শিগগিরই সার্চ কমিটির মাধ্যমে দুই পদে নতুন নিয়োগ
সৈয়দ রানা কবীর
রক্তক্ষয়ী সংঘর্ষের পর ৬৫ দিন পর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মুহাম্মদ মাছুদ ও প্রো-ভিসি অব্যাহতির ঘোষণায় ৫৭ ঘণ্টা পর অনশন ভেঙে রাতেই আন্দোলনরত শিক্ষার্থীরা আনন্দ মিছিল করেছেন। এক দফা দাবি বাস্তবায়ন হওয়ায় অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানিয়ে বিজয় মিছিল করে শিক্ষার্থীরা। অপরদিকে শিক্ষক সমিতির নেতৃবৃন্দের দাবি সুষ্ঠু তদন্ত ছাড়া চাপের মুখে উপচার্য ও উপ উপাচার্যের অব্যাহতির সিদ্ধান্ত ন্যায় বিচারের পরাজয় হয়েছে। তবে অনতিবিলম্বে একটি সার্চ কমিটি গঠনের মাধ্যমে এ দুটি পদে নতুন নিয়োগ প্রদান করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়।
বুধবার দিবাগত রাত ১ টার পরে তারা অনশন ভাঙেন। এর আগে রাতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মামুন অর রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ভিসি, প্রো-ভিসির অব্যাহতির বিষয়টি নিশ্চিত করা হয়। অব্যাহতির খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে আনন্দ প্রকাশ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। অনশনরত শিক্ষার্থীদের জুস খাইয়ে অনশন ভাঙান বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের প্রতিনিধি দল।
এদিকে বৃহষ্পতিবার বিকাল সাড়ে পাঁচটায় ক্যাম্পাসের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টার এর সামনে থেকে বিজয় মিছিল বের করে শিক্ষার্থীরা। পরে ক্যাম্পাসের শহীদ মিনারের সামনে সংবাদ সম্মেলন করে অন্তর্বর্তীকালীন সরকার, সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধন্যবাদ জানান। আন্দোলন চলাকালীন সময়ে শিক্ষকরা যদি শিক্ষার্থীদের কোন আচারণে কষ্ট পান তার জন্য ক্ষমা চেয়ে দ্রুত শিক্ষা কার্যক্রম চালুর আহ্বান জানান তারা।
অপরদিকে দুপুর দুইটায় কুয়েট শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটির সভা শেষে কুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ফারুক হোসেন গণমাধ্যম কর্মীদের জানান, সুষ্ঠু তদন্ত ছাড়া চাপের মুখে উপচার্য ও উপ উপাচার্যের অব্যাহতির সিদ্ধান্ত ন্যায় বিচারের পরাজয় হয়েছে। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর আমরা বৈষম্যহীন রাজনীতি মুক্ত ক্যাম্পাস চেয়েছিলাম। কিন্তু শিক্ষার্থীরা আজ রাজনীতির অন্ধকার কড়াল গ্রাসে পড়েছে। এ কারনেই ১৮ ফেব্রুয়ারী উদ্ভট পরিস্থিতি নিরসনে শিক্ষকদের প্রচেষ্টা সফল হয়নি।
এ তিনি আরো বলেন, ১৮ ফেব্রুয়ারী সংঘর্ষের ঘটনায় সুষ্ঠু তদন্ত শেষে দোষীদের চিহ্নিত করে শাস্তি না হওয়া পর্যন্ত ক্লাস বর্জনের সিদ্ধান্ত বহাল রয়েছে। পরে শিক্ষার্থীরা ক্যাম্পাসে একটি আনন্দ মিছিল বের করেন।
এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মামুন অর রশিদ স্বাক্ষরিত এক আদেশে বলা হয় কুয়েট সংকট নিরসনে সার্চ কমিটি গঠন করা হবে। কুয়েটে সাম্প্রতিক ঘটনাবলির পরিপ্রেক্ষিতে উদ্ভূত সংকট নিরসন এবং শিক্ষা কার্যক্রম দ্রুত শুরু করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিসি, প্রো-ভিসিকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। অনতিবিলম্বে একটি সার্চ কমিটি গঠনের মাধ্যমে এ দুটি পদে নতুন নিয়োগ প্রদান করা হবে।
অন্তর্বর্তীকালে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত কার্যক্রম চালু রাখার স্বার্থে জ্যেষ্ঠ অধ্যাপকদের মধ্য থেকে একজনকে সাময়িকভাবে উপাচার্যের দায়িত্ব অর্পণ করা হবে বলে জানাগেছে।
উল্লেখ্য, রাজনীতি মুক্ত ক্যাম্পাসের দাবিতে শিক্ষা কর্মসূচিতে গত ১৮ ও ১৯ ফেব্রুয়ারি হামলার ঘটনা ঘটে। এরপরই ধারাবাহিক আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা।
তিনি বলেন, সরকার সব ধরনের পদক্ষেপ নেওয়ার পরও যখন বিষয়টা সুরাহা হচ্ছিল না, তখন উপাচার্য ও উপ-উপাচার্যকে বিষয়টি বিবেচনার জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ করা হয়। ওই কর্মকর্তা আরও বলেন, নিয়ম অনুযায়ী এ অব্যাহতি পত্র বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতির দপ্তরে পাঠানো হবে। তিনি অব্যাহতি পত্র গ্রহণ করলে তা কার্যকর হবে।
২৫ ফেব্রুয়ারি সব আবাসিক হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। এরপর আবাসিক হল খুলে দেওয়ার দাবিতে ১৩ এপ্রিল বিকেল থেকে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন। পরে ৩৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়। ২৩ এপ্রিল সিন্ডিকেটের ১০২ তম সভায় সেই বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। একই সাথে বিকেল থেকে ছাত্রদের ৬টি ও ছাত্রীদের ১টি হল খুলে দেওয়া হয়। আগামী ৪ মে থেকে ক্লাস শুরু করার সিদ্ধান্ত বহাল রয়েছে।











































