স্পোর্টস ডেস্ক।।
আন্তর্জাতিক ক্রিকেটে উজ্জ্বল শুরুর পর হঠাৎই ছন্দপতন—পিঠের চোটে অন্তত তিন মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন কিউই পেসার উইল ও’রোক। দ্রুতই জাতীয় দলের অপরিহার্য সদস্য হয়ে ওঠা এই তরুণের ক্যারিয়ারে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে পিঠের নিচের অংশে স্ট্রেস ফ্র্যাকচার। শঙ্কা রয়েছে, প্রয়োজন হলে মাঠে ফেরা আরও বিলম্বিত হতে পারে।
জিম্বাবুয়ে সফরে প্রথম টেস্ট চলাকালেই পিঠে অস্বস্তি অনুভব করেন ও’রোক। দেশে ফিরে পরীক্ষার পর ধরা পড়ে চোটের প্রকৃতি। আপাতত তিন মাসের রিহ্যাব ও স্ট্রেংথ ট্রেনিং চলবে। এরপরই নির্ধারণ করা হবে কবে মাঠে ফিরতে পারবেন তিনি। নিশ্চিতভাবেই খেলতে পারবেন না অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন সীমিত ওভারের সিরিজগুলো। ডিসেম্বরের ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট সিরিজও এখন অনিশ্চিত।
নিউজিল্যান্ড কোচ রব ওয়াল্টার জানালেন, অস্ত্রোপচার ছাড়াই পুনরুদ্ধারের আশায় আছেন তারা, ‘উইলের জন্য আমরা খুবই মর্মাহত। আন্তর্জাতিক ক্রিকেটে অসাধারণ শুরু করেছিল সে। এখন এমন একটা পর্যায়ে এসে চোটে পড়া কষ্টদায়ক। তবে ওর মানসিকতা দৃঢ়, সে ফিরে আসার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে।’
ও’রোক ২০২৩ সালের ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট অভিষেকে ৯ উইকেট নিয়ে সাড়া ফেলেছিলেন। এখন পর্যন্ত ১১ টেস্টে নিয়েছেন ৩৯ উইকেট, ১৭ ওয়ানডেতে ২২টি এবং ৭ টি-টোয়েন্টিতে শিকার ৭টি।
ও’রোকের চোটই একমাত্র দুঃসংবাদ নয় নিউজিল্যান্ডের জন্য। কুঁচকির চোটে আগে থেকেই বাইরে থাকা গ্লেন ফিলিপসের মাঠে ফেরার সময়ও পিছিয়ে গেছে। অক্টোবরের শুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তাকে পাওয়া যাচ্ছে না।
মেজর লিগ সকারে খেলার সময় এই চোটে পড়েন ফিলিপস। একই প্রতিযোগিতায় আরও এক বড় ধাক্কা এসেছে ফিন অ্যালেনকে নিয়ে। আসরের প্রথম ম্যাচে পায়ে আঘাত পেয়ে অস্ত্রোপচার করাতে হয়েছে বিধ্বংসী এই ওপেনারকে। কমপক্ষে তিন মাসের জন্য ছিটকে গেছেন তিনিও। আগেই জাতীয় দলের কেন্দ্রীয় চুক্তি ছাড়লেও প্রয়োজনমতো টি-টোয়েন্টি দলে নিয়মিত ছিলেন অ্যালেন।
সাদা বলের অধিনায়ক মিচেল স্যান্টনারকেও নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। ইংল্যান্ডের দ্য হান্ড্রেডে খেলতে গিয়ে কুঁচকির চোটে পড়েছেন তিনি। তাকে অ্যাবডোমিনাল অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে। তবে অস্ট্রেলিয়া সিরিজে খেলাতে তাকে ফিট করার সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছে নিউজিল্যান্ড বোর্ড।
সব চোট ও অনিশ্চয়তার ভিড়ে একটিমাত্র স্বস্তির খবর—চোট কাটিয়ে সুস্থ হয়েছেন পেসার বেন সিয়ার্স। দলের বোলিং আক্রমণে তার ফেরা কিছুটা হলেও স্বস্তি দেবে কিউইদের।











































