Home আঞ্চলিক ঝুঁকিপূর্ণ সাঁকোর স্থলে হচ্ছে কাঠের সেতু

ঝুঁকিপূর্ণ সাঁকোর স্থলে হচ্ছে কাঠের সেতু

12


শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি


সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ধুমঘাট ও হরিনগর গ্রামের মধ্যে বাঁশের পুরোনো সাঁকোটি দিয়ে প্রতিদিন শত শত শিশু স্কুলে যায়। এর কাঠামো এতটাই ভঙ্গুর, প্রাপ্তবয়স্করাও পা রাখতে ভয় পান। অথচ জীবনের ঝুঁকি নিয়ে পার হতে হয় হাজারো মানুষকে। দুর্দশার ছবি ফেসবুকে পোস্ট করেছিলেন স্থানীয় যুবক জিয়াউর রহমান।
এ পোস্টের সূত্রেই আলোড়ন তৈরি হয়। পোস্টটি চোখে পড়ে ইউএনও রনী খাতুনের। তিনি পিআইও মিয়ারাজ হোসেন খানকে পাঠান ঘটনাস্থলে। স্থানীয়দের দুর্ভোগ শুনে তিনি বিস্তারিত জানান ইউএনওকে।


এর পরদিনই কাঠের সেতু নির্মাণে উপজেলা পরিষদের তহবিল থেকে এক লাখ ২০ হাজার টাকা বরাদ্দ দেন ইউএনও। একই সঙ্গে মন্ত্রণালয়ে একটি পাকা সেতু নির্মাণের প্রস্তাব পাঠাতে নির্দেশও দেন। এ খবরে গ্রামের মানুষ সন্তোষ প্রকাশ করেছেন।


স্থানীয় লোকজন বলছেন, কেউ ভাবেননি একটি ঝুঁকিপূর্ণ সাঁকো এত দ্রুত সরকারের নজরে আসবে। পোস্টদাতা জিয়াউর রহমান বলেন, ‘দুদিন আগে আমি নিজেই পড়ে গিয়েছিলাম। ক্ষোভ থেকে ফেসবুকে লিখেছিলাম।’ স্থানীয় ইউপি সদস্য সাইদুল ইসলাম বলেন, ‘আমাদের কখনও কল্পনায়ও ছিল না এখানে পাকা সেতু হবে।’
ইউএনও মোছা. রনী খাতুন বলেন, ‘শিশুদের নিরাপত্তার বিষয়টি আমাকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছে।’