Home জাতীয় প্রচার শুরু আজ, প্রার্থিতা ফিরে পেলেন ৩৪ জন

প্রচার শুরু আজ, প্রার্থিতা ফিরে পেলেন ৩৪ জন

8


ঢাকা অফিস।।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল গতকাল সোমবার। আজ মঙ্গলবার থেকে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবেন। জানা গেছে, গতকাল সোমবার দুপুর ১টা পর্যন্ত নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রার্থিতা প্রত্যাহারের প্রক্রিয়া শেষ হয়। এদিন প্রার্থিতা বাতিল হওয়া ৩৪ জন আপিল শুনানি শেষে তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন।

এদিকে, ডাকসু নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বলেছেন, আমরা ৫ আগস্ট-পরবর্তী সময়ে ঢাবি ক্যাম্পাসে একটা সহনশীল রাজনীতির চর্চা চেয়েছি। কিন্তু আমাদের বিরুদ্ধে বারবার ষড়যন্ত্র করা হচ্ছে। গতকাল সোমবার বিকালে মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় ছাত্রদলের প্যানেলের জিএস প্রার্থী তানভীর বারী হামিম, এজিএস প্রার্থী তানভীর আল হাদী মায়েদসহ অন্যান্য সম্পাদক প্রার্থীরা উপস্থিত ছিলেন।

আবিদ বলেন, আমরা আশঙ্কা করছি, গুপ্ত সংগঠন বা অন্যান্য

সংগঠন আমাদের প্রার্থীদের রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পেরে মিথ্যা প্রোপাগান্ডা চালাবে। তারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনলাইন গ্রুপে প্রতিনিয়ত প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছে। প্রশাসনের কাছে এসব গ্রুপ নিয়ন্ত্রণের দাবি জানিয়ে তিনি বলেন, আমার একটি ফেসবুক পোস্টে জামায়াতের কর্মীরা কুরুচিপূর্ণ মন্তব্য করছে। তারা আমাদের নারী সহযোদ্ধাদেরও অশালীন মন্তব্য করেছে। আমরা এর নিন্দা জানাই।

উমামা ফাতেমার আচরণবিধি ভঙ্গের বিষয়ে আবিদ বলেন, উমামা রোকেয়া হলে প্রবেশের ফলে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও নির্বাচনকেন্দ্রিক মেয়েদের প্রবেশ শিথিল করা হয়েছে। কিন্তু সেটি শুরু হবে মঙ্গলবার থেকে। উমামা ফাতেমাও যদিও ক্ষমা চেয়েছেন, কিন্তু আইন অমান্য করে ক্ষমা চাইলেই তো হয় না। আশা করি, নির্বাচন কমিশন এটি নিয়ে কার্যকর পদক্ষেপ নেবে। স্যার এএফ রহমান হলের প্রভোস্ট কাজী মাহফুজুল হক সুপান শিবির ও বাগছাসকে সরাসরি পেট্রোনাইজ করেছেন বলে অভিযোগ করেন আবিদ।

ঢাবি প্রশাসনের উদ্দেশে আবিদ বলেন, গণহত্যার দায়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিচার যতক্ষণ পর্যন্ত না হবে, ততক্ষণ তাদের বাঁচার অধিকার আছে। কিন্তু তাদেরকে রাজনৈতিক অধিকার তো আপনারা দিতে পারেন না। ফজলুল হক মুসলিম হলের এজিএস প্রার্থী তোফাজ্জল হত্যা মামলার আসামি, এজিএস রাকিবুল রিয়াদ ও জিএস এনামুল হাসান ২০২২ সালে ছাত্রদলের ওপর হামলার সঙ্গে জড়িত ছিল এবং ছাত্রলীগের পদধারী ছিল। এত অভিযোগ থাকা সত্ত্বেও তারা কীভাবে নির্বাচনে অংশ নিচ্ছে, সে বিষয়ে নির্বাচন কমিশনারকে আমরা প্রশ্ন করছি।

এদিকে নিয়ম ভঙ্গ করে মধ্যরাতে রোকেয়া হলে অবস্থান করায় ভিপি পদপ্রার্থী উমামা ফাতেমার বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তোলেন শিক্ষার্থীরা। এ নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার মধ্যে বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেন তিনি। গতকাল এক ফেসবুক স্ট্যাটাসে উমামা ফাতেমা বলেন, আমি নিয়মবহির্ভূতভাবে হলে প্রবেশ করেছি, তাই হল প্রশাসনের কাছে ক্ষমা প্রার্থনা করেছি।