Home Lead খুলনায় মুহূর্তেই সড়কে ঝরল ৪ প্রাণ, শোকে কাতর চার পরিবার

খুলনায় মুহূর্তেই সড়কে ঝরল ৪ প্রাণ, শোকে কাতর চার পরিবার

31

স্টাফ রিপোর্টার ও ডুমুরিয়া প্রতিনিধি।।


পরীক্ষার খাতা হাতে নেয়ার স্বপ্ন, আদালতের পথে ন্যায় খোঁজার আকুতি কিংবা চিকিৎসকের কাছে দেখিয়ে প্রিয়জনকে বাড়ি ফেরানোর আশা সবকিছুই থেমে গেল খুলনার ডুমুরিয়ার ঝিলেরডাঙায়।

২ মিনিটে পড়ুন
সোমবার (২৫ আগস্ট) সকালে দ্রুতগামী একটি পিকআপ ভ্যান মুহূর্তেই কেড়ে নিল চারটি প্রাণ, রেখে গেল বুক ফাটা কান্না আর শোকে ভেঙে পড়া পরিবার।

নিহতরা হলেন- রুস্তম শেখ (৬০), হাফিজ সরদার (৫৩), রুনা আক্তার (২৫) এবং ইজিবাইক চালক মুজাহিদুল (২০)।

পরীক্ষার পথে সামিয়া ও দাদার শেষ যাত্রা

২০২৫ সালের এইচএসসির শেষ ব্যবহারিক পরীক্ষায় অংশ নিতে যাচ্ছিলেন সামিয়া খাতুন। তাকে কলেজে পৌঁছে দেয়ার দায়িত্ব নিয়েছিলেন তার দাদা রুস্তম শেখ। কিন্তু খুলনা–সাতক্ষীরা মহাসড়কের ঝিলেরডাঙায় থেমে যায় তাদের জীবন।

ভয়াবহ ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান রুস্তম শেখ। গুরুতর আহত সামিয়াকে নেয়া হয় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। তার দুই পা রক্তাক্ত, অবস্থা আশঙ্কাজনক। চলছে রক্তদান। কিন্তু তাকে এখনও জানানো হয়নি তার প্রিয় দাদা আর নেই।

আদালতের পথে মায়ের লড়াই, সন্তানের কান্না

একই ইজিবাইকে ছিলেন রিনা আক্তার, তার ছেলে আট বছরের আসিবুর ও খালা মিনা আক্তার। আদালতে যাওয়ার পথে সেই দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান মিনা আক্তার। রিনা আক্তার লড়ছেন মৃত্যুর সঙ্গে হাসপাতালের ওটিতে। আর মেঝেতে প্রায় অচেতন ছোট্ট আসিবুর মাঝে মাঝে আধখোলা চোখে তাকায়, কিন্তু বুঝে উঠতে পারে না কোথায় তার মা, কোথায় খালা।

প্রিয় স্ত্রীকে বাড়ি নেওয়ার স্বপ্ন ভেঙে গেল হাফিজের

খরশন্ডা সাহস গ্রামের হাফিজ সরদার যাচ্ছিলেন খুলনায়, স্ত্রীকে চিকিৎসক দেখাতে। পরিকল্পনা ছিল চিকিৎসা শেষে তাকে বাড়ি ফিরিয়ে আনা। কিন্তু নিয়তি লিখেছিল অন্য পরিণতি। খুলনা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

জীবনের শেষ যাত্রায় মুজাহিদ

মাত্র ২৫ বছরের তরুণ ইজিবাইক চালক মুজাহিদ মোড়ল। যাত্রীদের নিরাপদ গন্তব্যে পৌঁছানোই ছিল তার প্রতিদিনের দায়িত্ব। কিন্তু আজ আর পারলেন না। খুলনা মেডিকেলে নেয়ার পথেই থেমে গেল তার জীবনযাত্রা। তিনিই পরিবারের একমাত্র সন্তান। তার স্ত্রী অন্তঃসত্ত্বা।

শোকে স্তব্ধ হাসপাতাল

একসাথে চারটি মরদেহ, নিভে যাওয়া চারটি পরিবারের আলো, অচেতন দৃষ্টিতে শুয়ে থাকা আট বছরের শিশু সব মিলিয়ে শোকের আবহে ভারী খুলনা মেডিকেলের পরিবেশ। ডুমুরিয়ার বাগদারী, খরশন্ডা সাহস ও হাসপাতাল এলাকায় নেমে আসে শোকের ছায়া। স্বজনদের কান্নায় ভারাক্রান্ত হয়ে ওঠে চারদিক।

প্রত্যক্ষদর্শীরা জানান, আটজন যাত্রী নিয়ে ইজিবাইকটি ডুমুরিয়া বাজার থেকে খুলনা নগরীর দিকে যাচ্ছিল। ঝিলেরডাঙায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী পিকআপের সঙ্গে সংঘর্ষ হয়। মুহূর্তেই ইজিবাইক দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই দুই আরোহী নিহত হন। গুরুতর আহত অবস্থায় ছয়জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজন মারা যান। দুর্ঘটনার পর পিকআপ ভ্যানের চালক ও সহকারী পালিয়ে যান।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা জানান, সকাল সাড়ে ৮টার দিকে দুর্ঘটনাটি ঘটে। এ সময় খুলনা–সাতক্ষীরা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় চলাচল স্বাভাবিক করা হয়।