শহিদুল ইসলাম দইচ যশোর।।
যশোরের অভয়নগরে পৌর কৃষক দলের সভাপতি তরিকুল ইসলাম সরদারকে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ মে) বিকেল সাড়ে ৬টার দিকে অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়নের ডহর মশিয়াহাটি গ্রামে একটি ঘেরে পাশে এই ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে সংবাদকর্মীরা এই প্রতিবেদকক জানান, সেখানে প্রতিপক্ষের সঙ্গে দ্বন্দ্ব হলে অজ্ঞাত সন্ত্রাসীরা তরিকুল ইসলামকে গুলি ও ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এই ঘটনার পর উত্তেজিত লোকজন ডহর মশিয়াহাটি এলাকার জনৈক পিন্টুর বাড়িতে আগুন লাগিয়ে দেয়।
এই হত্যাকাণ্ডে কারা জড়িত, কী নিয়ে দ্বন্দ্ব সে বিষয়ে বিশদ কিছুই জানা যায়নি।
জানতে চাইলে অভয়নগর থানার ওসি আব্দুল আলিম ফোনকল রিসিভ করে ‘খুব ব্যস্ত আছি’ বলে লাইন কেটে দেন।
জানতে চাইলে জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) নূর-ই-আলম সিদ্দিকী স্থানীয় লোকজন এবং পুলিশ কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানান, জানতে পেরেছি বিকেলে কৃষক দল নেতা তরিকুল ঘের সংক্রান্ত দ্বন্দ্বে প্রতিপক্ষের হাতে খুন হতে পারেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে জেলা গোয়েন্দা( ডিবি) পুলিশ, পুলিশ লাইন থেকে অতিরিক্ত পুলিশ, অভয়নগর থানা, এবং স্থানীয় আশ পাশের ক্যাম্প থেকে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। সেখানে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে আছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে।
ঘটনার সাথে জড়িতদের আটকের জন্য পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।










































