স্টাফ রিপোর্টার
খুলনা মহানগর বিএনপি’র সভাপতি এডভোকেট শফিকুল আলম মনা’র বাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগে দায়ের করা মামলায় চুয়াডাঙ্গায় গ্রেপ্তার হওয়া সুকান্ত কুমার দাসকে শ্যোণ এরেস্ট দেখানো হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) খুলনার অতিরিক্ত মেট্রেপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আনিছুর রহমান এ আদেশ প্রধান করেছেন।
এর আগে ৩০ জুন চুয়াডাঙ্গা কারাগার কর্তৃপক্ষ এসআই সুকান্ত দাসকে খুলনা জেলা কারাগারে রেখে যান। তার আগে খুলনা সদর থানার মামলা নং-১৯ (১২) ২৪ এ এসআই সুকান্ত দাসকে গ্রেপ্তার দেখাতে আদালতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা শাখার পরিদর্শক অনিমেষ। ২৬ জুন বিকালে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ গ্রেপ্তার করে ফৌজদারী কার্যবিধির ৫৪ ধারায় তাকে সদর উপজেলা আমলী আদালতে সোপর্দ করে। আদালতের বিচারক জ্যেষ্ঠ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াসমিন নাহার তাঁকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন। সুকান্ত কুমার দাস খুলনার ডুমুরিয়া থানার কালিকাপুর গ্রামের শত্রুগ্ন দাসের ছেলে। সে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার তিওরবিলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ ছিলেন। ছুঁটিতে তার নিজ বাড়ীতে খুলনায় অবস্থানকালে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ২৪ জুন তাকে ধরে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। চিকিৎসা শেষে পুলিশ তাকে ছেড়ে দিলে তাকে গ্রেপ্তারের দাবীতে খুলনায় আন্দোলন চলে।
মহানগর গোয়েন্দা পুলিশের আবেদন থেকে জানা যায়, বিগত ফ্যাসিবাদ, স্বৈরাচার এবং গণহত্যাকারী শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলন চলাকালে ২০২৪ সালের ২৮ জুলাই এজাহারে বর্ণিত আসামিদের সাথে পরস্পর যোগসাজেসে দেশীয় অস্ত্র চাপাতি, জিআই পাইপ, রড এবং লাঠিসোটা নিয়ে বিএনপি’র বর্তমান মহানগর সভাপতি শফিকুল আলম মনার বাড়িতে আক্রমণ করে। তারা মনার বাড়িতে অনাধিকার প্রবেশ করে ফ্লাটের গেট এবং তালা কেটে ৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। পরবর্তীতে তাকে না পেয়ে আসামিরা রামদা, চাইনিজ কুড়াল, রড, জিআই পাইপ, চাপাতি এবং লাঠিসোটা নিয়ে মনার শ্বশুর বাড়িতে আক্রমণ করে। সেখানে তালা এবং গেট ভেঙ্গে আসামিরা ৯ লাখ টাকার মালামাল ক্ষতি সাধন করে। আসামিরা যাওয়ার সময়ে তাকে হত্যার হুমকি দিয়ে বাড়ি ত্যাগ করে। এ ঘটনায় গেল বছরের ১২ ডিসেম্বর খুলনা থানায় একটি মামলা দায়ের করা হয় যার নং-১৯।
পুলিশ সূত্রে জানা যায়, ২৪ জুন বিকেলে নগরীর ইস্টার্ন গেট এলাকা থেকে এসআই সুকান্ত দাসকে মারধর করে খানজাহানআলী থানা পুলিশের কাছে তুলে দেয় স্থানীয়রা। রাতেই তাকে ছেড়ে দেয় খানজাহান আলী থানা পুলিশ। এসআই সুকান্তের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর নিপীড়ন ও গণগ্রেপ্তার চালানোর অভিযোগ ছিল। ২০২৪ সালের ১২ ডিসেম্বর এসআই সুকান্তর বিরুদ্ধে খুলনা সদর থানায় একটি মামলা হয়, যেখানে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগ আনা হয়। মামলাটি মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তদন্ত করছে। এছাড়া বিএনপির খুলনা মহানগর সভাপতি শফিকুল আলম মনার বাড়ি ভাঙচুরসহ তার বিরুদ্ধে আরও দুটি মামলা রয়েছে।











































