Home আঞ্চলিক বাগেরহাটের চিতলমারী: আট বছরেও পাকা হয়নি কালভার্টে ওঠা-নামার জায়গা

বাগেরহাটের চিতলমারী: আট বছরেও পাকা হয়নি কালভার্টে ওঠা-নামার জায়গা

40


বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট-চিতলমারী মহাসড়ক ঘেঁষা দুর্গাপুর মঠেরঘাট এলাকার ব্যস্ত কালভার্টের দুই পাশের মাটি সরে যাওয়ায় চরম ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে কালভার্টটি। এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
খোঁজ নিয়ে জানা গেছে, কালভার্টটি নির্মাণের পর প্রায় আট বছর পেরিয়ে গেলেও ওঠা-নামার জায়গাটুকু পাকা কিংবা পিচঢালাইয়ের উদ্যোগ নেওয়া হয়নি। অথচ কালভার্টটির ১০ গজ দক্ষিণে রয়েছে বাগেরহাট-চিতলমারী মহাসড়ক এবং তিন গজ উত্তর দিকে চিতলমারী-পাটরপাড়া সড়ক। সড়ক দুটি পিচঢালাই এবং দুই সড়কের মাঝে সংযোগ নির্মাণ করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা শাহীন শেখ বলেন, এই কালভার্টে ওঠানামা সহজ না হওয়ায় প্রায় দুই কিলোমিটার ঘুরে আশপাশের অন্তত ১০ গ্রামের মানুষের যাতায়াত করতে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
বাগেরহাট-চিতলমারী-ঢাকা মহাসড়ক ব্যস্ততম হওয়ায় এই কালভার্ট পেরিয়ে মানুষ বিকল্প হিসেবে চিতলমারী-পাটরপাড়া সড়কে নিশ্চিন্তে যাতায়াত করে। কিন্তু কালভার্টটির কার্নিশে খাদ সৃষ্টি হওয়ায় সম্প্রতি জরুরি পানীয়জল বহনকারী নসিমন খাদে পড়ে গিয়ে চালক মালেক (১৮) আহত হন।
এভাবে প্রতিদিন এই কালভার্ট পারাপারের সময় দুর্ঘটনা ঘটছে। চিতলমারী সদরের সুরশাইল, কুরমনি, পাটরপাড়া, পাঁচপাড়া, খুদাড়ি এবং চরবানিয়ারী ইউনিয়নের দুর্গাপুর, শ্যামপাড়া, ব্রহ্মগাতী, দড়িউমাজুড়ি, খড়মখালীসহ ১০ গ্রামের মানুষ এই কালভার্ট পেরিয়ে যাতায়াত করে।
স্থানীয়রা জানা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় ২০১৬-১৭ অর্থবছরে ২৩ লাখ ৪০ হাজার টাকা ব্যয়ে মরা চিত্রা নদীর ওপর কালভার্টটি নির্মাণ করা হয়। কাজটি করেন গোপালগঞ্জের ঠিকাদার মো. জিয়াউল হক।
স্থানীয়দের অভিযোগ, তিনি ওঠানামার সড়কটি দায়সারাভাবে করেন। ফলে নির্মাণের পর স্থানীয়রা বালু ফেলে যাতায়াত শুরু করেন। কালভার্টটি নির্মাণের পর এলজিইডির আওতায় চিতলমারী-পাটরপাড়া সড়ক এবং সওজের আওতায় বাগেরহাট-চিতলমারী মহাসড়ক সংস্কার করা হয়েছে। সেই কাজের সময়ও এই কালভার্টে ওঠানামার জায়গাটুকু পাকা করা কিংবা পিচঢালাই হয়নি। এ ব্যাপারে চিতলমারী উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. সাদ্দাম হোসেন জানান, এটা দেখভালের দায়িত্ব উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরের। চিতলমারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাঈদা দিলরুবা সুলতানা বলেন, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।