স্টাফ রিপোর্টার
গাড়ি পার্কিং নিয়ে বিতর্কের জেরে খুলনা জেলা আইনজীবী সমিতির সদস্য এ্যাডভোকেট মোঃ খোরশেদ আলমকে লাঞ্ছিত করেছেন করোনেশ স্কুলের সাবেক প্রধান শিক্ষিকা সায়রা খাতুন।
প্রত্যক্ষদর্শি সূত্রে জানা যায়, বুধবার দুপুর ২টার দিকে করোনেশন স্কুলের সাবেক প্রধান শিক্ষিকা সায়রা খাতুন ও তার মেয়ে তাদের ব্যক্তিগত কাজে জেলা আইনজীবী সমিতিতে এ্যাড. আকরাম হোসেনের সাথে দেখা করতে আসেন। বৃষ্টির মধ্যে তারা একটি ইজিবাইকে করে আইনজীবী সমিতির গেটে এসে থামেন। এসময় জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. সাইফুল ইসলাম তার গাড়ি নিয়ে একই গেট দিয়ে নেমে ভেতরে যাওয়ার চেষ্টা করেন।
তার গাড়ি পেছন থেকে হর্ণ বাজিয়ে ইজিবাইকটিকে সড়তে নির্দেশ দেওয়া সত্বেও ইজিবাইকটি সরতে দেরী করে। একপর্যায়ে এ্যাড. সাইফুলের জুনিয়র আইনজীবী মোঃ খোরশেদ আলম গাড়ি থেকে নেমে ইজিবাইকটি সরে যেতে বলায় সায়রা খাতুনের সাথে তর্কে জড়িয়ে পড়েন। বাকবিতণ্ডার একপর্যায়ে সায়রা খাতুন তাকে চর মেরে বসেন। এতে অন্য আইনজীবীরা ক্ষেপে গিয়ে হট্টগোল বাধিয়ে দেন। এসময় সায়রা খাতুনকে জেলা আইনজীবী সমিতির ভেতরে নিয়ে যাওয়া হয়। পরে বারের সভাপতি ও সিনিয়র আইনজীবীদের সাথে আলোচনা মাধ্যমে বিষয়টি সুরহা করা হয়।
এবিষয়ে এ্যাড. মোঃ খোরশেদ আলম বলেন, কথা কাটা-কাটি হয়েছিল। এছাড়া আর কিছু না। ঘটনার পর বিষয়টি নিয়ে বসাবসি হয়েছে। সায়রা খাতুন দুঃখ প্রকাশ করেছেন। আর কোন ঝামেলা নেই, মিটে গেছে










































