স্টাফ রিপোর্টার।।
আজ চাঁদ দেখা গেলে আগামীকাল সোমবার হবে পবিত্র ঈদুল ফিতর। আর যদি চাঁদ না ওঠে তাহলে ঈদ হবে মঙ্গলবার। ঈদুল ফিতরের তারিখ নির্ধারণের লক্ষ্যে আজ জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।
এদিকে সৌদি আরবে আজ রবিবার ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দেওয়া হয়েছে। ইসলামের পবিত্রতম স্থান সৌদি আরবে ১৪৪৬ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে রবিবার (৩০মার্চ) উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। দুই মসজিদভিত্তিক ওয়েবসাইট ইনসাইড দ্য হারামাইন শনিবার (২৯ মার্চ) এ তথ্য জানিয়েছে। চাঁদ দেখা যাওয়ায় এবার দেশটির মানুষ ২৯টি রোজা রাখলেন।
এদিকে ইসলামিক ফাউন্ডেশন সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, রবিবার বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। ১৪৪৬ হিজরির শাওয়াল মাসের চাঁদ দেখা এবং ঈদুল ফিতরের তারিখ নির্ধারণের লক্ষ্যে এ সভা হবে।
ইসলামিক ফাউন্ডেশন জানায়, বাংলাদেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে তা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর অনুরোধ করা হয়েছে।
এদিকে দেশে দেশে শুরু হয়েছে ঈদুল ফিতরের প্রস্তুতি। অপেক্ষা চাঁদ দেখার। রমজান যদি ২৯টা হয় তবে বাংলাদেশে ঈদ সোমবার, ৩০টা হলে মঙ্গলবার।
সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে (শনিবার) চাঁদ দেখা যায়নি। ফলে দেশটিতে ৩১ মার্চ (সোমবার) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। একইভাবে মধ্যপ্রাচ্যের আরেক সংবাদমাধ্যম গালফ নিউজও বলছে, বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপন করা হবে সোমবার।
অপরদিকে ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া আনুষ্ঠানিকভাবে পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে। এই চারটি দেশেই আগামী সোমবার (৩১ মার্চ) উদযাপন হবে পবিত্র ঈদুল ফিতর। শনিবার (২৯ মার্চ) খালিজ টাইমস এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, ইন্দোনেশিয়ায় শনিবার ঈদের চাঁদ দেখা যায়নি। দেশটিতে আগামী সোমবার (৩১ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হবে বলে ঘোষণা করা হয়েছে।
এদিকে মালয়েশিয়াও আনুষ্ঠানিকভাবে ঈদের ঘোষণা দিয়েছে। আগামী সোমবার (৩১ মার্চ) দেশটিতে ঈদ উদযাপন করা হবে। সে হিসেবে এ বছর ৩০টি রোজা পালন করবে মালয়েশিয়া। আজ রোববার সহজেই খালি চোখে শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে বলে আশা করছে দেশটি।
এছাড়াও ভারত ও পাকিস্তানে ৩১ মার্চ ঈদুল ফিতর উদযাপন করা হবে। রোববার খালি চোখে চাঁদ দেখা যাবে দক্ষিণ এশিয়ার এই দেশ দুটিতে।
খুলনায় ঈদুল ফিতরের কর্মসূচি : খুলনায় পবিত্র ঈদ-উল-ফিতর-২০২৫ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপনের লক্ষ্যে সরকারিভাবে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
ঈদ-উল-ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল আটটায় খুলনা সার্কিট হাউজ ময়দানে। এছাড়া সকাল সাড়ে আটটায় খুলনা আলিয়া মাদ্রাসা সংলগ্ন মডেল মসজিদে এবং সকাল নয়টা খুলনা টাউন জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। খুলনা সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় ও ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তত্ত্বাবধানে নগরীর প্রতিটি ওয়ার্ডে পৃথক ঈদের জামাত অনুষ্ঠিত হবে। অন্যান্য মসজিদ ও ঈদগাহসমূহে পরিচালনা কমিটি জামাতের সময় নির্ধারণ করবে।
আবহাওয়া প্রতিকূল থাকলে সকাল আটটায় প্রথম জামাত, নয়টায় দ্বিতীয় এবং সকাল ১০টায় তৃতীয় জামাত খুলনা টাউন জামে মসজিদে অনুষ্ঠিত হবে।
ঈদের দিন সকল সরকারি, আধা-সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত ভবনে যথাযথভাবে সঠিক রঙ ও মাপের জাতীয় পতাকা উত্তোলন করা এবং সূর্যাস্তের পূর্বে নামানো হবে। নগরীর প্রধান প্রধান সড়কসমূহ ও গুরুত্বপূর্ণ চত্বর, সড়কদ্বীপ ও সার্কিট হাউস ময়দান জাতীয় পতাকা ও ঈদ মোবারক (বাংলা ও আরবী) খচিত ব্যানার দিয়ে সজ্জিত করা হবে। বিভিন্ন হাসপাতাল, কারাগার, সরকারি শিশুসদন, ছোটমনি নিবাস, সামাজিক প্রতিবন্ধী কেন্দ্র, শিশু বিকাশ কেন্দ্র, আশ্রয় কেন্দ্র, সেফ হোমস, ভবঘুরে কল্যাণ কেন্দ্র ও দুস্থ কল্যাণ কেন্দ্রে এ উপলক্ষে বিশেষ খাবার পরিবেশন করা হবে। ঈদ-উল-ফিতরের গুরুত্ব সম্পর্কে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সুবিধামত সময়ে সেমিনার ও আলোচনা সভার আয়োজন করা হবে।









































