Home আঞ্চলিক পুলিশকে দূরে ঠেলে দিবেন না:কেএমপি কমিশনার

পুলিশকে দূরে ঠেলে দিবেন না:কেএমপি কমিশনার

17


স্টাফ রিপোর্টার
পদত্যাগের দাবিতে চলা আন্দোলন বিষয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মো. জুলফিকার আলী হায়দার বলেছেন, পুলিশকে দূরে ঠেলে দিবেন না। মনোবল ভেঙে গেলে পুলিশ আর কাজ করতে পারবে না।
মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে কেএমপি সদর দপ্তরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন তিনি এ কথা বলেন।
আইনশৃংখলা পরিস্থিতি নিয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে ঘুরে ফিরে তার পদত্যাগ দাবির প্রসঙ্গ উঠে আসে। তিনি বলেন, চাকরিতে পদত্যাগের সুযোগ নেই। কর্তৃপক্ষ চাইলে আমাকে বদলী করতে পারে। সেজন্য আমি প্রস্তুত আছি। তবে আইনশৃংখলা রক্ষা এবং পরিস্থিতি উন্নতির জন্য পুলিশকে সহযোগিতা করতে হবে। চাপ দেওয়া বা দাবি আদায়ের নামে পুলিশের মনোবল ভাঙার চেষ্টা করা সমীচিন হবে না।
সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার জানান, বিগত ১০ মাসে মেট্রোপলিটন এলাকায় ২৬টি হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে দুটি লাশ নদীতে ভেসে আসায় ঐদুটি হত্যাকান্ডের মামলা নৌপুলিশ তদন্ত করছে। বাকি ২৪ টির মধ্যে ২২টি হত্যার পেছনের ঘটনা মেট্রোপলিটন পুলিশ তদন্তের মাধ্যমে উদঘাটন করতে সক্ষম হয়েছে ও আসামিদের আটক করা হয়েছে। বাকি দুইটি মামলা তদন্তাধীন রয়েছে, তবে তদন্তকাজে অগ্রগতি আছে। তিনি জানান, মাদকের কারণে আমাদের তরুণ প্রজন্মের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। মাদকের বিক্রেতা, বাহক ও যারা খুলনার বাইরে থেকে মাদক নিয়ে আসে তাদের ওপর পুলিশের নজরদারি অব্যাহত আছে। গত সপ্তাহে হরিণটানা থানা এলাকা থেকে ১৯ হাজার পিস ইয়াবা আটক করা হয়েছে। এছাড়াও নিয়মিত অভিযানে মাদকদ্রব্য উদ্ধার হচ্ছে। স্কুল-কলেজ পড়ুয়া আমাদের সন্তানদের সন্ধ্যায় পড়ার টেবিলে ফিরিয়ে আনতে হবে। তারা যেন সন্ধ্যার পরে ঘরের বাইরে অযথা আড্ডা না দেয়, সেদিকে অভিভাবকসহ সকলকে নজর দিতে হবে। তিনি বলেন, গত জুলাই-আগষ্ট গণঅভ্যূত্থানের পর প্রায় ভেঙ্গে পড়া পুলিশিং ব্যবস্থাকে স্থিতিশীল ও কার্যকর করার লক্ষ্যে খুলনা মেট্রোপলিটন পুলিশ নানামূখী পদক্ষেপ গ্রহণ করে। পাশাপাশি খুলনাকে একটি নিরাপদ শহরে পরিণত করার লক্ষ্যে বেশকিছু সময়োপযোগী ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়। যার ফলে পুলিশের অভিযানে নগরীর তালিকাভূক্ত শীর্ষ ও কুখ্যাত সন্ত্রাসী গ্রেফতার হয়েছে এবং তাদের নিকট হতে বিপুল পরিমাণ অস্ত্র-গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। মাদকের বড় চালানসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার হয়েছে। হত্যা মামলার রহ্স্য উদঘাটনসহ চুরি, ডাকাতি এবং ছিনতাই রোধকল্পে থানা এলাকায় চেকপোস্ট ও মোবাইল টহল জোরদার করা হয়েছে। ফৌজদারি অপরাধ সংঘটন ও অনাকাঙ্খিত পরিস্থিতি প্রতিহত করতে জনগণকে নিয়ে পুলিশ-জনগণ পার্টনারশিপ সভা আয়োজন, কিশোর গ্যাং নিয়ন্ত্রণে এবং উঠতি বয়সী তরুণদের পড়ার টেবিলে ফেরাতে আড্ডাস্থল গুলোতে সন্ধ্যায় বা রাতে উধ্বর্তন পুলিশ কর্মকর্তাদের সচেতনতামূলক ক্যাম্পেইন করার পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন, নগরবাসীকে একটি নিরাপদ শহর উপহার দিতে খুলনা মেট্রোপলিটন পুলিশ যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে। চলমান বিভিন্ন কার্যক্রমের বাইরে কেএমপি আরও কিছু পদক্ষেপ (ভবিষ্যত পরিকল্পনা- (ঋঁঃঁৎব চষধহ) গ্রহণ করতে যাচ্ছে। পুলিশ কমিশনার বলেন, কেএমপি আশা করে নগরবাসীর সহযোগিতা পেলে সকলের সমন্বিত প্রয়াসের মাধ্যমে চ্যালেঞ্জসমূহ জয় করে খুলনা মহানগরকে একটি নিরাপদ শহরে পরিণত করা সম্ভব হবে।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ রাশিদুল ইসলাম খান, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ তাজুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. আবু তারেক, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) সুদর্শন কুমার রায়সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।