Home খেলাধুলা এশিয়া কাপে ভারতকে প্রধান স্পন্সর ছাড়াই নামতে হতে পারে

এশিয়া কাপে ভারতকে প্রধান স্পন্সর ছাড়াই নামতে হতে পারে

19


স্পোর্টস ডেস্ক

অবশেষে সত্যি হতে চলেছে জল্পনা। ভারতের কেন্দ্রীয় সরকার সদ্য পাস করা নতুন ‘অনলাইন গেমিং বিল’-এর ফলে অনলাইনে টাকার বিনিময়ে খেলা হয় এমন সব ধরনের অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করেছে। এই বিধিনিষেধের সরাসরি প্রভাব পড়েছে ভারতীয় ক্রিকেট দলের প্রধান স্পন্সর ‘ড্রিম ১১’-এর ওপর।

এমন পরিস্থিতিতে নিজেদের স্পনসরশিপ চালিয়ে যেতে আর আগ্রহী নয় অনলাইন গেমিং প্ল্যাটফর্মটি। ফলে এশিয়া কাপে ভারতের জার্সিতে থাকতে পারে না কোনও প্রধান স্পনসরের লোগো।

ইন্ডিয়ান এক্সপ্রেস-এর একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, ‘ড্রিম ১১’-এর প্রতিনিধিরা সম্প্রতি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সদর দপ্তরে গিয়ে বোর্ডের সিইও হেমঙ্গ আমিনের সঙ্গে দেখা করে জানিয়েছেন, তারা আর স্পনসর হিসেবে থাকতে পারবে না। বিসিসিআইয়ের এক কর্তা জানিয়েছেন, এশিয়া কাপে ভারতের কোনও প্রধান স্পনসর থাকবে না এবং খুব শীঘ্রই নতুন স্পনসরের জন্য দরপত্র আহ্বান করবে বোর্ড।

বোর্ডের আরেক কর্মকর্তা জানান, চুক্তির সময় একটি ধারা রাখা হয়েছিল যেখানে উল্লেখ ছিল, সরকারি কোনও নীতির কারণে যদি স্পনসরের ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়, তাহলে তারা কোনও ধরনের ক্ষতিপূরণ না দিয়ে চুক্তি বাতিল করতে পারবে। সেই ধারার ভিত্তিতেই ‘ড্রিম ১১’ চুক্তি থেকে সরে দাঁড়াচ্ছে এবং তাদের কোনও ক্ষতিপূরণ দিতে হবে না।

এর আগে ২০২৩ সালের জুলাই মাসে ভারতীয় দলের প্রধান স্পনসর হয় ‘ড্রিম ১১’। তাদের সঙ্গে বিসিসিআইয়ের তিন বছরের চুক্তি ছিল, যার আর্থিক মূল্য প্রায় ৩৫৮ কোটি টাকা এবং মেয়াদ ছিল ২০২৬ সালের জুলাই পর্যন্ত। কিন্তু সরকারের নতুন গেমিং নীতির কারণে মাঝপথেই শেষ হতে চলেছে এই চুক্তি।

এখনও পর্যন্ত বিসিসিআই বা ‘ড্রিম ১১’— কেউই আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে এই পরিস্থিতিতে বোর্ডের সচিব দেবজিৎ শইকীয়া সংবাদ সংস্থা এএফপি-কে বলেন, `যদি সরকারের অনুমতি না পাই, তাহলে আমাদের কিছু করার নেই। কেন্দ্রের নীতিই আমরা অনুসরণ করব।‘

তার বক্তব্য থেকে পরিষ্কার বোর্ড এখন সম্পূর্ণভাবে সরকারের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে রয়েছে। তবে জানা গেছে, চুক্তি থেকে সরে যাওয়ার আগ্রহ দেখিয়েছে স্বয়ং ‘ড্রিম ১১’ নিজেই।