স্পোর্টস ডেস্ক
ভারতের বিপক্ষে ওভালে অনুষ্ঠেয় পঞ্চম ও শেষ টেস্টের জন্য স্কোয়াডে ফাস্ট বোলিং অলরাউন্ডার জেমি ওভারটনকে যুক্ত করেছে ইংল্যান্ড। চতুর্থ টেস্টে দীর্ঘ সময় ফিল্ডিংয়ের কারণে বোলাররা ক্লান্ত হয়ে পড়ায় পেস আক্রমণে বাড়তি গভীরতা আনতেই এই সিদ্ধান্ত।
চতুর্থ টেস্টে চোটের সঙ্গে লড়াই করা অধিনায়ক বেন স্টোকস জানিয়েছেন, ওভালে খেলার সম্ভাবনা তার অনেকটাই বেশি। ক্রিস ওকস ও ব্রাইডন কার্স সিরিজের সব টেস্টে খেলেছেন, আর জোফরা আর্চার ফিরেছেন চার বছর পর। ফলে ফ্রেশ পেসার দরকার ইংল্যান্ডের।
ওভারটনের সঙ্গে স্কোয়াডে আছেন গাস অ্যাটকিনসন ও জশ টাং। তিনজনেরই একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে ওভারটন ও অ্যাটকিনসনের ম্যাচ প্রস্তুতি নিয়ে কিছুটা সংশয় রয়েছে।
একটি মাত্র টেস্ট খেলা ওভারটন মে মাসে আঙুলে চোট পেয়েছিলেন, এরপর খেলেছেন মাত্র একটি ফার্স্ট ক্লাস ম্যাচ। অন্যদিকে, অ্যাটকিনসন ২০২৪ সালে ৫২ উইকেট নিলেও এই গ্রীষ্মে ইনজুরিতে ভুগছেন এবং প্রায় দুই মাস ফার্স্ট ক্লাস ম্যাচের বাইরে।
জশ টাং সিরিজের প্রথম দুই টেস্টে ১১ উইকেট নিয়েছেন এবং পুরো সিরিজজুড়ে স্কোয়াডে থাকলেও সম্প্রতি কাউন্টি ম্যাচে অংশ নিয়েছেন ম্যাচ ফিটনেস ফেরাতে।
ইংল্যান্ড সিরিজ জিততে ও ওভালে হার এড়াতে বদ্ধপরিকর, আর সে লক্ষ্যেই স্কোয়াডে এই পরিবর্তন। বর্তমানে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে ইংল্যান্ড।
ইংল্যান্ডের পঞ্চম টেস্টের স্কোয়াড: বেন স্টোকস (অধিনায়ক), জফরা আর্চার, গাস অ্যাটকিনসন, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, জ্যাক ক্রলি, লিয়াম ডসন, বেন ডাকেট, জেমি ওভারটন, ওলি পোপ, জো রুট, জেমি স্মিথ, জোশ টাং ও ক্রিস ওকস।











































