Home আঞ্চলিক যন্ত্রপাতি চলে গেছে অন্যত্র, পড়ে আছে কোটি টাকার হ্যাচারি ভবন

যন্ত্রপাতি চলে গেছে অন্যত্র, পড়ে আছে কোটি টাকার হ্যাচারি ভবন

14


নিজস্ব প্রতিনিধি
সরকারি হাঁস মুরগি পালন কেন্দ্রে ডিম ফুটানো হ্যাচারিতে রয়েছে মূল্যবান মেশিন। তবে তা ব্যবহার না হওয়ায় সরকারের কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হয়ে গেছে। অন্য ফার্ম থেকে বাচ্চা নিয়ে বিক্রি করাই এখন কাজ। এমন পরিস্থিতিতে ধ্বংসের মুখে সাতক্ষীরার পোল্ট্রি শিল্প। লোকসান গুনতে হচ্ছে ফার্ম মালিকদের। তবে প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের দাবি, বর্তমানে হ্যাচারি নেই। যন্ত্রাংশ অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে। ১৯৮৫ সালে সাতক্ষীরার রসুলপুর এলাকায় তিন একর জমির উপর গড়ে তোলা হয় সরকারি হাঁস মুরগি প্রজনন ও উন্নয়ন খামার। ব্যবস্থাপকের কার্যালয় হলেও একজন পোল্ট্রি ডেভেলপমেন্ট অফিসার দিয়ে কাজ চলছে। সরকারের কোটি কোটি টাকা খরচ করে অফিসসহ সেখানে নির্মাণ করা হয় একটি হ্যাচারি ভবন। যা এখন অকেজো।
বাচ্চা লালন পালনের জন্য চারটি সেডের মধ্যে একটি সচল। বাইরের জেলা থেকে বাচ্চা কিনে এ শিল্পকে টিকিয়ে রাখার চেষ্টা খামার মালিকদের। তবে খরচ বেড়ে যাওয়ায় ধ্বংসের মুখে এই শিল্প। এজন্য সরকারের সুদৃষ্টি কামনা করেছেন খামারি ও ব্যবসায়ীরা। সরকারি হাঁস মুরগির হ্যাচারি ফের চালুর দাবি তাদের। খামারিরা বলেন, চাহিদা অনুযায়ী মুরগির বাচ্চা পাওয়া যাচ্ছে না। যাও মিলছে, তাও কিনতে হচ্ছে বেশি দামে।
সাতক্ষীরা পোল্ট্রি মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজন বলেন, হ্যাচারিটি অবিলম্বে চালু করতে হবে। এটি চালু হলে সাতক্ষীরা পোলট্রি শিল্প লাভবান হবে। খামারিরাও স্বাবলম্বী হতে পারবেন। তবে প্রতিষ্ঠানটির কর্মকর্তার দাবি, হ্যাচারির যন্ত্রাংশ অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে। এটি চালুর বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস তার। সাতক্ষীরা পোল্ট্রি ডেভেলপমেন্ট অফিসার মো. গোলাম মোস্তফা রাশেদ বলেন, হ্যাচারির যন্ত্রপাতি অন্য জায়গায় স্থানান্তর করা হয়েছে। এতে বন্ধ রয়েছে হাঁস-মুরগির বাচ্চা উৎপাদন। তবে এটি পুনরায় চালুর বিষয়ে চেষ্টা করা হবে। সাতক্ষীরায় বর্তমানে প্রায় ৭ হাজার পোল্ট্রি খামার রয়েছে। সেখানে অন্য জেলার হ্যাচারি থেকে সরবরাহকৃত মাত্র ৫ হাজার ২শ বাচ্চা সরবরাহ করা হয়। যদিও সরকারি মুরগি প্রজনন ও উন্নয়ন খামারে বাচ্চা সরবরাহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৫ হাজার।