স্পোর্টস ডেস্ক
বাংলাদেশের মেয়েরা শক্তিশালী দক্ষিণ কোরিয়ার বিপক্ষে বড় ব্যবধানে (৬–১) হারলেও থেমে থাকেনি। লাওসে অনুষ্ঠিত বাছাইপর্বে সাফল্যের সুবাদে নিশ্চিত হয়েছে এএফসি অনূর্ধ্ব–২০ নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা। আর এতে দারুণ খুশি কোচ পিটার জেমস বাটলার।
লাওস থেকে পাঠানো বার্তায় ইংলিশ এই কোচ জানান, বয়সভিত্তিক পর্যায়ে এ সাফল্য গুরুত্বপূর্ণ হলেও তার মূল লক্ষ্য জাতীয় নারী দলকে এগিয়ে নেওয়া।
বাটলার বলেন, ‘আমার মতে সবচেয়ে বড় বিষয় হলো, আমরা যেটা অর্জন করেছি। এই যাত্রা শুরু হয়েছিল চাইনিজ তাইপের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর সংযুক্ত আরব আমিরাতে পাওয়া জয়গুলো আমাদের আত্মবিশ্বাস দিয়েছে।’
এই ধারাবাহিক সাফল্যে বাংলাদেশের নারী দলের ফিফা র্যাঙ্কিংয়েও বড় উন্নতি হয়েছে। এক লাফে ২৪ ধাপ এগিয়ে বর্তমানে অবস্থান ১০৪ নম্বরে। বাটলারের লক্ষ্য এখন দলকে শীর্ষ ১০০–এর মধ্যে তুলে আনা।
তবে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে এগিয়ে যাওয়ার পরও আক্রমণাত্মক কৌশল অব্যাহত রাখা নিয়ে কিছু সমালোচনা উঠেছে। কোচ বাটলার জানিয়ে দিয়েছেন, তিনি কোনোভাবেই রক্ষণাত্মক ফুটবলে বিশ্বাস করেন না।
তিনি বলেন, ‘আমরা যদি পিছিয়ে গিয়ে রক্ষণে খেলতাম, তাহলে হয়তো কম ব্যবধানে হারতাম, কিন্তু এটা আমার ফুটবল দর্শন নয়। মেয়েরা যেভাবে লড়েছে, আমি গর্বিত। তারা প্রশংসা পাওয়ার যোগ্য।’
শেষে কোচ বাটলার বলেন, ‘এই র্যাঙ্কিং সহজেই বদলে যেতে পারে। তাই আমাদের আরও কঠোর পরিশ্রম করে এটিকে ধরে রাখতে হবে এবং আরও নিচে নামানোর চেষ্টা করতে হবে।’
বাংলাদেশ নারী দলের সাম্প্রতিক সাফল্য নতুন করে আশার আলো দেখাচ্ছে দেশের নারী ফুটবলে। এখন দেখার বিষয়, মূল পর্বে তারা কীভাবে নিজেদের মেলে ধরতে পারে।











































