বিনোদন ডেস্ক।।
ঢাকাই চলচ্চিত্রের নায়িকা আফিয়া নুসরাত বর্ষা সিনেমা ছাড়ার ঘোষণা দিলেন। বৃহস্পতিবার (২০ মার্চ) স্বামী অনন্ত জলিলের সঙ্গে এক সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে এমন সিদ্ধান্তের কথা জানান বর্ষা।
সিনেমা ছাড়ার কারণ হিসেবে বর্ষা বলেন, ‘আমার বড় ছেলের বয়স ১০, ছোট ছেলের ৭। কয়েক বছর পরই বড় ছেলের ১৪-১৫ বছর হয়ে যাবে। তখন সে যদি দেখে মা সিনেমার নায়িকা, তখন কি ভাববে? এসব চিন্তা করেই সিনেমা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
তিনি আরো বলেন, ‘হাতে কয়েকটি সিনেমা আছে, এগুলো শেষ করতে করতেই বেশ সময় চলে যাবে। এরপর আমি আর নতুন কোনো সিনেমা করব না। এরপর আর সিনেমা করাটাও সুন্দর দেখায় না। কারণ একটা বয়স পর্যন্ত মানুষের নায়িকা ভাব থাকে। আমার মনে হয়, সেই সময়টা চলে গেছে।’
এ সময় অনন্ত জলিল বলেন, ‘এখন যারা আমাদের দেশে নায়িকা হিসেবে কাজ করছেন তাদের অনেকের চেয়ে বর্ষার বয়স কম। তাও সে এ কথা বলছে।’
উল্লেখ্য, ২০১০ সালে ‘খোঁজ: দ্য সার্চ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় বর্ষার। এতে তার বিপরীতে অভিনয় করেন অনন্ত জলিল। ২০১১ সালের ২৩ সেপ্টেম্বর ভালোবেসে ঘর বাঁধেন এই তারকা জুটি। তাদের সংসারে আরিজ ইবনে জলিল ও আবরার ইবনে জলিল নামে দুই পুত্রসন্তান রয়েছে।











































