Home জাতীয় সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কমিশন গঠন করে প্রজ্ঞাপন

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কমিশন গঠন করে প্রজ্ঞাপন

6


ঢাকা অফিস
সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও অর্থলগ্নি প্রতিষ্ঠান, সরকারি মঞ্জুরিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় এবং রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণে ‘জাতীয় বেতন কমিশন, ২০২৫’ গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানকে কমিশনের সভাপতি করে রবিবার (২৭ জুলাই) এ প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা ১৫-এ দেওয়া ক্ষমতাবলে জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত প্রজাতন্ত্রের সব শ্রেণির কর্মকর্তা-কর্মচারীদের জন্য জাতীয় বেতন কমিশন, ২০২৫ গঠন করা হয়েছে।
এতে আরো বলা হয়, সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানকে সভাপতি করে সাবেক সচিব ড. মোহাম্মদ আলী খান, সাবেক হিসাব মহানিয়ন্ত্রক মো. মোসলেম উদ্দীন এবং সাবেক রাষ্ট্রদূত মো. ফজলুল করিমকে কমিশনের পূর্ণকালীন সদস্য করা হয়েছে।
কমিশনের সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন সরকারের একজন সচিব অথবা অতিরিক্ত সচিব, যিনি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে নিয়োগপ্রাপ্ত হবেন। কমিশন প্রয়োজনে খণ্ডকালীন সদস্য কো-অপ্ট করতে পারবেন।
এর আগে গত ২৪ জুলাই প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, অন্তর্র্বতী সরকারের উপদেষ্টা পরিষদের সভায় বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত হয়।
সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।