স্পোর্টস ডেস্ক।।
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে আগামী পরশু। এ উপলক্ষে অলিম্পিক ডিসিপ্লিনের ২৪টি ফেডারেশন থেকে ২ জন করে এবং নন-অলিম্পিক ৩ ফেডারেশন থেকে ১ জন করে প্রতিনিধি পাঠানো হয়েছে। তবে ব্যতিক্রম বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে), যারা এখনো কাউন্সিলরের নাম দেয়নি।
বিওএ প্রকাশিত তালিকায় বাফুফের পাশে রয়েছে শূন্য ঘর। বিষয়টি নিয়ে বিওএর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এবিএম শেফাউল কবীর জানিয়েছেন, বাফুফে সিদ্ধান্ত নিলে বিওএ তা গ্রহণ করবে।
বিওএর নিয়ম অনুযায়ী, নির্বাহী কমিটির সভায় সিদ্ধান্ত নিয়েই কাউন্সিলরের নাম পাঠাতে হয়। কিন্তু বাফুফে সম্প্রতি এমন কোনো সভা আয়োজন করেনি এবং প্রতিনিধিও দিতে আগ্রহী নয় বলে জানা গেছে। তারা শুধু নির্বাচনের সময় কাউন্সিলর পাঠানোর পরিকল্পনায় আছে।
এদিকে, ২০২৮ অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্ত হওয়ায় এবার বিসিবি পেয়েছে দু’টি কাউন্সিলরশিপ। প্রতিনিধিত্ব করছেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সহ-সভাপতি নাজমুল আবেদীন ফাহিম।
ঢাকা, সিলেট ও ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থা কাউন্সিলরের নাম পাঠালেও বাকি পাঁচ বিভাগ থেকে কোনো নাম আসেনি।
এবার মোট ৮২ জন কাউন্সিলরের তালিকায় আছেন স্প্রিন্টার শিরিন আক্তার ও শুটার আব্দুল্লাহ হেল বাকী, অ্যাথলেট কমিশন থেকে ফরহাদ জেসমিন লিটি ও গলফার সিদ্দিকুর রহমান।
বিওএ সভাপতির কোটায় কাউন্সিলর হয়েছেন অঞ্জন চৌধুরি পিন্টু, ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সানাউল হক (অব.), জোবায়েদুর রহমান ও মেজর ইমরোজ আহমেদ (অব.)। পেট্রোন কোটায় আছেন কাজী রাজিব উদ্দিন চপল, জোবেরা রহমান লিনু, সাখওয়াত হোসেন ও মোখলেসুর রহমান।
ইমিডিয়েট পাস্ট সেক্রেটারি জেনারেল হিসেবে এবার কাউন্সিলর হয়েছেন সাবেক মহাসচিব কুতুবউদ্দিন আহমেদ, যিনি সৈয়দ শাহেদ রেজার পূর্বসূরি।











































