Home বিনোদন দিঠির ব্যতিক্রম ঈদ

দিঠির ব্যতিক্রম ঈদ

80


স্টাফ রিপোর্টার

গাজী মাজহারুল আনোয়ারের সুযোগ্য কন্যা দিঠি আনোয়ার। ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত বেশ কিছু গানের মাধ্যমে প্রশংসিত হয়েছেন তিনি। তবে এবারের ঈদটি এ শিল্পীর কাছে কিছুটা ব্যতিক্রম। কারণ গত সরকারের আমলে ১৫ বছর তাকে বাংলাদেশ টেলিভিশনের কোনো অনুষ্ঠানে ডাকা হয়নি। তবে সময়ের পালাবদলে এবারের ঈদে বিটিভি জুড়েই দেখা মিলবে দিঠি আনোয়ারের। সবমিলিয়ে বলা চলে দিঠির এবারের ঈদটি সব থেকে ব্যতিক্রম হতে চলেছে। তিন তিনটি অনুষ্ঠান নিয়ে এবার তিনি হাজির হবেন বিটিভিতে। এ তিনটিরই সঞ্চালনা করেছেন দিঠি। মিউজিক্যাল এ অনুষ্ঠান তিনটি হলো- ‘প্রিয় শিল্পীর প্রিয় গান’, ‘সেদিন দুজনে’ এবং ‘সুরের ভুবনে’। এ বিষয়ে দিঠি আনোয়ার বলেন, এবার বিটিভিতে বেশ কিছু অনুষ্ঠান সঞ্চালনা করছি। গত ১৫ বছরে তো আমাকে বিটিভি’র কোনো কিছুতেই ডাকা হয়নি। মাঝেমধ্যেই বিষয়টি নিয়ে মন খারাপ হতো। কারণ শত হলেও রাষ্ট্রীয় টেলিভিশন এটি। আসলে শিল্পীদের দল দিয়ে বিচার করা উচিত নয়। আশা করবো সামনেও এটা হবে না। দিঠি উচ্ছ্বসিত কণ্ঠে বলেন, ভালো লাগছে অনেকদিন পর এবার ঈদে তিনটি সুন্দর সংগীতানুষ্ঠান উপস্থাপনা করতে পেরে। এদিকে বিটিভি’র বাইরেও তিনি দেশ টিভিতে ঈদের ‘প্রিয়জনের গান’ অনুষ্ঠান উপস্থাপনা করবেন। অন্যদিকে ঈদের ষষ্ঠ দিন এশিয়ান টিভি’র লাইভে গাইবেন দিঠি আনোয়ার।