Home খেলাধুলা অ্যাওয়ার্ড নাইট নিয়ে বিসিবির যে সিদ্ধান্ত

অ্যাওয়ার্ড নাইট নিয়ে বিসিবির যে সিদ্ধান্ত

15


স্পোর্টস ডেস্ক

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দেশসেরা ক্রিকেটার ও ক্রিকেট সংশ্লিষ্টদের অবদানের স্বীকৃতি দিতে নিয়মিতভাবে আয়োজন করতে যাচ্ছে ‘বিসিবি অ্যাওয়ার্ড নাইট’। ‘হাই পারফরম্যান্স ফর অল’ শীর্ষক কর্মসূচির অংশ হিসেবে চালু হতে যাওয়া এই বিশেষ ইভেন্টের মাধ্যমে মাঠে ও মাঠের বাইরে সকল কৃতিত্বপূর্ণ অবদানের সম্মাননা জানানো হবে।

প্রাথমিকভাবে আগামী ৪ থেকে ৫ বছর নিয়মিতভাবে এই অ্যাওয়ার্ড নাইট আয়োজনের পরিকল্পনা নিয়েছে বোর্ড। এর লক্ষ্য ক্রিকেটার, কোচ, সাপোর্ট স্টাফ, মাঠকর্মী, সংগঠকসহ ক্রিকেট সংশ্লিষ্ট সকল স্তরের মানুষকে উৎসাহিত করা এবং জাতীয় পর্যায়ে পারফরম্যান্সের মূল্যায়ন করা।

বিসিবির একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, এই অ্যাওয়ার্ড নাইটে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করা ক্রিকেটারদের পাশাপাশি বয়সভিত্তিক পর্যায়ের উদীয়মান প্রতিভারাও পুরস্কৃত হবেন। তাছাড়া নারীদের ক্রিকেট, অনূর্ধ্ব-১৯ দল, ‘এ’ দল, হাই পারফরম্যান্স ইউনিট, আম্পায়ার, ম্যাচ রেফারি, সেরা মাঠকর্মী, এমনকি শ্রেষ্ঠ ফিজিও বা ট্রেইনাররাও থাকতে পারেন পুরস্কারপ্রাপ্তদের তালিকায়।

সূত্র আরও জানায়, আইসিসি অ্যাওয়ার্ড কিংবা আইপিএল–পিএসএলের মতো অন্যান্য ক্রিকেট জাতির আয়োজনগুলো পর্যবেক্ষণ করে একটি পেশাদার ও আকর্ষণীয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের ছক কষছে বিসিবি। মূলত পারফরম্যান্সভিত্তিক একটি মূল্যায়ন কাঠামো তৈরি করে তার আলোকে নির্ধারিত হবে পুরস্কারের বিভাগ ও প্রাপকের তালিকা।

বিসিবির উচ্চপর্যায়ের একজন কর্মকর্তা বলেন, ‘আমাদের ক্রিকেট দিন দিন পেশাদার হচ্ছে, প্রতিযোগিতার মাত্রাও বাড়ছে। ক্রিকেটারদের জন্য শুধু পারিশ্রমিক নয়, স্বীকৃতিও বড় অনুপ্রেরণা। তাই আমরা ‘বিসিবি অ্যাওয়ার্ড নাইট’ চালু করতে যাচ্ছি, যাতে জাতীয় ও ঘরোয়া সব পর্যায়ের পারফর্মাররা প্রাপ্য সম্মান পান।’

এটি বিসিবির বহুমুখী উন্নয়ন পরিকল্পনার অংশ, যেখানে শুধু পারফরম্যান্স নয়, নৈতিকতা, দলীয় আচরণ, ক্রীড়াবান্ধব মানসিকতা ও ক্রিকেট সংস্কৃতি গঠনের ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।

এই আয়োজনের মাধ্যমে বাংলাদেশ ক্রিকেটে একটি উদ্দীপনাময় পরিবেশ তৈরির পাশাপাশি তরুণ প্রজন্মের মধ্যেও পেশাদারিত্ব ও উন্নতির প্রতিযোগিতা আরও বাড়বে বলে মনে করছে বোর্ড।