ঢাকা অফিস।।
আলোচিত মডেল ও অভিনেত্রী সুপ্রভা মাহবুব বিনতে সানাই মাহবুব। তিনি তার স্বামী আবু সালেহ মুসার বিরুদ্ধে যৌতুকের দাবি, শারীরিক-মানসিক নির্যাতন এবং জোর করে দেহব্যবসায় নামানোর চেষ্টার অভিযোগে মামলা করেছেন। গতকাল ঢাকার মহানগর হাকিম মাহবুবুর রহমানের আদালতে মামলাটি দায়ের করা হয়। সানাইয়ের আইনজীবী মিঠুন সাহা বলেন, ২২ লাখ টাকা যৌতুকের অভিযোগ এনে স্বামীর বিরুদ্ধে সানাই মাহবুব আদালতে মামলা করেছেন। টাকার জন্য তার স্বামী তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করত। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আসামিকে আদালতে হাজির হতে সমন জারি করেছেন।
এছাড়া মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২২ সালের ২৭ মে আবু সালেহ মুসাকে বিয়ে করেন সানাই। বিয়ের সময় সানাইয়ের পরিবারের পক্ষ থেকে বিভিন্ন আসবাবপত্র এবং ১৫ ভরি স্বর্ণ দেওয়া হয়, যা আসামির বাসায় রয়েছে। চাকরির পাশাপাশি ব্যবসা করবে জানিয়ে সানাইকে তার পরিবারের কাছ থেকে টাকা এনে দিতে বলেন মুসা। সানাই নিজের জমানো ১২ লাখ এবং বাবার কাছ থেকে ৭ লাখ সর্বমোট ১৯ লাখ টাকা এনে দেন। কিন্তু মুসা ওই টাকা নষ্ট করে ফেলেন। এছাড়া ব্যক্তিগত ঋণ পরিশোধের জন্য স্ত্রীকে দেহব্যবসায় নামানোর জোর চেষ্টা করেন মুসা। পুনরায় মুসা সানাইয়ের কাছে ২২ লাখ টাকা যৌতুক দাবি করেন। তবে তা দিতে অস্বীকৃতি জানালে তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন করেন।
আবার গত বছরের ১৫ সেপ্টেম্বর আসামি বাদীকে শারীরিক ও মানসিক নির্যাতন করে বাসা থেকে বের হয়ে যান। দাবি করা ২২ লাখ টাকা না দিলে সংসার করবে না বলেও জানান। মোটা অংকের টাকা নিয়ে অন্যত্র বিয়ে করার হুমকিও দেন। এছাড়া সানাইয়ের পরিবার তাকে বুঝানোর চেষ্টা করেন এবং সশরীরে এসে কথা বলার জন্য বলেন। কথাবার্তার একপর্যায়ে পুনরায় ২২ লাখ টাকা যৌতুক দাবি করেন তিনি। তবে সানাইয়ের পরিবার যৌতুক দিতে অস্বীকৃতি জানায়। এ কথা শুনে মুসা ক্ষিপ্ত হয়ে সংসার করবে না জানিয়ে দিয়ে বাসা থেকে বের হয়ে যান।











































