স্পোর্টস ডেস্ক।।
অস্ট্রেলিয়ার ডারউইনের মারারা ওভালে আজ রবিবার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি খেলেছে স্বাগতিক দল ও দক্ষিণ আফ্রিকা। এর মাধ্যমে ১৭ বছর পর মাঠটিতে ফিরল আন্তর্জাতিক ক্রিকেট। ঐতিহাসিক এই ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১৭ রানে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।
প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৭৮ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। জবাব দিতে নেমে সবগুলো বল খেললেও ৯ উইকেট হারিয়ে ১৬১ রানের বেশি করতে পারেনি প্রোটিয়ারা। টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এটি অস্ট্রেলিয়ার টানা ষষ্ঠ জয়। আর সব দল মিলিয়ে টানা নবম জয়।
টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে আজ ভুতুরে ব্যাটিং শুরু করে অস্ট্রেলিয়া। পাওয়ার প্লের ৬ ওভারে ৭১ রান করে ফেললেও হারায় ৪ উইকেট। মিচেল মার্শ, ট্রাভিস হেড কিংবা জস ইংলিশ কেউই দাঁড়াতে পারেননি। ঝোড়ো ইনিংস (৩৫) খেললেও ১৩ বলের বেশি টিকতে পারেননি ক্যামেরন গ্রিন। পাওয়ার প্লের পরপর আউট হয়ে যান মিচেল ওয়েন আর গ্লেন ম্যাক্সওয়েলও। তাতে ৭৫ রানে ৬ উইকেট হারানো দলে পরিণত হয় অস্ট্রেলিয়া।
তবে এরপর বেন ডোয়ারসুইসকে (১৯ বলে ১৭) নিয়ে ৫৯ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দেন টিম ডেভিড। লেজের ব্যাটারদের নিয়েই দলের রান ১৭৮ পর্যন্ত নিয়ে যান ডেভিড। শেষ পর্যন্ত ৫২ বলে ৮৩ রান করে আউট হন তিনি। ৪টি চারের বিপরীতে হাঁকান দ্বিগুণ ছক্কা। প্রোটিয়াদের হয়ে ৪ ওভারে ২০ রান দিয়ে ৪ উইকেট শিকার করে সফল কিউয়ানা মাফাকা।
জবাব দিতে নেমে শুরু থেকেই অস্ট্রেলিয়ার নিয়ন্ত্রিত বোলিংয়ের কবলে পড়ে দক্ষিণ আফ্রিকা। এক পাশে রায়ান রিকেলটন ধরে রাখলেও বাকিরা ছিলেন ব্যর্থ। মাঝখানে ট্রিস্টান স্টাবস ২৭ বলে ৩৭ রানের ইনিংস খেলে কিছুটা আশা দেখিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত সফল হয়নি প্রোটিয়ারা। ৫৫ বলে ৭১ রান করে আউট হওয়া রিকেলটনের একার লড়াই ব্যর্থ হয়। ৪ ওভারে মাত্র ২৭ রান দিয়ে ৩ উইকেট নেন জশ হ্যাজলউড।











































