Home Lead এসএসসি পরীক্ষায় পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ

এসএসসি পরীক্ষায় পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ

59


ঢাকা অফিস।।
এবারে এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার কমেছে। সে সঙ্গে কমেছে জিপিএ ৫ এর সংখ্যাও। পাসের হার ৬৮ দশমিক ৪৫ এবং জিপিএ ফাইভ ১৩৯০৩২।

গত বছর এই পাসের হার ছিল ৮৩ দশমিক ০৩ শতাংশ। আর জিপিএ ফাইভ প্রাপ্তের সংখ্যা ছিল এক লাখ ৮২ হাজার ১২৯ জন।

আজ বৃহস্পতিবার এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

পাসের হার ও জিপিএ-৫ এ মেয়েরা এগিয়ে::

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় ৬৮.৪৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৩৯ হাজার ৩২ শিক্ষার্থী। তবে পাসের হার ও জিপিএ-৫ এ এগিয়ে রয়েছে মেয়েরা।


বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ১২টায় ফল প্রকাশ করা হয়। এবার মোট পরীক্ষাথী ছিল ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন। ছাত্রী ছিলেন ৯ লাখ ৫২ হাজার ৩৮৯ জন, ছাত্র ৯ লাখ ৫১ হাজার ৬৯৭ জন। এদের মধ্যে ৬ লাখ ৭৬ হাজার ৪৪৫ জন ছাত্রী ও ৬ লাখ ২৬ হাজার ৯৮১ জন ছাত্র পাস করেছে।

এ হিসাবে ছাত্রীদের পাসের হার ৭১ দশমিক শূন্য ৩ শতাংশ এবং ছাত্রদের পাসের হার ৬৫ দশমিক ৮৮ শতাংশ।

অপরদিকে, জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ৭৩ হাজার ৬১৬ জন ছাত্রী এবং ৬৫ হাজার ৪১৬ জন ছাত্র। এবার ছাত্রদের চেয়ে ৮ হাজার ২০০ জন বেশি ছাত্রী জিপিএ-৫ পেয়েছে।

গত ১০ এপ্রিল সারা দেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। লিখিত পরীক্ষা শেষ হয় গত ১৩ মে। ব্যবহারিক পরীক্ষা ১৫ থেকে ২২ মে মধ্যে হয়। তবে ৩০ হাজারের বেশি পরীক্ষার্থী এক বা একাধিক পরীক্ষায় অনুপস্থিত ছিলেন।

রাজশাহী বোর্ডে ৭ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার::

রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে চলতি বছরে এসএসসি পরীক্ষায় ৭৭ দশমিক ৬৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছে, যা গত সাত বছরের মধ্যে সর্বনিম্ন।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে রাজশাহী শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত সাত বছরের তুলনামূলক ফলের পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।

প্রকাশিত ফলে দেখা যায়, গত বছর পাসের হার ছিল ৮৯ দশমিক ২৬ শতাংশ। তার আগের বছরগুলোর মধ্যে ২০২৩ সালে ৮৭ দশমিক ৮৯ শতাংশ, ২০২২ সালে ৮৫ দশমিক ৮৮ শতাংশ, ২০২১ সালে ৯৪ দশমিক ৭১ শতাংশ, ২০২০ সালে ৯০ দশমিক ৩৭ শতাংশ এবং ২০১৯ সালে ৯১ দশমিক ৬৫ শতাংশ পরীক্ষার্থী পাস করেছিল।

এ বছর রাজশাহী বোর্ডে পরীক্ষার্থী ছিল ১ লাখ ৮২ হাজার ৭৯২ জন। এর মধ্যে পাস করেছে ১ লাখ ৩৯ হাজার ৯৮৩ জন। পাসকৃত শিক্ষার্থীর সংখ্যা ও শতকরা হার—দুটিই গত সাত বছরের মধ্যে সর্বনিম্ন।

এবার জিপিএ-৫ পেয়েছে ২২ হাজার ৩২৭ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ১০ হাজার ৩৬৫ জন এবং ছাত্রী ১১ হাজার ৯৬২ জন। পাসের দিক থেকে ছাত্রীদের ফল ভালো—৮২ দশমিক ০১ শতাংশ ছাত্রী পাস করেছে, যেখানে ছেলেদের পাসের হার ৭৩ দশমিক ৬৪ শতাংশ।

রাজশাহী বোর্ডের অধীন ২ হাজার ৬৯০টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা এবারের পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৯৯টি স্কুল থেকে অংশগ্রহণকারী সবাই পাস করেছে। কোনো স্কুলেই শূন্য পাসের হার দেখা যায়নি। মোট ২৬৯টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং পরীক্ষা চলাকালে ৭ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম বলেন, “ফল প্রতিবছরই ভিন্ন হয়। কোন ব্যাচ ভালো করে, কোনটা কিছুটা পিছিয়ে থাকে—এটাই স্বাভাবিক। এটা নিয়ে আমরা চিন্তিত নই। সবাই মিলে বসে বিশ্লেষণ করে দেখব।”