খুলনাঞ্চল রিপোর্ট।।
ডেঙ্গু নিয়ন্ত্রণে ওষুধ ছিটানো, হাঁস ছাড়া, মশা বন্ধ্যাকরণ, বিটিআই, গাপ্পি মাছ থেরাপি ইত্যাদি নানা পদ্ধতির কথা এরই মধ্যে দেশের অনেকেই শুনেছেন। বছর যায় আর একটা করে নতুন থেরাপির কথা শোনা যায়। কিন্তু এডিস মশা কমে না, বরং বাড়ে। কেন? খোদ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলছেন, যে ওষুধ ছিটানো হয়, তাতে কাজ হয় বলে মনে হয় না। ওষুধ নিয়ে আমারও কনফিউশন রয়েছে। তবু ছিটাতে হবে। এরপর তিনি যোগ করেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে জনমানুষের সম্পৃক্ততাও খুবই জরুরি। সবাই যদি নিজ থেকে এগিয়ে না আসে, তাহলে ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। কিন্তু জনসচেতনতা সৃষ্টির নানা প্রয়াসও চলছে দেড় যুগেরও বেশি সময় ধরে। তবুও মশা কমছে না। কারণ কী? বিশেষজ্ঞরা জানান, অবকঠামোগত উন্নয়নের সাথে সাথে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি ঘটে। কারণ অধিকাংশ নির্মাণকর্মীদের ধারণা বা সচেতনতাই নেই যে, ভবনের নিচে জমে থাকা পানিতে এডিস মশার লার্ভা থাকতে পারে। ভবনে পানি ছিটানো ছাড়াও বৃষ্টির পানি জমে থাকে। এ ছাড়া বহুতল ভবনগুলোর গ্যারেজে গাড়ি ধোয়ামোছার কাজেও পানি ব্যবহার হয়। এসব কারণে প্রতিটি বহুতল ভবন এক একটা এডিসের আধার হয়ে আছে।
এদিকে অতীতের সব প্রতিবন্ধকতার সঙ্গে এবার বাড়তি যোগ হয়েছে সিটি করপোরেশনের মতো সংস্থাগুলোতে জনপ্রতিনিধি না থাকা। এবার তাই ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ হওয়ার শঙ্কা দেখছেন বিশেষজ্ঞরা। গত চার মাসে ডেঙ্গুতে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে, আক্রান্ত হয়েছেন আরও অন্তত ২৪২০ জন। এ তো সরকারি হিসাব। সংশ্লিষ্টরা বলছেন, প্রকৃত হিসাবে আক্রান্ত ও মৃতের সংখ্যা আরও অনেক বেশি। উদ্ভূত পরিস্থিতিতে ডেঙ্গু আক্রান্তদের চিকিৎসায় ডেডিকেটেড হাসপাতাল প্রস্তুত রাখার পাশাপাশি ডেঙ্গু পরীক্ষা সহজ করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
হীন সংস্থাগুলোর কাজে অগতি। ঢাকার দুই সিটি করপোরেশন তৎপর হলেও ঢাকার পাশে গাজীপুর, সাভার, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জে নেই ডেঙ্গু নিয়ে তৎপরতা।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) শীর্ষপর্যায়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমি তো দীর্ঘদিন ধরে দেখছি। একটা ওষুধ পরিবর্তন করে আরেকটা আনা হয়। কিন্তু কাজ হয় না। ওষুধে মশা মরে না। মানুষকে বোঝানোর জন্য ছিটাতে হয়। ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে হলে সোর্স ধ্বংস করতে হবে। যেখানে এডিস মশা ডিম দেয়, সে সব জায়গায় পানি জমতে দেওয়া যাবে না। এ কাজে সবার আগে দরকার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। নয় তো কোনোভাবেই ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়।
সরকারি হিসাবে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৩ জন। আর গত ১ জানুয়ারি থেকে ২৪ এপ্রিল পর্যন্ত পরিসংখ্যান বলছে, ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ২ হাজার ৪২০ জন। একই সময়ে ডেঙ্গুজনিত কারণে মৃত্যু হয়েছে ১৮ জনের। সরকারি এই পরিসংখ্যানের বাইরে আরও অনেক আক্রান্ত রোগী রয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা।
স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে জনপ্রতিনিধি না থাকায় অন্যান্য বছরের তুলনায় এবার জনসচেতনতামূলক কার্যক্রমে মারাত্মক ভাটা পড়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বিশ্লেষকদের মতে, পূর্বের বছরগুলোতে এপ্রিল মাসে এডিসের লার্ভার ঘনত্ব ছিল ১০ মাত্রার নিচে। এবার এর মধ্যেই ১০ এর ওপরে উঠে গেছে। তাদের ধারণা, মে-জুন মাসে এই ঘনত্ব ২০-এর ওপরে উঠে যাবে। এ পরিসংখ্যানই জানান দিচ্ছে, এ বছর ডেঙ্গু পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে।
গত বছর দেখা গেছে, ডেঙ্গু ঢাকা নগরী ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে সারাদেশে। কোনো কোনো জেলায় ঢাকার চেয়েও বেশি ডেঙ্গু রোগী পাওয়া গেছে। কিন্তু ডেঙ্গুর চিকিৎসা যেহেতু ঢাকাকেন্দ্রিকই বেশি, তাই আক্রান্তও বেশি দেখা যায়।
সাধারণত বর্ষা মৌসুমের শুরুতেই ডেঙ্গুর প্রকোপ বাড়তে থাকে। বিশেষ করে মে-জুন মাসে রোদ-বৃষ্টির সম্ভবনা যত বেশি থাকে এডিস মশার ঘনত্ব তত বৃদ্ধি পাওয়ার শঙ্কা থাকে। ঢাকার দুই সিটি করপোরেশনও এপ্রিল থেকে তাদের কর্মপরিকল্পনা সাজিয়ে থাকে। যদিও সারাবছর ধরেই মশক নিয়ন্ত্রণের কাজ চলে। তবে এডিস মশার জন্য বিশেষ কর্মসূচি এপ্রিল থেকে শুরু হয়। এবারও চলতি সপ্তাহ থেকেই বিশেষ ক্র্যাশ প্রোগ্রাম হাতে নিয়েছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন। এমন বিশেষ অভিযানের কথা দুই সিটি করপোরেশনের প্রশাসক জানালেও মাঠপর্যায়ের পরিস্থিতি ভিন্ন। এখনও মশক নিধনকর্মীদের তৎপরতা দেখা যাচ্ছে না। তা ছাড়া আগে সিটি করপোরেশনকে চাপে রাখত স্থানীয় সরকার মন্ত্রণালয়। এবার ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের খুব বেশি তৎপরতা লক্ষ করা যায়নি। সংশ্লিষ্ট বিষয়ে এ পর্যন্ত মন্ত্রণালয়ে একটি সভা হয়েছে। তবে মাঠপর্যায়ে সেভাবে এখনও গাইড লাইন পৌঁছেনি বলে জানা গেছে।
বিশ্লেষকদের মতে, এবার যেহেতু একটু ভিন্ন প্রেক্ষাপটে ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলা করতে হচ্ছে, তাই সরকারের কঠোর উদ্যোগের আগেই ভয়াবহ রূপ নিতে পারে ডেঙ্গু। কারণ দেশের ১২টি সিটি করপোরেশনের মধ্যে শুধু চট্টগ্রাম সিটি করপোরেশন বাদ দিয়ে বাকিগুলোতে নেই কোনো মেয়র। শুধু তাই নয়, কোনো কাউন্সিলরও নেই। এ ছাড়া পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ- সব প্রতিষ্ঠান জনপ্রতিনিধিহীন। সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের অন্যান্য কাজের পাশাপাশি বাড়তি দায়িত্ব হিসেবে এ সব প্রতিষ্ঠানের প্রধান হিসেবে বসানো হয়েছে। কর্মকর্তাদের অন্যান্য কাজের ভিড়ে ডেঙ্গু নিয়ে আলাদা করে কর্মপরিকল্পনা করা যেমন দুরূহ, তেমনি পরিস্থিতি মোকাবিলা করাও কঠিন হয়ে যাবে।
এ বিষয়ে ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ শুরু করেছি। এবার সেনাবাহিনীর সহযোগিতা নেওয়া হচ্ছে। অতীতে সিটি করপোরেশনে যারা কাজ করতে এসেছেন, তারা বড় ধরনের সিন্ডিকেট করেই কাজ করতেন। এসব বন্ধে বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগী প্রতিষ্ঠান বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরিকে আমরা মশক নিধন কার্যক্রমে যুক্ত করার বিষয়ে পরিকল্পনা নিয়েছি। তিনি বলেন, মশার ওষুধ নিয়ে আমার নিজেরও কনফিউশন রয়েছে। দেখি কেমন ফল দেয়। মানুষকে বলেছি, ওষুধ নিয়ে পরীক্ষা করুন। মশা কতটা মরছে, আমাদের জানান বা কোথাও ওষুধ ছিটানো হচ্ছে কি-না সেটাও জানান। আমরা ব্যবস্থা নেব।
ডিএনসিসি প্রশাসক আরও বলেন, এ বছর আমাদের গরমের আগেই বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টির ফলে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে যাওয়ার হুমকি রয়েছে। তাই বৃষ্টির পরের পরিস্থিতি এই শহরে আমরা সবাই মিলে মোকাবিলা করার চেষ্টা করব। আসলে এডিস মশার লার্ভা বাসাবাড়িতে জন্মায়।
ঢাকার আদাবর থানাধীন শেখেরটেক ৬ নম্বর রোডের সি/৩২ নম্বর বাড়ির মালিক আনিস আহমেদ বলেন, এ বছর এরই মধ্যে চলতি মাসে একবার বৃষ্টি হয়েছে। মশার উৎপাত অনেক বেড়েছে। কিন্তু সিটি করপোরেশনের কর্র্মীদের সক্রিয়তা দেখা যাচ্ছে না। মাঝে মাঝে প্রধান সড়কের দিকে দেখলেও গলিতে খুব বেশি দেখা যায় না। আগে দেখতাম বড় টিম নিয়ে মাঠে নামত। এবার এখনও দেখি নাই। সামনে কেমন হবে জানি না!
মশক নিয়ন্ত্রণে মাঠে নেমেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনও (ডিএসসিসি)। প্রতিষ্ঠানটি গতকাল শুক্রবার ধানমন্ডি থেকে বিশেষ অভিযান শুরু করেছে। এ বিষয়ে ডিএসসিসি প্রশাসক মো. শাহজাহান মিয়া বলেন, আমরা দুই স্তরে প্রস্তুতি নিয়ে কাজ শুরু করেছি। পুরো ডিএসসিসিকে ১০টি জোনে ভাগ করে বিশেষ অভিযান শুরু করা হবে চলতি সপ্তাহে। এ ছাড়া নিয়মিত কর্মসূচি চলমান রয়েছে। জনগণকে সম্পৃক্ত করার জন্য কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
ডেঙ্গু এখন আর শুধু নগরবাসীর মাথাব্যথা নয়। গত দুই বছর ধরে ঢাকার চাইতে ঢাকার বাইরে বেশি রোগী পাওয়া গেছে। এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক ডা. মো. ফরহাদ হোসেন বলেন, এখন আর শুধু শহরে নয়, সারাদেশের মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে। ডেঙ্গু মোকাবিলায় প্রতিরোধ ও চিকিৎসা দুটিই গুরুত্বপূর্ণ। প্রতিরোধের জন্য পরিষ্কার-পরিচ্ছন্নতা জরুরি। বিশেষ করে নির্মাণাধীন ভবনে সাধারণত এডিসের লার্ভা বেশি পাওয়া যায়। সবাইকে ডেঙ্গু প্রতিরোধে সচেতন হতে হবে। ডেঙ্গু আক্রান্ত হলে গাইডলাইন অনুযায়ী সঠিক চিকিৎসা সেবা নিশ্চিত প্রশিক্ষণ প্রদান করা হবে।
ডেঙ্গু নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা কার্যক্রম পরিচালনা করে আসছেন জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. কবিরুল বাশার। এবারের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে তিনি বলেন, বিগত বছরের তুলনায় এবার মনে হচ্ছে বেশি ভোগাবে। আমরা মাঠপর্যায়ে কাজ করে দেখেছি, অন্যান্য বছরে এপ্রিল মাসে যেখানে এডিসের ঘনত্ব থাকত ১০-এর নিচে, এবার এখনই ১০ ছাড়িয়ে গেছে। মে-জুন মাসে এই হার ২০-এর ওপরে চলে যাবে। তাই ডেঙ্গু উৎসতে ধ্বংস করতে না পারলে পরিস্থিত ভয়াবহ হতে পারে।-আমাদের সময়











































