যশোর অফিস।।
যশোরের বাঘারপাড়া উপজেলায় নিজ ঘরের স্টিলের বক্স থেকে সুচিত্রা দেবনাথ (৫৮) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৯ জুলাই) রাত ১১টার দিকে উপজেলার বাসুয়াড়ী ইউনিয়নের ঘোষনগর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, দাম্পত্য কলহের জেরে স্বামী তপন দেবনাথ স্ত্রীকে হত্যা করেছেন। পরে স্ত্রীকে না পাওয়ার নাটক সাজান তিনি। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তপন দেবনাথকে আটক করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে সুচিত্রাকে বাড়িতে দেখেছিলেন প্রতিবেশীরা। এরপর সকালে স্বামী তপন যশোর শহরে যান। দুপুর ১২টার দিকে ফিরে এসে স্ত্রীকে না পেয়ে প্রতিবেশীদের সহায়তায় খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে নিজ ঘরের কাপড়ের স্টিলের বক্স খুলে ভেতরে লেপ ও কাপড়ের নিচে স্ত্রীর নিথর দেহ দেখতে পান। পরে পুলিশে খবর দেন তিনি।
পুলিশ জানায়, সুচিত্রাকে ধারালো কিছু দিয়ে মাথা ও মুখে আঘাত করে হত্যা করা হয়। পরে মরদেহ লুকানোর জন্য স্টিলের বক্সে রেখে কাপড় ও লেপ দিয়ে ঢেকে রাখা হয়।
স্থানীয়রা জানান, নিহত সুচিত্রার সঙ্গে স্বামী তপনের পারিবারিক কলহ লেগেই থাকত।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাইজুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। স্বামীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনিই স্ত্রীকে হত্যা করে লুকানোর চেষ্টা করেছেন।











































