Home জাতীয় আবার বাস ডাকাতি, নারীদের শ্লীলতাহানি

আবার বাস ডাকাতি, নারীদের শ্লীলতাহানি

20

খুলনাঞ্চল রিপোর্ট।।

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ফের বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার মধ্যরাত থেকে ভোর পর্যন্ত একটি বাসের যাত্রীদের সবকিছু লুটে নেয় ডাকাত দল। তারা যাত্রীবেশে বাসে উঠে চালকের কাছ থেকে বাসটির নিয়ন্ত্রণ নেয়। পরে প্রায় সাড়ে ৫ ঘণ্টা ধরে ডাকাতদল নির্বিঘেœ বাসটি নিয়ে টাঙ্গাইল-চন্দ্রা-আশুলিয়া মহাসড়কে ৪-৫ বার চক্কর দেয়। এ সময় তারা যাত্রীদের হাত-পা, চোখ-মুখ বেঁধে সর্বস্ব লুটে নেয়। লুটপাটের সময় নারী যাত্রীদের শ্লীলতাহানি করা হয়।


বাসচালক ও যাত্রীরা জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে আব্দুল্লাহপুর থেকে আল ইমরান পরিবহনের একটি যাত্রীবাহী বাস রংপুরের উদ্দেশে যাত্রা করে। পথে সাভারের নরসিংহপুর, বাইপাইল, আশুলিয়া থেকে কিছু যাত্রী উঠে। প্রায় ১০ জন নারীসহ ৪৫ যাত্রী নিয়ে বাসটি রাত ১২টার দিকে টাঙ্গাইলের কালিহাতী এলেঙ্গা অতিক্রম করে। যমুনা সেতুর পূর্বপ্রান্তের সংযোগ সড়কের কয়েক কিলোমিটার অতিক্রম করার পর যাত্রীবেশী ১০-১২ জন ডাকাত ছুরি, চাপাতিসহ দেশীয় অস্ত্রের মুখে চালকের কাছ থেকে বাসটির নিয়ন্ত্রণ নেয়।

বাসের সুপারভাইজার আতিকুর রহমান জানান, পরে তারা বাসচালক ও যাত্রীদের চোখ-মুখ বেঁধে ফেলে। যমুনা সেতুর পূর্বপ্রান্তের গোলচত্বর এলাকায় গিয়ে বাসটি ঘুরিয়ে আবার ঢাকার দিকে চলতে থাকে। চলাচলের সময় প্রত্যেক যাত্রীকে তল্লাশি করে মোবাইল, নগদ টাকা, স্বর্ণালংকারসহ অন্যান্য মালামাল লুটে নেয়। তারা বাসটি নিয়ে সাভারের চন্দ্রা-আশুলিয়া পর্যন্ত যায়।

বাসচালক আবেদ আলী জানান, রাতভর বাসটি নিয়ে ডাকাতরা ৪-৫ বার টাঙ্গাইল ও চন্দ্রা-আশুলিয়া যাওয়া-আসা করে। পরে ভোর সাড়ে ৫টার দিকে টাঙ্গাইল শহর বাইপাস সড়কের শিবপুর এলাকায় বাসটি রেখে ডাকাতরা চলে যায়। এরপর যাত্রীদের নিয়ে সকালে টাঙ্গাইল সদর থানায় যাই। এ ব্যাপারে পুলিশ সুপার মিজানুর রহমানসহ অন্য কর্মকর্তারা বাসের স্টাফ ও যাত্রীদের সঙ্গে কথা বলেছেন।

বাসের যাত্রী বগুড়ার আদমদীঘির জুয়েল মিয়া জানান, তার চোখমুখ বাঁধা ছিল। টাকা-পয়সা নেওয়ার জন্য নারী যাত্রীদের তল্লাশির সময় শ্লীলতাহানি করা হয়। রংপুরের এক বাস যাত্রী জানান, হাত-পা, চোখ-মুখ বেঁধে ডাকাতরা প্রত্যেক যাত্রীর দেহ কয়েকবার করে তল্লাশি করে। যার যা কিছু ছিল, সব নিয়ে যায়।

টাঙ্গাইল সদর থানার ওসি তানবীর আহমদ বলেন, মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ডাকাতদের চিহ্নিত করতে পুলিশ কাজ শুরু করেছে।

প্রসঙ্গত, এর আগে গত ১৭ ফেব্রুয়ারি এ মহাসড়কে ইউনিক রয়েলসের একটি বাসে ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানির ঘটনা ঘটে। ২০২২ সালের ২ আগস্টও একই কায়দায় কুষ্টিয়াগামী একটি বাসে ডাকাতি ও নারী যাত্রীকে ধর্ষণের ঘটনা ঘটে।