খুলনাঞ্চল রিপোর্ট
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনার পর ওই যুবকের মা-বাবা থানায় এসে আত্মসমর্পণ করেছেন। মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ভরপাশা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হাসান গাজী (২০) ভরপাশা এলাকার জাফর গাজী (৪৮) এবং নাজমা বেগমের (৪০) একমাত্র ছেলে।
প্রতিবেশী সুরুজ, স্বজন ও শাহজাহান জানান, জাফর ও নাজমার দুই মেয়ে ও এক ছেলে। মেয়েদের বিয়ে হয়েছে। ছেলেটি মাদকাসক্ত। নেশার টাকার জন্য মা-বাবাকে প্রায়ই মারধর করত।
তারা বলেন, ‘মঙ্গলবার দুপুরে ৫ হাজার টাকার জন্য ঘরে ভাঙচুর করে বাবা জাফর গাজীকে মারধর শুরু করেন হাসান। তখন নাজমা এগিয়ে গেলে তাকেও মারধর করা হয়। একপর্যায়ে মা-বাবা মিলে ছেলেকে একটি পাইপ দিয়ে মারধর করেন। এতে ঘটনাস্থলেই ছেলে হাসান মারা যান। পরে স্বামী-স্ত্রী দুজন থানায় গিয়ে আত্মসমর্পণ করেন।’
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ‘মঙ্গলবার বিকেল ৪টার দিকে জাফর গাজী ও তার স্ত্রী নাজমা বেগম থানায় এসে জানান, তারা ছেলেকে পিটিয়ে মেরে ফেলেছেন।’
লাশ সন্ধ্যায় ময়নাতদন্তের জন্য বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা হবে বলে জানান ওসি।











































