খুলনাঞ্চল রিপোর্ট
আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসনের সীমানা নিয়ে আপত্তি শুনানির প্রথম দিনই প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ও অন্য নির্বাচন কমিশনারের সামনে ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩ আসনের অংশগ্রহণকারীরা মারামারিতে জড়িয়েছেন।
রবিবার বেলা ১২টার দিকে আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে সিইসির সভাপতিত্বে শুনানি শুরু হয়। এ সময় দুই পক্ষ মারামারিতে জড়িয়ে পড়েন।
খসড়া প্রকাশের পর ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩ আসনের পক্ষে ও বিপক্ষে আবেদন জমা পড়ে। শুনানির একপর্যায়ে দুই পক্ষ উত্তেজিত হন এবং মারামারি শুরু করেন। পরে ইসি কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। শুনানি শেষ তাদের কক্ষ ত্যাগের অনুরোধ জানানো হয়।
সেখানে শুনানিতে অংশ নিয়ে বিএনপির সহআন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা ইসির প্রকাশিত খসড়ার পক্ষে নিজের যুক্তি তুলে ধরেন। এ ছাড়া খসড়ার বিপক্ষে নিজেদের অবস্থান তুলে ধরেন অন্যরা।
খসড়ার বিপক্ষে অংশ নেওয়া ব্যক্তিরা বলেন, বিজয়নগর উপজেলা থেকে তিনটি ইউনিয়ন (বুধস্তি, চান্দুয়া ও হরষপুর) ব্রাহ্মণবাড়িয়া-৩ থেকে বের করে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে যুক্ত করা হয়েছে। আমরা আমাদের উপজেলা অখণ্ড চাই। ওই সময় নির্বাচন ভবনের বাইরে শুরু হয় বিক্ষোভ। তখন বিক্ষোভকারীদের সেখান থেকে সরিয়ে দেয় পুলিশ।
সিইসি এ এম এম নাসির উদ্দিন সংবাদমাধ্যমকে বলেন, ‘আমরা পেশাদারির সঙ্গে নিরপেক্ষভাবে কাজ করার চেষ্টা করেছি। আইন অনুযায়ী খসড়া সীমানা নিয়ে দাবি আপত্তির সুযোগ দেওয়া হয়েছে। আপনাদের আবেদনগুলো আমরা বিবেচনায় নিয়েছি। এখন শুনানিতে যৌক্তিক বিষয়গুলো তুলে ধরবেন।’











































