গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জ জেলা কারাগার থেকে জেলের সরকারি বিভিন্ন ধরনের সরঞ্জাম চুরির অভিযোগে এক কারারক্ষীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। উক্ত আসামী গোপালগঞ্জ জেলা কারাগারের হাতকড়াসহ বিভিন্ন সরঞ্জাম চুরি করে তার বাসায় রেখেছিল। অভিযুক্ত কারারক্ষী হলেন আরিফ চৌধুরী (২৮)। তিনি গোপালগঞ্জ জেলা কারাগারে কারারক্ষী হিসেবে কর্মরত ছিলেন। শনিবার দিবাগত রাতে জেলা কারাগারের সহকারী জেলার সুমি ঘোষ বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় একটি চুরির মামলা দায়ের করেন।
অভিযোগ পাওয়ার পরেই গোপালগঞ্জ জেলা পুলিশ অভিযানে নামে। মামলা দায়েরের দিন রাতেই গোপালগঞ্জ শহরের ইসলামপাড়ার একটি ভাড়া বাসা থেকে আরিফকে গ্রেপ্তার করে গোপালগঞ্জ থানা পুলিশ। এ সময় তার কাছে আট জোড়া হাতকড়া (হ্যান্ডকাফ), কারারক্ষীদের ছয় জোড়া কাঁধের ব্যাজ, আটটি মনোগ্রাম, জ্যাকেটসহ অন্তত ১০ ধরনের সরঞ্জাম উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত কারারক্ষী আরিফ চৌধুরী টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গাড়াবাড়ি গ্রামের স্বপন চৌধুরীর ছেলে। আজ রোববার বিকালে তাকে আদালতে হাজির করলে আদালতের নির্দেশক্রমে তাকে গোপালগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মামলার বিবরণ থেকে জানা গেছে, ১৬ জুলাই ভোররাতে গোপালগঞ্জ জেলা কারাগারের কারারক্ষী আরিফ চৌধুরী কারাগারের ওই সব সরঞ্জাম চুরি করেন। সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে কারাগার কর্তৃপক্ষ চুরির বিষয়টি নিশ্চিত হয়। ঘটনা নিশ্চিত হবার পরে কর্তৃপক্ষ গোপালগঞ্জ সদর থানার পুলিশকে শরীর বিষয়টি অবহিত করে। এবং থানায় একটি মামলা দায়ের করে।
কারারক্ষী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) নয়ন কুমার সাহা বলেন, কারারক্ষী আরিফকে আসামি করে কারা কর্তৃপক্ষ গোপালগঞ্জ সদর থানায় একটি চুরির মামলা করেছে। উক্ত অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করে থানায় এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই কারারক্ষী সরঞ্জাম চুরির কথা স্বীকার করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বিকালে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।










































