Home আঞ্চলিক সুন্দরবনের উপকূল জুড়ে সূর্যমুখীর হাসি, পতিত জমিতে কৃষকের সোনালী বিপ্লব

সুন্দরবনের উপকূল জুড়ে সূর্যমুখীর হাসি, পতিত জমিতে কৃষকের সোনালী বিপ্লব

11


মোঃ নাজমুল, মোরেলগঞ্জ
সূর্য পূর্ব থেকে পশ্চিমে হেলে যায়, আর ঠিক তখনই তার দিকেই মুখ বাড়িয়ে হেসে ওঠে হাজারো সূর্যমুখী। উপকূলীয় লবণাক্ত পতিত জমিতে সেই হাসিই যেন নতুন দিনের স্বপ্ন বুনে দিচ্ছে বাগেরহাটের কৃষকদের মাঠে মাঠে।
বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবনের পাশ ঘেঁষে থাকা মোরেলগঞ্জসহ বাগেরহাট জেলার নয়টি উপজেলার পতিত জমিগুলোতে সূর্যমুখী চাষে এসেছে এক বিপ্লব। অল্প খরচে, কম সময়ে এবং প্রচুর ফলন হওয়ায় কৃষকদের মুখে ফিরেছে সোনালী হাসি। মোরেলগঞ্জ উপজেলার ১৬টি ইউনিয়নের শত শত কৃষক এখন পতিত জমিতে সূর্যমুখী ফুলের শোভা দেখতে দেখতে গুনছেন লাভের অঙ্ক।
চলতি মৌসুমে এই ফসল চাষে প্রতি বিঘায় উৎপাদিত হচ্ছে ৭-৮ মণ বীজ, যার বাজারমূল্য প্রায় ৩৫ থেকে ৪০ হাজার টাকা। অথচ খরচ মাত্র ৫ হাজার টাকা। অর্থাৎ কৃষকরা প্রতি বিঘা জমিতে লাভ করছেন গড়ে ৩০-৩৫ হাজার টাকা!
এই সাফল্যে ভর করে আশপাশের অঞ্চলেও ছড়িয়ে পড়ছে সূর্যমুখী চাষের আগ্রহ। কাঠালতলা, ভাইজোড়া ও বিশারীঘাটা গ্রামের শতাধিক কৃষক এবার প্রায় ২০ হেক্টর পতিত জমিতে সূর্যমুখী চাষ করেছেন।
ভাইজোড়ার কৃষক আব্দুর রহিম হাওলাদার বলেন, “আগে যে জমিতে কিছুই হতো না, এখন সেখানে সূর্যমুখী চাষ করে আয় করছি প্রতি বিঘায় প্রায় ৩৫ হাজার টাকা। এমন আয় আগে কল্পনাও করিনি।”
একই গ্রামের শহিদুল ইসলাম লিটন বলেন, “গত বছরের তুলনায় এবার দ্বিগুণ ফলন পেয়েছি। এই ফসল চাষে শ্রমও কম, অথচ লাভ অনেক বেশি।”
চাষিরা বলছেন, সূর্যমুখী তেল কোলেস্টেরল মুক্ত, যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। নিজেরা খাওয়ার পাশাপাশি বাজারে বিক্রি করেও লাভবান হচ্ছেন তারা।
তাছাড়া সূর্যমুখী বীজ থেকে তেল নিষ্কাশনের পর অবশিষ্ট ছোবরা দিয়ে বায়োগ্যাস তৈরি করা সম্ভবÍযা জ্বালানির সংকট মেটাতে সহায়ক হতে পারে। এজন্য প্রয়োজন সরকারি-বেসরকারি সহায়তা।
কৃষকরা বিনামূল্যে বীজ, সার, প্রশিক্ষণ এবং তেলের প্রসেসিং সুবিধার দাবিও জানিয়েছেন। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. সাইফুল ইসলাম বলেন, “এ বছর মোরেলগঞ্জে ১১০ হেক্টর জমিতে সূর্যমুখী চাষ হয়েছে। আগামীতে এই পরিমাণ আরও বাড়বে বলে আশা করা যায়।”
জেলা কৃষি অফিসের উপপরিচালক শঙ্কর কুমার মজুমদার জানান, “সরকারের নানা প্রণোদনার ফলে কৃষকরা সূর্যমুখী চাষে উৎসাহিত হচ্ছেন। তেলের দাম ভালো, ফলে চাষের ঝোঁক বাড়ছে। এই ফসলের মাধ্যমে খাদ্য নিরাপত্তার পাশাপাশি অর্থনৈতিক সমৃদ্ধিও নিশ্চিত করা সম্ভব।
পূর্বে অনাবাদি পড়ে থাকা জমিতে এখন হলুদ ফুলের হাসিÍযা শুধু সৌন্দর্য নয়, একটি সম্ভাবনার প্রতিচ্ছবি। যদি সরকারি সহায়তা অব্যাহত থাকে, তাহলে খুব শিগগিরই বাগেরহাটের মাটিতে সূর্যমুখী হয়ে উঠবে কৃষি বিপ্লবের নতুন নাম।