Home Lead তিন উপায়ে বিশৃঙ্খলার চেষ্টা, বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার

তিন উপায়ে বিশৃঙ্খলার চেষ্টা, বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার

48

ঢাকা অফিস।।

প্রশাসনিক স্থবিরতা, কালো টাকার ব্যবহার ও গোপনে অপতৎপরতা চালিয়ে মব সন্ত্রাস- এই তিন উপায়ে সমাজে বিশৃঙ্খলার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছে বিএনপি। পাশাপাশি স্বার্থান্বেষী মহল থেকে প্রযুক্তির সহায়তায় সামাজিক মাধ্যমে বিএনপির বিরুদ্ধে অত্যন্ত পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে বলেও অভিযোগ করে দলটি। গতকাল মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে দলের অবস্থান তুলে ধরে এ সব কথা বলেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।


সংবাদ সম্মেলনে বিএনপি নেতা বলেন, বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল। এ দলের সব পর্যায়ের নেতাকর্মী বহুদলীয় গণতন্ত্র ও স্বাধীনতা-সার্বভৌমত্ব সুরক্ষার মূলমন্ত্র বুকে ধারণ করে। গণতন্ত্রের মূলনীতিকে ঊর্ধ্বে তুলে ধরেই শত প্রতিকূলতা ও ঝড়-ঝাপটা অতিক্রম করে রাজনৈতিক কার্যক্রম চালিয়ে এসেছে। স্বজাতির সব ধর্ম ও বর্ণের সজ্জন মানুষ ও বিভিন্ন শ্রেণি-পেশায় যুক্ত ব্যক্তিরা এই দলের সদস্য হতে পারেন।’

‘সমাজবিরোধী কোনো ব্যক্তি, দখলবাজ, চাঁদাবাজের স্থান এই দল বরদাশ্ত করে না’ উল্লেখ করেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘বিএনপির নাম ভাঙিয়ে কেউ অরাজকতা, বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে, কিন্তু দল যখনই এ ধরনের ঘটনা অবহিত হয় তখনই তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে দ্বিধা করেনি।’

রুহুল কবির রিজভী বলেন, ‘বিএনপি জন্মলগ্ন থেকেই গণতান্ত্রিক সংবিধান ও সুশাসনের জন্য আইনি ও প্রাতিষ্ঠানিক কাঠামো নির্মাণ করার মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত

এবং এর জন্য নিরবচ্ছিন্ন সংগ্রাম করে এসেছে। এই দল মনে করে একটি আদর্শ রাষ্ট্র ও সমাজে নেতৃস্থানীয় মানুষদের যোগ্যতা, দক্ষতা, ন্যায়পরায়ণতা, সৎ ও মানবিক গুণাবলি থাকা ব্যক্তি অনেক গুরুত্বপূর্ণ বিষয়। বিএনপি যতবারই ক্ষমতায় এসেছে ততবারই উল্লিখিত বিষয়কে অগ্রাধিকার দিয়েছে। জাতীয়তাবাদী শক্তির সমবেত ধ্বনিই হচ্ছে সুশাসন ও ন্যায়বিচার নিশ্চিত করা।’

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘বর্তমান সময়ে নানাবিধ সামাজিক অপরাধের বিভিন্ন মাত্রার প্রকাশ দেখা যাচ্ছে। প্রশাসনিক স্থবিরতার কারণেই ‘মব কালচার’-এর প্রকোপ বাড়ছে। অবৈধ কালো টাকা এবং গোপন অপতৎপরতার প্রভাবে ‘মব কালচার’-এর নামে সমাজে বিশৃঙ্খলার চেষ্টা চলছে। এ ছাড়া পরিকল্পিত অপপ্রচার, অপতৎপরতা, কৃত্রিমভাবে তৈরি সামাজিক অশান্তি গণতন্ত্রের পথচলাকে বাধাগ্রস্ত এবং নির্বাচন পেছানোর সুদূরপ্রসারী পরিকল্পনা বলে জনগণ মনে করে। শেখ হাসিনার আমলে অদ্ভুত উন্নয়নের বয়ানের মতো এখন নির্বাচন পেছানো নিয়ে নানা ধরনের বয়ান দেওয়া হচ্ছে।’

বিএনপির নাম ভাঙিয়ে যারা অপকর্মে জড়িত তাদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে দল থেকে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে- উল্লেখ করেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, দলের ভেতরে থেকে অপকর্মে যুক্ত হলে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হচ্ছে না। ইতোমধ্যে বেশকিছু নেতাকর্মীকে বহিষ্কার, অব্যাহতি প্রদান, পদ স্থগিত, কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।’

আমরা লক্ষ করেছি, দলের পক্ষ থেকে এ ধরনের চলমান সাংগঠনিক ব্যবস্থার বিষয়ে গণমাধ্যমে খুব একটা উল্লেখ করা হয়নি উল্লেখ করেন রিজভী। তিনি বলেন, ‘উপরন্তু, আইন শৃঙ্খলা বাহিনীর ঢিলেঢালা ভূমিকা রহস্যজনক। দলের পক্ষ থেকে বারবার অপরাধী ও বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য বলা হলেও প্রশাসন নির্বিকার থাকছে। দুষ্কৃতকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য দল থেকে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হলেও প্রশাসন কোনো সহযোগিতা করছে না।’

অন্তর্বর্তী সরকার ক্ষমতাসীন হওয়ার পর থেকে এখন পর্যন্ত পুলিশ প্রশাসন খুব একটা সক্রিয় হয়নি বলেও উল্লেখ করেন রিজভী। তিনি বলেন, ‘বরং কোনো কোনো ক্ষেত্রে কেউ কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে কলকাঠি নাড়ছেন বলে স্পষ্টত প্রতীয়মান হয়। এ রকম পরিস্থিতি চলতে থাকলে সমাজ সংস্কৃতি, সভ্য আচরণ বিপন্ন হয়ে পড়বে। প্রশাসনিক এই নিষ্ক্রিয়তার কারণে জনগণের এখন জীবনমরণের প্রশ্ন। গণতন্ত্রের স্থায়ী পুনরুজ্জীবন ও ঐতিহাসিক সার্থকতা নির্ভর করছে রাষ্ট্র ও সমাজে শান্তি ও স্থিতির ওপর। আর এ ক্ষেত্রে দক্ষ প্রশাসন অতীব জরুরি। আওয়ামী আমলের কালো টাকা ও তাদের দোসরদের আন্ডারগ্রাউন্ড তৎপরতার কারণে দুষ্কৃতকারীরা আশকারা পাচ্ছে এবং সমাজে নৈরাজ্য তৈরির সম্ভাবনা ও আলামত দেখা যাচ্ছে।’