খুলনাঞ্চল রিপোর্ট
নিম্নচাপ কাটলেও বঙ্গোপসাগর এখনো উত্তাল। কক্সবাজারের টেকনাফ উপকূলে সেন্ট মার্টিন দ্বীপে প্রবল জোয়ারের ঢেউ আছড়ে পড়ছে। জোয়ারের তীব্রতায় দ্বীপের অনেক গাছ উপড়ে গেছে। পাশাপাশি সৈকতের আশপাশে অবস্থিত ১১টি হোটেল ও রিসোর্ট ক্ষতির মুখে পড়েছে।
কোথাও সীমানাপ্রাচীর ভেঙেছে, কোথাও আঙিনা বিধ্বস্ত হয়েছে, আবার কোথাও ভবনেরই একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে সমুদ্রের ঢেউয়ের আঘাতে।
সোমবার (২৮ জুলাই) দুপুরে সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে ১-৩ ফুট বেশি উচ্চতায় প্রবাহিত হওয়ায় সেন্ট মার্টিন দ্বীপের বিভিন্ন অংশের গাছপালা ও হোটেল রিসোর্টের প্রতিরক্ষার দেয়াল ও কক্ষ ভেঙে পড়েছে। দ্বীপের বিভিন্ন স্থান দিয়ে লোকালয়ে জোয়ারের লবণাক্ত পানি প্রবেশ করেছে। এমন ভাঙন এর আগে দেখেনি দ্বীপবাসী। ঢেউয়ের আঘাতে ১১টির মতো হোটেল-রিসোর্ট ক্ষতিগ্রস্ত হয়েছে।
সেন্ট মার্টিনের জনপ্রতিনিধি ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত তিন দিনে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও অমাবস্যার প্রভাবে বড় বড় ঢেউ দ্বীপের সৈকতে আঘাত হেনেছে। হোটেল-মোটেল ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি এতে বহু গাছ উপড়ে পড়েছে।
ক্ষতির শিকার হোটেল-রিসোর্টগুলো হলো হোটেল অবকাশ, নোনাজল বিচ রিসোর্ট, আটলান্টিক রিসোর্ট, বিচ ক্যাম্প রিসোর্ট, নীল হাওয়া বিচ রিসোর্ট, শান্তিনিকেতন বিচ রিসোর্ট, মেরিন বিচ রিসোর্ট, পাখি বাবা রিসোর্ট, সি-ভিউ রিসোর্ট, ড্রিমার্স প্যারাডাইস রিসোর্ট ও সানডে বিচ রিসোর্ট।
সেন্ট মার্টিন উত্তর সৈকতের ড্রিমার্স প্যারাডাইসের ব্যবস্থাপনা পরিচালক রাকিবুল ইসলাম বলেন, ‘আমাদের হোটেলের প্রতিরক্ষা দেয়ালের পাশাপাশি কর্মচারীদের রেস্টহাউসের টিনশেড ভবনের কক্ষ জোয়ারের ঢেউয়ের ধাক্কায় ভেঙে গেছে। শুধু তা-ই নয়, উত্তর ও পশ্চিম সৈকতে আরো কয়েকটি হোটেল-রিসোর্টের প্রতিরক্ষা দেয়াল ক্ষতিগ্রস্ত হয়েছে।’
প্রতিবেশ সংকটাপন্ন এলাকা হলেও সেন্ট মার্টিনে আইন অমান্য করে বহু হোটেল-রিসোর্ট গড়ে উঠেছে বলে পরিবেশবিদরা জানিয়েছেন। জানা গেছে, ১৯৯৯ সালে সেন্ট মার্টিন দ্বীপকে সরকার প্রতিবেশ সংকটাপন্ন এলাকা (ইসিএ) ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে। দেশের প্রচলিত আইন অমান্য করে এই ইসিএ এলাকায় শুধু আবাসিক হোটেল নির্মিত হয়েছে দুই শর ওপরে। এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে আদালত আদেশ দিলেও কার্যকর করা হয়নি।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, ‘সেন্ট মার্টিনে জোয়ারের পানির আঘাতে বেশ কয়েকটি হোটেল-রিসোর্ট ক্ষতিগ্রস্ত হয়েছে বলে শুনেছি। বিষয়টি আমরা দেখছি এবং স্থানীয় চেয়ারম্যানসহ জনপ্রতিনিধিদের মাধ্যমে আরো খোঁজখবর নেওয়া হচ্ছে।’











































