Home আঞ্চলিক নগরীতে নিষিদ্ধ ছাত্রলীগের ধারালো অস্ত্রঘাতে ৭ শিক্ষার্থী আহত: আজ বিক্ষোভ

নগরীতে নিষিদ্ধ ছাত্রলীগের ধারালো অস্ত্রঘাতে ৭ শিক্ষার্থী আহত: আজ বিক্ষোভ

541

স্টাফ রিপোর্টার
খুলনা নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের সাত শিক্ষার্থীকে নিষিদ্ধ ছাত্রলীগের ১০/ ১২ জন অস্ত্রধারী সন্ত্রাসীরা ছুরিকাঘাত ও কুপিয়ে জখম করেছে। তিনজনের অবস্থা গুরুতর বলে জানাগেছে। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ (শনিবার) বেলা ১১ টায় এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসুচি ঘোষণা করেছে শিক্ষার্থীরা।
ভুক্তভোগী ও স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চিহ্নিত রাজিবুল, গাজী মিজানুর রহমান সবুজ ও ইমন ঢালির নেতৃত্বে ১০/১২ জন সন্ত্রাসী অতর্কিত ভাবে হামলা চালায় নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর। এতে করে ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী ও খুলনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিব শেখ তাশিক আহমেদ, সফটওয়্যার ইন্জিনিয়ার ও সাবেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শেখ ইশমাম আহমেদ গুরুতর জখম হয়েছে। এ ছাড়াও আরো চার শিক্ষার্থী আহত হয়েছে।


এ ঘটনার প্রতিবাদে আজ বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষার্থী জাহিদ হাসান রাব্বি বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলের কর্মসুচি ঘোষনা করেছে। তবে এ ঘটনার খবর পেয়ে সোনাডাঙ্গা মডেল থানার একটি টিম খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।