খুলনাঞ্চল রিপোর্ট
আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে ‘গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ মঞ্চ’ নামে একটি নতুন প্ল্যাটফর্ম ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার আগ পর্যন্ত এই প্ল্যাটফর্ম আন্দোলন চালিয়ে যাবে বলে ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা।
শুক্রবার (২১ মার্চ) বিকাল ৪টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এই প্ল্যাটফর্ম ঘোষণা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী এবি জুবায়ের।
তিনি বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে এই প্ল্যাটফর্ম আন্দোলন চালিয়ে যাবে। যতদিন পর্যন্ত এই সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করবে না ততদিন পর্যন্ত এই প্ল্যাটফর্ম আন্দোলন চালিয়ে যাব।
শনিবার (২২ মার্চ) বিকাল ৫টায় রাজু ভাস্কর্যের পাদদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ ও গণহত্যার দাবিতে এই মঞ্চের উদ্যোগে অবস্থান কর্মসূচি পালন করার ঘোষণা দেওয়া হয়। কর্মসূচি ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ। তিনি বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।











































