আন্তর্জাতিক ডেস্ক
যৌন হয়রানির বিচার না পেয়ে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন ভারতের ওড়িশার এক কলেজছাত্রী। প্রায় ৯৫ শতাংশ দগ্ধ অবস্থায় শনিবার তাকে ভুবনেশ্বরের এইমসে ভর্তি করা হয়৷ গতকাল সোমবার মৃত্যু হয় তার।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়,ওই ছাত্রী বালেশ্বরের ফকির মোহন কলেজে বিএড পড়তেন। কলেজেরই এক বিভাগীয় প্রধান সমীর কুমার সাহুর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনেন উনি।
তার অভিযোগ ছিল, অভিযুক্ত বিভাগীয় প্রধান শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার প্রস্তাব দিচ্ছেন বার বার৷ তিনি রাজি না হওয়ায় নানাভাবে তাকে হেনস্থা করছেন৷ বিষয়টি গত ১ জুলাই কলেজের অভ্যন্তরীণ অভিযোগগ্রহণ কমিটি (আইসিসি)-র কাছেও পৌঁছে দেন নির্যাতনের শিকার নারী।
তবে কলেজ কর্তৃপক্ষ কোনও পদক্ষেপ গ্রহণ করেনি। গত শনিবার এ বিষয়ে কলেজের অধ্যক্ষের সঙ্গে দেখা করতে যান নির্যাতিতা, সেখান থেকে বেরিয়ে কলেজ ক্যাম্পাসে নিজের গায়ে আগুন ধরিয়ে দেন। এই ঘটনায় কলেজের অধ্যক্ষ ও বিভাগীয় প্রধানকে গ্রেপ্তার করেছে পুলিশ।











































