Home খেলাধুলা ভেসলিন লাগিয়ে ওভালে জিতেছে ভারত

ভেসলিন লাগিয়ে ওভালে জিতেছে ভারত

11


স্পোর্টস ডেস্ক।।

ইংল্যান্ডের বিপক্ষে ওভালে শেষ ও পঞ্চম টেস্টে নাটকীয় এক জয়ের মাধ্যমে সিরিজ ড্র করেছে ভারত। দুর্দান্ত বোলিং করেছেন ভারতের দুই পেসার মোহাম্মদ সিরাজ ও প্রসিধ কৃষ্ণা। তবে পাকিস্তানের সাবেক পেসার সাব্বির আহমেদ এই দুজনের আগুনে বোলিংয়ের নেপথ্য কারণ হিসেবে এক বিস্ফোরক দাবি করে বসেছেন। তিনি মনে করেন, বলের উজ্জ্বলতা ধরে রাখতে ভেসলিন ব্যবহার করেছেন তারা।

ওভালে ৩৭৪ রানের রেকর্ড লক্ষ্য তাড়া করতে নেমে এক পর্যায়ে জয়ের কক্ষপথেই ছিল ইংল্যান্ড। শেষ দিনে ৪ উইকেট হাতে রেখে মাত্র ৩৫ রান দরকার ছিল স্বাগতিকদের। তবে সিরাজ ও কৃষ্ণার তোপে ৮৫.১ ওভারে ৩৬৭ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ড।

শেষ দিন সকালে মাত্র ৮ ওভার ৫ বল টিকেছেন ইংলিশ ব্যাটাররা। এই সময়ে দুইটি করে উইকেট নিয়েছেন সিরাজ ও কৃষ্ণা। এদিন নতুন বল নেওয়ার সুযোগ থাকলেও নেননি তারা। দ্বিতীয় ইনিংসে ১০৪ রানে ৫ উইকেট নেন পেসার সিরাজ ও ১২৬ রানে ৪ উইকেট নেন আরেক পেসার কৃঞ্চা।

সাব্বিরের দাবি, বলের উজ্জ্বলতা ধরে রাখতে ভেসলিন ব্যবহার করেছেন ভারতের পেসাররা। এ কারণেই অতিরিক্ত সুবিধা পেয়েছেন তারা। তিনি মনে করেন, পেট্রোলিয়াম জেলি লাল বলে ব্যবহার করলে তা ‘৮০‍+ওভার’ পরও নতুনের মতো লাগে।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের এক্স একাউন্টে ৪৯ বছর বয়সী সাব্বির লিখেছেন, ‘আমার মনে হয় ভারত ভেসলিন ব্যবহার করেছে। ৮০‍+ ওভার পরও বল নতুনের মতো চকচক করছিল। আম্পায়ারদের উচিত এই বল ল্যাবে পরীক্ষা করা।’

প্রসঙ্গত, পাকিস্তানের হয়ে ১০টি টেস্ট ও ৩২ ওয়ানডে খেলেছেন সাব্বির। যদিও তাতে খুব একটা সফল হননি তিনি। টেস্টে নিয়েছেন ৫১ উইকেট, ৩২ ওয়ানডেতে ৩৩ উইকেট। একটি টি-টোয়েন্টি খেলে ছিলেন উইকেটশূন্য। ১৯৯৯ সালে টরেন্টোয় ওয়ানডে ম্যাচে পাকিস্তানের হয়ে অভিষেক হওয়া এই ক্রিকেটার পাকিস্তানের হয়ে সবশেষ খেলেন ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি–টোয়েন্টি ম্যাচে।