Home খেলাধুলা মাঠকর্মীদের সঙ্গে আঙুল উঁচিয়ে বাগবিতণ্ডায় গম্ভীর

মাঠকর্মীদের সঙ্গে আঙুল উঁচিয়ে বাগবিতণ্ডায় গম্ভীর

13


স্পোর্টস ডেস্ক।।

ইংল্যান্ড-ভারত টেস্ট সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচের আগে উত্তাপ আরও বাড়িয়ে দিল এক অপ্রত্যাশিত ঘটনা। ভারতের হেড কোচ গৌতম গম্ভীর জড়িয়ে পড়েছেন মাঠকর্মীদের সঙ্গে বাগবিতণ্ডায়, যা নিয়ে এখন আলোচনা তুঙ্গে। ওভাল টেস্ট শুরু হতে বাকি মাত্র দুই দিন, তার আগেই এমন ঘটনায় বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন এই সাবেক ওপেনার।

মঙ্গলবার ওভালে ভারতের প্রথম অনুশীলনের দিনেই ঘটেছে এ ঘটনা। মাঠে পৌঁছেই মাঠকর্মীদের ব্যবস্থাপনায় অসন্তুষ্ট হন গম্ভীর। প্রাথমিকভাবে কথাবার্তা বিনিময়ের মধ্যেই বিষয়টি তর্কে গড়ায়। একপর্যায়ে রেগে গিয়ে গম্ভীর আঙুল উঁচিয়ে উচ্চস্বরে বলতে থাকেন, `আমাদের কী করতে হবে, সেটা আপনারা বলতে পারেন না।‘ এ সময় পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন ভারতের অন্য কোচরা, বিশেষ করে সীতাংশু কোটাক। গম্ভীরকে সরিয়ে নিয়ে যান তারা।

ঘটনার জেরে ওভালের মাঠকর্মীরা গম্ভীরের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়েরের হুমকি দিয়েছেন। তাতেও নরম হননি গম্ভীর। উত্তেজিত কণ্ঠেই ফের বলেন, `আপনারা যা খুশি করতে পারেন। কিন্তু আমাদের নির্দেশ দেওয়ার অধিকার আপনাদের নেই।‘

গম্ভীর ঠিক কী বিষয় নিয়ে এতটা ক্ষুব্ধ হয়েছেন, তা স্পষ্ট নয়। ধারণা করা হচ্ছে, মাঠকর্মীরা অনুশীলন বা মাঠ ব্যবস্থাপনা সংক্রান্ত কোনো নির্দেশ দিতে চেয়েছিলেন, যেটি পছন্দ হয়নি ভারতের কোচের।

এই সিরিজ শুরুর পর থেকেই মাঠের ভেতরে ও বাইরে উত্তেজনা বাড়ছিল। লর্ডসে তৃতীয় টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে সময় নষ্টের অভিযোগ তো ছিলই, এরপর চতুর্থ টেস্টে স্টোকসের ড্রয়ের প্রস্তাব ফিরিয়ে দেয় ভারত, যা নিয়ে আবারও উত্তাপ ছড়ায়। তবে এসব ঘটনা মাঠে খেলার সময় ঘটে। এবার খেলা শুরু হওয়ার আগেই ঘটল বড় বিতর্ক।

গৌতম গম্ভীরের আগের ইতিহাসেও দেখা গেছে, মেজাজ হারিয়ে মাঠে উত্তপ্ত বাক্য বিনিময় করেছেন তিনি। পাকিস্তানের আফ্রিদি ও আকমলের সঙ্গে খেলোয়াড় জীবনে সংঘাত, আর আইপিএলে কোহলির সঙ্গে লড়াইয়ের স্মৃতি এখনও তাজা। এবার ভারতের জাতীয় দলের কোচ হয়েও মাঠকর্মীদের সঙ্গে প্রকাশ্যে বিতণ্ডায় জড়ালেন তিনি।