত্র ৬ ইনিংসে করেন ২১৫ রান।
সবশেষ, সোমবার ইনস্টাগ্রামে এক আবেগঘন পোস্টে আন্তর্জাতিক অবসর প্রত্যাহারের ঘোষণা দেন তিনি। সেখানে দেশকে মিস করার কথা জানানোর পাশাপাশি ক্রিকেট বোর্ডের কাছেও ক্ষমা চান নিজের অতীত সিদ্ধান্তের জন্য।
‘অবসরের সময়টা আমাকে উপলব্ধি করিয়েছে, দেশের প্রতিনিধিত্ব করার অনুভূতিটা কতটা গভীর। সেই সুযোগটা আবার পেতে আমি সব কিছু করতে প্রস্তুত,’ লিখেছেন ফন নিকার্ক।
দক্ষিণ আফ্রিকার হয়ে ১০৭ ওয়ানডেতে তার সংগ্রহ ২,১৭৫ রান (গড় ৩৬.২৫), একটি শতক ও ৯টি অর্ধশতকের পাশাপাশি উইকেট আছে ১৩৮টি। টি-টোয়েন্টিতে ৮৬ ম্যাচে ১,৮৭৭ রান ও ৬৫ উইকেটের মালিক এই লেগ স্পিনিং অলরাউন্ডার খেলেছেন একটি টেস্ট ম্যাচও।
বর্তমান সময়ে দক্ষিণ আফ্রিকার নারী দলের মিডল অর্ডার ঘাটতির সময়ে ফন নিকার্কের মতো অভিজ্ঞ ও ভারসাম্যপূর্ণ ক্রিকেটারের ফেরাটা বড় এক ইতিবাচক দিক হতে পারে। বিশেষ করে উপমহাদেশে হতে যাওয়া বিশ্বকাপে তার লেগ স্পিন গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
আগামী অক্টোবর-নভেম্বরে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে উইমেন’স ওয়ানডে বিশ্বকাপ। তার প্রস্তুতিতে ২০ সদস্যের প্রাথমিক দল নিয়ে ডারবানে ক্যাম্প করবে দক্ষিণ আফ্রিকা। সেখান থেকে ঘোষণা করা হবে চূড়ান্ত ১৫ সদস্যের স্কোয়াড। ফন নিকার্কের অন্তর্ভুক্তি সেই স্কোয়াডেও দেখা যেতে পারে বলে জোর সম্ভাবনা রয়েছে।
বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে ১৬–২২ সেপ্টেম্বর লাহোরে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা নারী দল। আর বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচ ৩ অক্টোবর, শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে।











































