Home আলোচিত সংবাদ ইশরাক হোসেনকে শপথ না পড়াতে আইনি নোটিশ

ইশরাক হোসেনকে শপথ না পড়াতে আইনি নোটিশ

15


ঢাকা অফিস
বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের দেওয়া রায় ও ডিক্রির বিরুদ্ধে আপিল বা রিভিউ করতে সংশ্লিষ্টদের আইনি নোটিশ পাঠিয়েছেন ঢাকার দুই বাসিন্দা।
নোটিশে মো. ইশরাক হোসেনের নামে গেজেট প্রকাশ এবং শপথ পড়ানো থেকে বিরত থাকতে বলা হয়েছে। রবিবার (২৭ এপ্রিল) এ নোটিশ পাঠানো হলেও বিষয়টি জানা যায় আজ সোমবার (২৮ এপ্রিল)। তবে ইতিমধ্যে রবিবার (২৭ এপ্রিল) রাতে নির্বাচন কমিশন ইশরাককে মেয়র ঘোষণা করে গেজেট (সংশোধনী বিজ্ঞপ্তি) প্রকাশ করেছে।
নোটিশ পাঠানো ব্যক্তিরা হলেন ঢাকার কাকরাইলের বাসিন্দা মো. রফিকুল ইসলাম ও মো. মামুনুর রশিদ। স্থানীয় সরকার বিভাগের সচিব, আইনসচিব, প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব, যুগ্ম জেলা জজ মো. নুরুল ইসলাম, মো. ইশরাক হোসেন বরাবর নোটিশটি পাঠানো হয়েছে।
নোটিশ পাঠানোর বিষয়টি নিশ্চিত করে ওই দুই বাসিন্দার আইনজীবী মো. মনিরুজ্জামান বলেন, দুই নাগরিকের পক্ষে গতকাল রবিবার এ নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু রবিবার রাতেই নোটিশ জারি করে নির্বাচন কমিশন। এখন পরবর্তী কী পদক্ষেপ নেওয়া হবে, সেটি নোটিশদাতাদের সঙ্গে আলাপ করে পরে জানানো হবে।
আইনজীবী মনিরুজ্জামান বলেন, ‘যথাযথা প্রক্রিয়া না মেনে দ্রুত এই রায়টি দেওয়া হয়েছে। আমরা মনে করেছিলাম এ আদেশকে ইসি চ্যালঞ্জ করবে। সেটাও চ্যালেঞ্জ করল না।
আবার নিউজে দেখলাম আইন উপদেষ্টা বলছিলেন, আইন মন্ত্রণালয়ের মতামত চেয়ে তার জন্য অপেক্ষা না করে এই নোটিশ জারি করে দেওয়া হয়েছে। ট্রাইব্যুনাল এমন কোনো আদেশ দিতে পারেন না, যে আদেশের কোনো কার্যকারিতা নেই। এখানে টার্ম শেষ হয়ে গেছে; অধ্যাদেশের মাধ্যমে মেয়র পদ শূন্য করে দেওয়া হয়েছে।’
এর আগে গত ২৭ মার্চ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ২০২০ সালের নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম।