সৈয়দ রানা কবীর।।
খুলনা সেন্ট্রাল স্টোরেজ ডিপো (সিএসডি) এই সিএসডিতে নিম্নমান খাওয়ার অযোগ্য বিপুল পরিমাণ খাদ্যশস্য মজুদ থাকার অভিযোগ রয়েছে । বর্তমানে সিএসডিতে প্রায় দেড়শ টন চাল ও গম ঘাটতি রয়েছে। অভিযোগ উঠেছে, বিগত সরকারের সুবিধাভোগী সিএসডির ব্যবস্থাপক এইচ এম কামরুজ্জামান, খাদ্য পরিদর্শক অচীন কুমার দাসসহ কয়েকজন মিলে চাল-গম পাল্টানো ও কালোবাজারি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। গেল ১৬ জুলাই খুলনা সিএসডি থেকে একটি পচা গমের চালান ঝিনাইদহ সদরে গেলে ঘটনাটি ফাঁস হয়ে যায়। এ নিয়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।
একাধিক খাদ্য কর্মকর্তা ও কয়েকজন ওএমএস ডিলার সুত্রে জানাগেছে, খুলনা সিএসডির থেকে ১৬ জুলাই ৪টি ভি-ইনভয়েসের মাধ্যমে পচাঁ ও নিম্নমানের গম ঝিনাইদহ সদর উপজেলা খাদ্য গুদামে (সদর এলএসডি) পাঠানো হয়। ২৪ জুলাই ভোরে ঝিনাইদহ সদর সরকারী খাদ্য গুদামের (সদর এলএসডি) গেটে ৪টি ট্রাকে ৬৬টন পঁচা গম নিয়ে প্রবেশ করে। প্রথম জেটি-১১-১৮২৪ নম্বর ট্রাকে ২৯৫ বস্তা যার নীট ওজন ১৬.৮৭০ টন, দ্বিতীয় জেটি- ১১-১২৯৬ নম্বর ট্রাকে ২৯৬ বস্তা যার নীট ওজন ১৬.৭৭৯ টন, তৃতীয় ডিএমটি-২৪-৩৭৭৯ নস্বর ট্রাকে ২৮৮ বস্তা যার নীট ওজন ১৬.৫৯০টন, চতুর্থ আরজেএমটি-১১-০৩৮১ ট্রাক নম্বরে ৩০০ বস্তা যার নীট ওজন ১৬.৬৮৬টন। প্রতিটি ভি-ইনভয়েসে লেখা ছিলো পণ্যের নাম লাল গম ও গুনগত মান ডিএসডি-থ্রি। প্রতিটি ভি-ইনভয়েসে খুলনা সিএসডির তল্লাসি ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তার স্বাক্ষর ছিলো। কিন্তু গমের ভি-ইনভয়েস দেখে ঝিনাইদহ সদর উপজেলা খাদ্য পরিদর্শক জাহাঙ্গীর হোসেন পণ্যের মান বুঝে নিতে গিয়ে দেখেন তা অত্যন্ত নিম্নমানের; পঁচা। তখন ট্রাকগুলো আনলোড না করে ফেরত পাঠানোর চেষ্টা করেন। ঠিকাদারের মাধ্যমে খবর পেয়ে কামরুজ্জামান তদবীর করে খুলনার বিভাগীয় খাদ্য নিয়ন্ত্রকের কার্যলয় থেকে একটি পরিদর্শক টিম ঝিনাইদহে পাঠান।
ওই টিমের সদস্যরা নিম্নমানের পঁচা গম ঝিনাইদহ খাদ্য গুদামে রাখার চাপ দিলে ঝিনাইদহ সদরের খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত গুদাম রক্ষক কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন তা গুদামজাত করতে বাধ্য হন। ওই ঘটনা জানাজানি হলে দুর্নীতি দমন কমিশন ঝিনাইদহ সদর খাদ্য গুদামে অভিযান চালায়। কিন্তু ধরাছোঁয়ার বাইরে রয়েছেন মুলহোতা সিএসডির ম্যানেজার কামরুজ্জামান। বর্তমানে সিএসডিতে খাবার অযোগ্য নষ্ট গম ছাড়াও প্রায় ৫০ টন গমের ঘাটতি আছে। এছাড়া সিএসডিতে ১০০ টনের বেশি চাল সংকট রয়েছে। খুলনা সিএসডিতে নষ্ট পচা গম মজুদ থাকার বিষয়টি দুর্নীতি দমন কমিশন জানতে পেরেছে।
খাদ্য দপ্তরের সূত্র জানায়, খুলনা সিএসডির ম্যানেজার এইচ এম কামরুজ্জামানের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। বিগত আওয়ামী লীগ রাজনীতিতে সক্রিয় থাকায় তার ভাগ্য খুলে যায়। কামরুজ্জামানের গ্রামের বাড়ি বাগেরহাটের শরণখোলা উপজেলায়। তার বাবা ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। পিতার সুত্র ধরেই কামরুজ্জামান আওয়ামী লীগ রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন। তিনি ছাত্রলীগের কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক ছিলেন। রাজনৈতিক ক্ষমতার দাপটে খাদ্য পরিদর্শক হিসেবে চাকরিতে যোগদান করেন। তখন কামরুজ্জামান ছাড়াও তার বোন ও ভাগ্নে একইভাবে ফ্যাসিস্ট কোটায় খাদ্য অধিদপ্তরে চাকরি ভাগিয়ে নেন। চাকরিতে যোগদান করে কামরুজ্জামান অনৈতিকভাবে লাখ লাখ টাকা হাতিয়ে নেন। কিন্তু ফ্যাসিস্ট সরকার পালিয়ে গেলেও এখনো খুলনা সিএসডিতে কর্মরত ব্যবস্থাপক কামরুজ্জামানের দুর্নীতি ও অনিয়ম বন্ধ হয়নি। সিএসডিতে মাল নিয়ে গেলে প্রতিটি ট্রাক বাবদ তাকে ১০ হাজার টাকা ঘুষ দিতে হয়। ওই টাকা না দিলে খাদ্যশস্যের গুণগত মান খারাপসহ বিভিন্ন অজুহাত দেখানো হয়। ভোগান্তি এড়াতে বিভিন্ন জেলা ও উপজেলার ওসিএলএসডিরা উৎকোচ দিতে বাধ্য হচ্ছেন।
নাম প্রকাশ না করার শর্তে, সরকারের খাদ্যশস্যের গুণগত মান নিশ্চিত করা, সংরক্ষণ ও বিতরণ করা হচ্ছে সিএসডির ম্যানেজারের প্রধান কাজ। কিন্তু কামরুজ্জামান নিজেই রক্ষক হয়ে ভক্ষকের ভূমিকা পালন করছেন। ভালোমানের গুণগত সম্পন্ন মাল গ্রহণ করে ওই মাল কালোবাজারে বিক্রি করে দেন। বিশেষ করে বিভিন্ন ফ্লাওয়ার মিল মালিকদের কাছ থেকে অনৈতিক সুবিধা নিয়ে উন্নত গম বের করে দেন। এছাড়া পরিবর্তনও করে নেন। বর্তমান সিএসডির স্টকে থাকা সরকারি বস্তাগুলো খুবই নিম্নমানের। একেবারে পাতলা ফিরফিরে বস্তা। অভিযোগ রয়েছে, এসব বস্তা মোটা অংকের টাকার বিনিময়ে কামরুজ্জামান গ্রহণ করেছেন।
সুত্র বলছে, খুলনা সিএসডিতে কোয়ালিটি যাচাইয়ের দায়িত্ব থাকা খাদ্য পরিদর্শক অচীন কুমার দাস বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য মীর শওকাত আলী বাদশার এপিএস ছিলেন। ১৫ জুলাই খাদ্য পরিদর্শক অচীন কুমার দাসের দুই কোটি টাকার সম্পদ ক্রোকের নির্দেশ দিয়েছে আদালত। দুর্নীতি দমন কমিশনের তদন্তে তার বিরুদ্ধে অভিযোগে সত্যতা প্রমাণিত হওয়ার তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেয়া হয়। কিন্তু তারপরও তিনি খুলনা সিএসডিতে কর্মরত রয়েছেন। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট অধিদপ্তর থেকে কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
এতে ক্ষোভ বাড়ছে সংশ্লিষ্ট বিভাগের খাদ্য কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে। তারা অবিলম্বে কামরুজ্জামান ও অচীন কুমার দাসের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য খাদ্য অধিদপ্তের হস্তক্ষেপ কামনা করেছেন ।
বর্তমানে খুলনা কেন্দ্রীয় খাদ্য গুদাম ১৩ হাজার মেট্রিকটন চাল ও পাঁচ হাজার মেট্রিকটন গম মজুদ রয়েছে বলে একটি নির্ভরযোগ্য সুত্র জানিয়েছে।
এ ব্যাপারে খুলনা সিএসডির ম্যানেজার এইচ এম কামরুজ্জামান বলেন ঝিনাইদহ খাদ্য গুদাম ইনচার্জ তার নামে যে অভিযোগ করেন তা সঠিক নয়। তবে সেখানে পঁচা গম পাওয়া গেছে বলে তিনি স্বীকার করেন। কিন্তু ঝিনাইদহ এলএসডির ইনচার্জকে কোন চাপ দেননি।
তবে ঝিনাইদহ এলএসডির ইনচার্জ জানান, জাহাঙ্গীর হোসেন দুদক ও গণমাধ্যম কর্মীদের বলেন, তাকে খুলনা কেন্দ্রীয় খাদ্য গুদামের ম্যানেজার এইচ এম কামরুজ্জামান ফোন করে পন্য গুদামজাত করতে নির্দেশ দেন। তিনি অস্বীকৃতি জানালে পরে সরেজমিনে অন্য কর্মকর্তাদের পাঠিয়ে খাওয়ার অনুপযোগী গম ও চাল গুদামজাত করতে বাধ্য করেছেন।











































