বিএনপির থানা ঘেরাও কর্মসূচির পর ভাঙচুরের অভিযোগে মামলা, গ্রেপ্তার ১
যশোর অফিস
‘দাগী অপরাধীদের’ আটকের পর থানা থেকে ছেড়ে দেওয়ার অভিযোগে যশোরের মণিরামপুর থানা ঘেরাওয়ের পর সেখানে ত্রাস ও ভাঙচুরের অভিযোগে সোমবার পুলিশ মামলা করেছে।
এই ঘটনায় দুইজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৪-১৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পুলিশ একজনকে গ্রেফতার করেছে।
রবিবার বিকেলে মণিরামপুর উপজেলা বিএনপির বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টুর নেতৃত্বে দলের নেতাকর্মীরা থানা ঘেরাও করেন। বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ থানা ঘেরাও কর্মসূচিতে অংশ নেন।
এদিকে, থনায় ঢুকে ত্রাস সৃষ্টি, সরকারি কাজে বাধাদান ও ভাংচুরের অভিযোগে পুলিশ কনস্টেবল শেখর কুমার দত্ত বাদী হয়ে মণিরামপুর থানায় মামলা করেছেন। মামলা নম্বর ১২/১৭.০২.২০২৫। মামলায় থানায় অনধিকার প্রবেশ, সরকারি কাজে বাধা দান, ত্রাস সৃষ্টি এবং থানার পুলিশ তদারকি পোস্ট(সেন্ট্রি পোস্ট) ভাঙচুরের অভিযোগ আনা হয়েছে।
এ ঘটনায় পুলিশ মামলার আসামি মাকসিদুল আলম সোহানকে গ্রেফতার করেছে। মাকসিদুল আলম মণিরামপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সদ্য বহিস্কৃত আহ্বায়ক।
গতকাল বিকেলে থানা ঘেরাওকালে বিএনপি নেতারা অভিযোগ করেন, মণিরামপুর থানার ওসি নূর মোহাম্মদ গাজী সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আসামিদের ধরে আনছেন ঠিকই। কিন্তু রহস্যজনক কারণে তিনি তাদের আদালতে সোপর্দ না করে থানা থেকেই ছেড়ে দিচ্ছেন।
তাদের দাবি, ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে বিএনপিসহ বিরোধী দলীয় নেতাকর্মীদের ধরে এনে সাজানো মামলায় হাজতে পাঠানো হতো। চালানো হতো অকথ্য নির্যাতন। সেসময় পুলিশের নির্বিচার চাঁদাবাজির ভয়ে অসংখ্য নেতাকর্মী বাড়ি তো দূরের কথা আশপাশের এলাকায়ও থাকতে পারেননি। এখন দাগী অপরাধী হওয়ার পরও তাঁদেরকে ছেড়ে দেওয়া ফ্যাসিস্টদের সহযোগিতার নামান্তর।
কর্মসূচিতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু বলেন, আটকের পর দুই দিনে সাতজন চিহ্নিত অপরাধীকে ছেড়ে দিয়েছেন মণিরামপুর থানার ওসি। কেন ওসি এটা করছেন তা বোধগম্য হচ্ছে না। এর মধ্যে নিশ্চয় কিন্তু আছে।
সমাবেশে নেতারা হুশিয়ারি দিয়ে বলেন, যদি থানা থেকে আসামি ছেড়ে দেওয়া বন্ধ না হয় তাহলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে। ঘেরাও কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দীক, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাস, উপজেলা যুবদলের আহ্বায়ক মোতাহরুল ইসলাম রিয়াদ, সদস্য সচিব সাইদুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিল্লাল গাজী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইউনুস আলী জুয়েল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান এবং সদস্য সচিব মাসুদ গাজী। মামলার বিষয়টি নিশ্চিত করে মণিরামপুর থানার ওসি নূর মোহাম্মদ গাজী বলেন, ত্রাস সৃষ্টি, সরকারি কাজে বাধাদান,সেন্ট্রি পোস্ট ভাংচুরের ঘটনায় একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
ওসি আরও বলেন, আসামি ধরে ছেড়ে দেওয়ার অভিযোগ ঠিক নয়। পুলিশ আসমি ধরে আদালতে সোপর্দ করে। জামিন পেয়ে বেরিয়ে এলে পুলিশের করার কিছুই থাকে না।
ইন্দুরকানীতে পূজায় বরাদ্ধের অর্থ আত্মসাতের অভিযোগ
ইন্দুরকানী প্রতিনিধি
পিরোজপুরের ইন্দুরকানীতে পূজায় বরাদ্ধের টাকা আত্মসাতের অভিযোগ উপজেলা পূজা উদযাপন পরিষদের সম্পাদকের বিরুদ্ধে। আত্মসাতের টাকা ফেরত পেতে দক্ষিণ ইন্দুরকানী শ্রী শ্রী হরিগুরু সার্বজনীন পূজা মন্দিরের সিপিসি সৌরভ মিস্ত্রী উপজেলার নির্বাহী কর্মকর্তার কাছে এ সংক্রান্ত লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সুত্রে জানা যায়, জগদ্ধাত্রী পূজা অনুষ্ঠানের জন্য ইন্দুরকানী উপজেলা পরিষদের দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগ কর্তৃক উক্ত মন্দিরে ৫০০ কেজি চাল বরাদ্ধ দেওয়া হয়। যার বাজার মূল্য পচিশ হাজার টাকা। নিয়মানুসারে মন্দির পূজা উদযাপন প্রকল্প কমিটি এই চাল উত্তোলন করার কথা থাকলেও উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বিকাশ হালদার তিনি নিজেই চাল উত্তোলন করে বিক্রী করে টাকা নিয়ে ভারতে চলে যায়। তিনি ফিরে আসার পর মন্দির কমিটি টাকার জন্য বার বার তার সাথ যোগাযোগ করলেও তিনি কোন সাড়া দেন নি।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বিকাশ হালদার বলেন, জগদ্ধাত্রী পূজার ১১টি মন্দিরের টাকা আমরা উত্তোলন করে স্ব-স্ব মন্দির কমিটির কাছে পৌছে দিয়েছি। কিন্ত ওই মন্দিরের কমিটি নিয়ে অভিযোগ থাকায় প্রকল্প কমিটিকে টাকা দেওয়া হয়নি।
পূজা মন্ডপের প্রকল্প কমিটির সভাপতি সৌরভ মিস্ত্রী বলেন, “আমি পূজা মন্ডপ ও প্রকল্প কমিটির সভাপতি। পূজা সংক্রান্ত সকল খরচ আমি করেছি। বরাদ্ধকৃত চাল আমার উত্তোলন করার কথা। কিন্ত আমাকে না জানিয়ে উপজেলা পূজা উদযাপন কমিটির সম্পাদক উক্ত টাকা উঠিয়ে নিয়েছে। আমি এখন পর্যন্ত কোন টাকা পাইনি বরং গ্রামবাসীর ক্ষোভের শিকার হচ্ছি।”
রূপসায় আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা
রূপসা প্রতিনিধি
উপজেলা আইন শৃংখলা কমিটির সভা সোমবার বেলা ১১টায় অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডু।
এসময় বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি অপ্রতীম কুমার চক্রবর্তী, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান, উপজেলা স্বাস্থ্য দপ্তরের আবাসিক মেডিকেল অফিসার আরএমও ডা. মো:শাহিন।
এসময় বক্তৃতা ও উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা মো: ফরিদ হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: রাকিবুল ইসলাম, উপজেলা প্রকৌশলী শোভন সরকার, যুব উন্নয়ন কর্মকর্তা শেখ বজলুর রহমান,
পল্লী বিদ্যুৎ এর এজিএম আ. হালিম খান, ফায়ার সার্ভিস এর মোশারেফ হোসেন, কাজদিয়া সরকারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অজিত সরকার, আলাইপুর কলেজের অধ্যক্ষ আবু সাইদ খান, রূপসা কলেজের অধ্যক্ষ ভারপ্রাপ্ত মো:শহিদুল্লাহ, মাদ্রাসা সুপার মাওলানা শফিউদ্দীন নেছারী, উপজেলা বিএনপির সদস্য সচীব জাবেদ হোসেন মল্লিক, উপজেলা জামায়াতের আমীর মাওলানা লবিবুল ইসলাম, মুক্তিযোদ্ধা মো: রফিকুল ইসলাম, আ:মালেক শেখ,
ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মো: আছাবুর রহমান, মো:ইলিয়াজ শেখ, শফিকুল ইসলাম, মো: জিয়াউল হক, উপজেলা দুনীর্তি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মো: ওবায়দুল্লাহ, প্রধান শিক্ষক চাদ সুলতানা, বিএনপি নেতা এস এম এ আ:মালেক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি জিএম আসাদুজ্জামান,প্রেসক্লাব রূপসার সভাপতি রাজু আহমেদ খান শহীদ,
রূপসা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আ:রাজ্জাক শেখ ছাত্রপ্রতিনিধি তামিম হাসান লিয়ন, ফাহাদ উদ্দীন পারভেজ, তরিকুল ইসলাম প্রমূখ। এরপরই ২১ফেব্রুয়ারী উদযাপনের লক্ষে প্রস্তুতি ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়।
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগের গুরুত্বারোপ
সাতক্ষীরা প্রতিনিধি
সোমবার সকাল ১১টায় স্বদেশ সভাকক্ষ, কাটিয়া, সাতক্ষীরাতে, বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স এর সহযোগিতায় জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করে সাতক্ষীরা জলবায়ু অধিপরামর্শ ফোরামের অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব, স্থানীয় অভিযোজন কৌশল, দুর্যোগ সহনশীলতা এবং টেকসই উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে বিশদ আলোচনা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি প্রফেসর মোঃ আব্দুল হামিদ। সভায় আরো উপস্থিত ছিলেন ফোরামের সদস্য সচিব মাধব চন্দ্র দত্ত , আবুল কালাম আজাদ, শেখ আফজাল হোসেন, জোৎস্না দত্ত, একোব্বর হোসেন, আমিনা বিলকিস ময়না, নিত্যানন্দ সরকার সহ আরো অনেকে। তারা জলবায়ু পরিবর্তনের ফলে উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড়, লবণাক্ততার বৃদ্ধি, নদীভাঙন ও কৃষিতে নেতিবাচক প্রভাবের বিষয়গুলো তুলে ধরেন। ফোরামের আলোচনায় জলবায়ু সহনশীল অবকাঠামো নির্মাণ, ক্ষুদ্র কৃষকদের সহায়তা, বনায়ন বৃদ্ধি, সুপেয় পানির সংকট নিরসন এবং স্থানীয় পর্যায়ে জলবায়ু অভিযোজন পরিকল্পনা বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
সভায় বক্তারা বলেন, “সাতক্ষীরা বাংলাদেশের সবচেয়ে জলবায়ু পরিবর্তনের ফলে ঝুঁকিপূর্ণ জেলা। তাই স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে দীর্ঘমেয়াদী অভিযোজন পরিকল্পনা গ্রহণ করতে হবে।” তারা আরও উল্লেখ করেন যে, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে মুক্তি পেতে সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধি করা প্রয়োজন।
অংশগ্রহণকারীরা সরকারের জলবায়ু তহবিলের কার্যকর ব্যবহার, আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির প্রয়োজনীয়তা এবং স্থানীয় পর্যায়ে সচেতনতা বাড়ানোর সুপারিশ করেন।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে, জলবায়ু অভিযোজন ও প্রশমন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনার জন্য নিয়মিত সমন্বয় সভা আয়োজন করা হবে এবং সাতক্ষীরার ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য বিশেষ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এছাড়া ও সভায় জলবায়ু পরিবর্তন রোধকল্পে আগামী ৬ মাসের জন্য কিছু কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। সভায় আলোচিত পরিকল্পনাসমূহ উপকূলের জনমানুষের অধিকার রক্ষায় কার্যকরী ভূমিকা রাখবে বলে ফোরামের প্রত্যাশা।
দর্শনায় ভারতীয় ফেনসিডিলসহ গ্রেপ্তার ১
দামুড়হুদা প্রতিনিধি
চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশের বিশেষ অভিযানে ২০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ ১ ব্যাক্তি গ্রেফতার হয়েছে।
রবিবার রাত ১০ টায় দর্শনা থানার অফিসার ইনচার্জ মুহম্মদ শহীদ তিতুমীর এর তত্বাবধানে দর্শনা থানার এসআই (নিঃ) মোঃ মাসুদুর রহমান সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানার আকুন্দবাড়ীয়া তমালতলায় এক অভিযান চালায়। এসময় আকুন্দবাড়িয়া গ্রামের দেলবার হোসেনের ছেলে ১। মোঃ নজরুল ইসলাম কে গ্রেফতার করে। পরে তার দেহ তল্লাশী করে বিশেষ কায়দায় রাখা ৪০ হাজার টাকা মূল্যের ২০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দর্শনা থানায় মামলা হয়েছে।
শ্যামনগরে পাওনা টাকা ও বসতভিটা উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন
শ্যামনগর প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগরের দাতিনাখালীতে বসতভিটা উদ্ধারের দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৭ ফেব্রুয়ারি (সোমবার) শ্যামনগর উপজেলা প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে দাতিনাখালী গ্রামের আব্দুল হাকিম গাজীর স্ত্রী রাশিদা খাতুন জানান, তার দেবর আবুল বাসার এর নিকট থেকে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার দলুয়া গ্রামের মোঃ তোফাজ্জেল হোসেনের পুত্র মোঃ মজিরুল ইসলাম, মেহেদী হাসান (পদ্মা কাঁকড়া প্রজেক্ট পরিচালক), শ্যামনগরের পানখালী গ্রামের মানিক গাজীর পুত্র মোঃ জামাল হোসেন ( অপর পরিচালক পদ্মা), কে ২০২০ ইং সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ৫ বছর মেয়াদী মাসিক ৬ হাজার টাকা করে প্রসেসিং সেন্টার ভাড়া চুক্তিপত্র করেন। কিন্তু ভাড়া চুক্তিপত্রের শর্ত অমান্য করে ১৩ মাসের ভাড়া ৭৫ হাজার টাকা না দিয়া আরো দুই বছর চুক্তির মেয়াদ বাড়ানোর জন্য হুমকী দিচ্ছে। এ বিষয়ে বুড়িগোয়ালিনী ইউনিয়নের চেয়ারম্যান নিকট অভিযোগ করলে চেয়ারম্যান উভয় পক্ষের উপস্থিতিতে শুনানী করে আব্দুল হাকিম এর পাওনা ৮৪ হাজার ৯০০টাকা ও তার ভাই আবুল বাসার এর পাওয়া ১ লাখ ১৫ হাজার ছয় শত টাকাসহ ঘর ছেড়ে দেওয়ার জন্য নির্দেশ দিয়ে প্রতিবেদন প্রদান করেন। এছাড়া কলবাড়ি গ্রামের আঃ মজিদ এর পুত্র মোকারম বিল্লাহ ও তার ভাই আবু বক্কর সিদ্দিক ১৮ লাখ ৫০ হাজার টাকা এবং জান্নাত এন্ড মদীনা এগ্রো ফার্ম এর স্বত্বাধিকারী আলীমউদ্দীন মান্নান ৫১ লাখ ৪৮ হাজার টাকা পদ্মা ট্রেড ইন্টারন্যাশনাল এর নিকট পাওনা রয়েছে। পাওনাকৃত টাকা ও বসত ঘর নিজ মালিকানায় বুঝে পেতে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী মহল।
হত্যা মামলার আসামী হাকিমকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন
শ্যামনগর প্রতিনিধি
সুন্দরবনের ত্রাস, চিহ্নিত চাঁদাবাজ, হত্যা মামলার আসামী ও সাজাপ্রাপ্ত অভিযোগে শেখ আব্দুল হাকিমের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয়রা জানান, ১৬ ফেব্রুয়ারি (রবিবার) সাতক্ষীরার শ্যামনগরের গাবুরায় উপকূলীয় জনপদ গাবুরাবাসীর আয়োজনে শত শত নারী, পুরুষ ও শিশুরা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন। গত সেপ্টেম্বর নির্মানাধীন দোকানের দখল নিয়ে বিরোধের জেরে গাবুরার ডুমুরিয়া এলাকায় দুই ভাই সহ কয়েকজন জোট বদ্ধ হয়ে পল্লী চিকিৎসক আব্দুল আজিজকে মারপিট করে। পরে তাকে (পল্লী চিকিৎসক আব্দুল আজিজ) উদ্ধার করে সন্ধ্যার দিকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের মেয়ে মোছাঃ আজমুন নাহার বাদি হয়ে তার দুই চাচা আব্দুল হাকিম, আব্দুর রশিদসহ চাচাত ভাই আব্দুল বারিক, আব্দুল আলিম ও আব্দুর রউফকে আসামী করে শ্যামনগর থানায় একটি হত্যা মামলা করে। শ্যামনগর থানা মামলা নং ২৩(০৯)২৪। এ হত্যা মামলা ও অন্য মামলায় সাজাপ্রাপ্ত আসামি কথিত সাংবাদিক আব্দুল হাকিমের মামলায় জামিন দিয়ে এসে মামলার সাক্ষী ও বাদীসহ তার পরিবারকে বিভিন্নভাবে হুমকি ও মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করার আস্ফোরণ করার অভিযোগ পাওয়া গেছে । এ ঘটনায় মামলা ৪ নম্বর সাক্ষী আইয়ুব আলী গত ১৪/২/২০২৫ তারিখে আসামি শেখ আব্দুল হাকিম, আব্দুল বারিক, আব্দুল আলিম ও আব্দুর রউফকে বিবাদী করে শ্যামনগর থানায় ৬৭০ নং জিডি করে। এরপরও হুমকি অব্যাহত থাকায় শেখ আব্দুল হাকিমকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। আইয়ুব আনছারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন মামলার বাদি আজমুন নাহার কুইন।
এসময় অন্যান্যের মধ্যে স্থানীয় ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য জিএম মনজুর হোসেন ছাড়াও খায়রুল ইসলাম মিলন, আলামিন সবুজ, অহিদুজ্জামান আপু, পারুল আক্তার, আবু বক্কর সিদ্দিক, শেখ শহিদুল ইসলাম, আজমুন নাহার কুইন, ফারুক কয়াল ও সুমন প্রমূখ উপস্থিত ছিলেন।
বক্তারা অভিযোগ করেন সম্প্রতি উচ্চ আদালত থেকে জামিন নিয়ে এলাকায় ফিরেছে আব্দুল আজিজ হত্যা মামলার আসামী আব্দুল হাকিম। এলাকায় ফিরেই তিনি বাদির ভোগ দখলীয় ব্যবসা প্রতিষ্ঠান দখলের হুমকি দিচ্ছে। এমনকি ঘরের দখল না পেলে সেখানে আগুন লাগিয়ে দেয়ার পাশাপাশি ম্যিথা ও হয়রানীমুলক মামলা দিয়ে ক্ষতিগ্রস্থ করারও হুমকি দিচ্ছে। এ ব্যাপারে শেখ আব্দুল হাকিম কে দ্রুত গ্রেফতারের দাবী করেছেন এলাকাবাসী।
রূপসায় মহান শহীদ দিবস
পালন উপলক্ষে উপজেলা বিএনপির প্রস্তুতিমূলক সভা
রূপসা প্রতিনিধি
রূপসায় উপজেলা বিএনপির আয়োজনে আগামী ২১ ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা সোমবার দুপুরে টিএসবি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন রূপসা উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা সাইফুর রহমান। বক্তৃতা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক, সিনিয়র যুগ্ম আহবায়ক বিকাশ মিত্র,যুগ্ম আহবায়ক আবুল কালাম গোলদার, রবিউল ইসলাম রবি, টিএসবি ইউনিয়ন বিএনপির আহবায়ক খান আনোয়ার হোসেন, ঘাটভোগ ইউনিয়ন বিএনপির আহবায়ক এসএম আ: মালেক, নৈহাটি ইউনিয়ন বিএনপির আহবায়ক মহিউদ্দিন মিন্টু, ঘাটভোগ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মিকাইল বিশ্বাস, কৃষকদল নেতা কবির শেখ, খন্দকার শরিফুল ইসলাম, বিএনপি নেতা হাফিজুর রহমান, হাকিম কাজী, সাবেক ছাত্রনেতা ইসরাইল বাবু, বিএনপি নেতা নজরুল ইসলাম, জাহাঙ্গীর হালদার, টিএসবি ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব নাঈম আহম্মেদ, জাকির শেখ, বলরাম নন্দী, শরীফা ইয়াসমিন, আরমান মল্লিক প্রমূখ।
উল্লেখ্য আগামী আগামী ২১ ফেব্রুয়ারি যথাযথ মর্যাদায় পালন করা লক্ষ্যে দিবাগত রাত ১২.০১ মিনিটে উপজেলা বিএনপির পক্ষ থেকে উপজেলা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাজ্ঞাপন করা হবে।
পিরোজপুরে খাল থেকে যুবকের অর্থগলিত লাশ উদ্ধার
পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের নেছারাবাদে খাল থেকে ভাসমান অবস্থায় আনুমানিক ৩৫ বছর বয়সী অজ্ঞাত এক যুবকের অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে নেছারাবাদের সুটিয়াকাঠী গ্রামের জোড়া ব্রিজ এলাকার কেরানি বাড়ির সামনের খালে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। পিরোজপুরের সহকারি পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল) সাবিহা মেহেবুবা বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল সাড়ে দশটার দিকে নেছারাবাদের সুটিয়াকাঠী গ্রামের জোড়া ব্রিজ এলাকার কেরানি বাড়ির সামনের রাস্তা দিয়ে পথচারীরা বাজারে যাবার সময় খালের মধ্যে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পায়। পরে স্থানীয় চৌকিদারকে জানালে তিনি নেছারাবাদ থানায় অভিহিত করলে নেছারাবাদ থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
স্থানীয় চৌকিদার মোঃ কাজী সবুজ মিয়া বলেন, সকাল সাড়ে দশটার দিকে স্থানীয়দের মাধ্যমে লাশ উদ্ধারের বিষয়টি জানতে পেরে থানায় জানালে পুলিশ লাশটি উদ্ধার করে।পিরোজপুরের সহকারি পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল) সাবিহা মেহেবুবা ঘটনা স্থল পরিদর্শন করেছেন।
এ বিষয়ে পিরোজপুরের সহকারি পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল) সাবিহা মেহেবুবা বলেন, অজ্ঞাত একজন যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। তাতক্ষণিক ভাবে লাশ সনাক্ত করা সম্ভব হয়নি। লাশ ময়না তদন্তের জন্য পিরোজপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
কেরুজ চিনিকল পাওয়া ৪বোমা বিস্ফোরণ ঘটালো সেনাবাহিনী
দামুড়হুদা প্রতিনিধি
চুয়াডাঙ্গার দর্শনার কেরু এ্যান্ড কোম্পানি লিমিটেডের (চিনিকল) নফর সংগঠনের কার্যালয়ের পিছনে পাওয়া ৪টি শক্তিশালী বোমা সেনাবাহিনীর একটি দল বিস্ফোরণের মাধ্যমে নিস্ক্রিয় করেছে।
সোমবার বিকেল সাড়ে ৪ টার দিকে কেরু কোম্পানি চত্বরে যশোর ক্যান্টনমেন্ট ৫৫ পদাতিক ব্যাটালিয়নের ক্যাপ্টেন নাফিসের নেতৃত্বে ১৪ সদস্যের একটি দল বোমাগুলো নিস্ক্রিয় করেন।এগুলো শক্তিশালী ছিল বলে তারা সাংবাদিকদের জানান। উল্লেখ্য রোববার কেরু এ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেড এলাকায় তল্লাশি চালিয়ে যৌথবাহিনী দুপুরে ৪টি শক্তিশালী বোমা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।২৪ ঘন্টারও বেশি সময় আইন শৃঙ্খলা বাহিনী বোমাগুলো ঘিরে রেখে অবশেষে এগুলো বিস্ফোরণ ঘটনা হয়।
এর আগে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ও শনিবার (১৫ ফেব্রুয়ারী) কেরু এ্যান্ড কোম্পানির জেনারেল অফিস সংলগ্ন ক্লাবের পাশ থেকে দুটি সাদা ও লাল টেপ মোড়ানো বোমাও বিস্ফোরণ ঘটালো হয়েছিল। দর্শনা থানা পুলিশের পরিদর্শক (ওসি) মুহম্মদ শহীদ তিতুমীর বলেন, এ ঘটনায় জড়িতদের সনাক্তে পুলিশ কাজ করছে।
পাইকগাছায় ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার আয়োজন
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠান সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনার উপ পরিচালক কৃষিবিদ কাজী জাহাঙ্গীর হোসেন। প্রকল্প উপস্থাপন করেন ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের প্রকল্প পরিচালক কৃষিবিদ শেখ ফজলুল হক মনি।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ একরামুল হোসেন। কৃষি সম্প্রসারণ অফিসার এসএম মনিরুল হুদার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত উপ পরিচালক কৃষিবিদ আব্দুস সোবহান, ইউআরসি ইনস্ট্রাক্টর ঈমান উদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, পৌর সদস্য সচিব মোস্তফা মোড়ল উপজেলা সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন। বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দিন আহমেদ, উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বিশ্বজিৎ দাশ, উপ সহকারী কৃষি কর্মকর্তা শেখ তোফায়েল আহমেদ তুহিন, আবুল কালাম আজাদ, এনামুল হক, সাংবাদিক পূর্ণ চন্দ্র মন্ডল ও খোরশেদ আলম, কৃষক শ্যামপদ মন্ডল, অনুকূল ব্যানার্জি ও মাধবী লতা।পরে এক বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষি অফিস চত্বরে এ মেলার আয়োজন করে। মেলায় ১০ টি স্টলের মাধ্যমে স্মার্ট কৃষি প্রযুক্তি প্রদর্শন করা হয়। এছাড়া মেলায় ৩০ জন গাছিকে কোকোনাট ক্লাইম্বার প্রদান করা হয়।
পাইকগাছা উপজেলা প্রশাসনের শহিদ দিবসের প্রস্তুতি সভা
পাইকগাছা প্রতিনিধি
২১ ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে পাইকগাছা উপজেলা প্রশাসনের এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসারে মাহেরা নাজনীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মোঃ ইফতেখারুল ইসলাম শামীম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ একরামুল হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম সিদ্দিকুর রহমান তালুকদার, মেডিকেল অফিসার ডাঃ সঞ্জয় কুমার মন্ডল, উপাধ্যক্ষ মিহির বরণ মন্ডল, রেজাউল ইসলাম, এস আই বাবলা দাশ, মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, ইউআরসি ইনস্ট্রাক্টর ঈমান উদ্দিন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, পৌর বিএনপির আহবায়ক সেলিম রেজা লাকি, সদস্য সচিব মোস্তফা মোড়ল, উপজেলা সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, মুক্তিযোদ্ধা রণজিৎ সরকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, আনসার ও ভিডিপি কর্মকর্তা মৌলুদা খাতুন, প্রভাষক আবু সাবাহ, প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দিন, সাংবাদিক পূর্ণ চন্দ্র মন্ডল ও খোরশেদ আলম। সভায় একুশের প্রথম প্রহরে শহীদ বেদীতে পুষ্প স্তবক অর্পণ, ২১ ফেব্রুয়ারি, সকাল ৮ টায় প্রভাত ফেরী ও সকাল ১০টায় আলোচনা সভা সহ যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস পালনে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
পাইকগাছায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক (ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয় ভিত্তিক কুইজ ও কাবিং) প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ ও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস দিনব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করে।
উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহার সভাপতিত্বে প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। বিশেষ অতিথি ছিলেন ইউআরসি ইনস্ট্রাক্টর ঈমান উদ্দিন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার সঞ্চয় দেবনাথ, শেখ ফারুক হোসেন, দেবাশীষ দাশ, আসাদুজ্জামান, ঝংকার ঢালী, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি রবীন্দ্রনাথ রায়, সাধারণ সম্পাদক নুরুজ্জামান, সহকারী শিক্ষক সমিতির সভাপতি এসকে আসাদুল্লাহ মিঠু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক মিলিজিয়াসমিন, সেলিনা পারভীন, খলিলুর রহমান, জয়া দাশ।
বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাংবাদিক পূর্ণ চন্দ্র মন্ডল, শিক্ষক আলমগীর আলম ও এসএম আমিনুর রহমান লিটু, শিক্ষার্থী তাসনিয়া নূর রোজা ও হিরণ সরকার। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রধান শিক্ষক মহাসিন আযম, সুশান্ত কুমার শীল ও শিক্ষক তাফরোজা নুর চিশতী। প্রতিযোগিতায় ৫৪ টি ইভেন্টে ১৬৭ টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে। বিকালে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।
বাজুয়ার ঐতিহ্যবাহী ৫৬ প্রহরব্যাপী মহানামযজ্ঞ শুরু
দাকোপ প্রতিনিধি
খুলনার দাকোপের বাজুয়ার ঐতিহ্য বাহী ৪৫তম বর্ষীয় ৫৬ প্রহরব্যাপী মহা নামযজ্ঞ ১৭ ফেব্রুয়ারি সোমবার থেকে শুরু হয়েছে। আর এই মহা নামযজ্ঞের প্রথম দিনে মেলার সার্বিক পরিচালনার দ্বায়িত্ব পালন করেছে লাউডোবের বাদাম তলা মাধ্যমিক বিদ্যালয়। সকালে বিশাল র্যালি শোভাযাত্রা সহকারে আর্য্য হরিসভার মহাপরিচালক সরোজিত কুমার রায়সহ তারা তাদের দ্বায়িত্ব পালন করার জন্য আর্য্য হরি সভা প্রাঙ্গণে উপস্থিত হন।
এ সময়ে আর্য্য হরি সভা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক প্রবীর রায় বাপ্পি ও কোষাধ্যক্ষ দীপক কুমার সরদার সহ পরিচালনা কমিটির সকলে তাদেরকে স্বাগত জানান। পরিচালনা কমিটি জানান ৭ দিন ব্যাপি এই মহানাম যজ্ঞ আজ থেকে শুরু হলো যা আগামী ২৪ ফেব্রুয়ারি-২০২৫ ইং সোমবার প্রত্যুষে নামভঙ্গ, নগর পরিক্রমা, মহোৎসব, দধি ভঙ্গ ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে শেষ হবে এই মহানাম যজ্ঞ। আর্য্য হরি সভার মহাপরিচালক বলেন এবার বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে সুনামধন্য ৮ টি কীর্তণ দল মহানাম পরিবেশন করবেন। তারা হলেন খুলনা থেকে আগত শ্রীবাস সম্প্রদায়, বাগেরহাট জেলা থেকে আগত শ্রী অদ্বৈত সম্প্রদায়, ফরিদপুর জেলা থেকে আগত কৃষ্ণবাসুদেব সম্প্রদায়, গোপালগঞ্জ জেলা থেকে আগত শ্রী কৃষ্ণ কানাই সম্প্রদায়, পিরোজপুর থেকে আগত শ্রীশ্রী রাইরসোরাজ সম্প্রদায়, খুলনা থেকে আগত আদি রাধাগোবিন্দ সম্প্রদায়, মাদারীপুর থেকে আগত জয় নিতাই সম্প্রদায়, গোপালগঞ্জ থেকে আগত নিত্য গোপাল সম্প্রদায়। হরিসভার কোষাধ্যক্ষ ও বিএনপি নেতা দীপক কুমার সরদার বলেন দেশের বাহিরে ও দেশের বিভিন্ন এলাকা থেকে লাখো লাখো ভক্তের সমাগমে মুখরিত হবে আমাদের এই শ্রী অঙ্গন।
সামেক হাসপাতালে রোগি ভর্তি করে হয়রানির অভিযোগ, ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন
সাতক্ষীরা প্রতিনিধি
পায়ের ভাঙাহাড়ে বসানো প্লেট খুলে ফেলার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে অর্থপেডিক বিভাগের চিকিৎসকদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে। এঘটনায় হয়রানির স্বীকার রোগির স্ত্রী সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বরারব অভিযোগ দাখিল করেন। এরই প্রেক্ষিতে পরিচালকের নির্দেশে এক সপ্তাহ পর ৩সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রোববার রাতে মেডিকেল কলেজ হাসপাতালের অফিস সহকারী আব্দুস সাত্তার এতথ্য নিশ্চিত করেছেন।
গঠিত তদন্ত টিমের প্রধান হিসেবে রাখা হয়েছে অর্থপেডিক বিভাগের বিভাগীয় প্রধান ডা. চিত্ত রঞ্জন রায়, তদন্ত কমিটির সদস্য সচিব মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি পরিচালক ডা. অজয় কুমার সাহা ও তদন্ত কমিটির সদস্য গাইনি বিশেষজ্ঞ ডা. কানিজ ফাতিমা। নির্দেশনা প্রাপ্তির ৪৮ ঘন্টার মধ্যে সার্বিক ঘটনা ক্ষতিয়ে দেখে পরিচালক বরাবর তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান এই কর্মকর্তা।
অভিযোগকারি সাতক্ষীরা পৌর এলাকার মেহেদীবাগের বাসিন্দা আছমা খাতুন জানিয়েছেন, তার অসুস্থ্য স্বামী মাসুম হোসেনকে নিয়ে ও তার শ^াশুর সিরাজুল ইসলাম বাবু গত ১৬ জানুয়ারী ২০২৫ সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে যান ইতোপূর্বে ভেঙে যাওয়া ডান পায়ের থাই সংলগ্ন বসানো প্লেট বের করার জন্য। ওইদিন ভর্তি হন মেডিকেলে। ৩দিন পর তাকে অর্থপেডিক বিভাগের ১৭ নং বেড দেওয়া হয়। এরপর অপরেশন নিয়ে শুরু হয় টালবাহানা। এক পর্যায়ে পরিচালককে জানানোর পর তিনিই ২৫ জানুয়ারি অপরেশনের দিন নির্ধারণ করেন।
আছমা খাতুন তার লিখিত অভিযোগে জানিয়েছেন, ওইদিন সকালে তার স্বামীর পায়ের প্লেট বের করার জন্য ওটির আগের রুমে নিয়ে রাখা হয়। সেখানে সকাল থেকে অর্থপেডিক বিভাগের রোগির অপরেশন চলছিল। শুরু থেকেই পর্যায়ক্রমে ৪জন রোগির অপরেশন হয়। তখন সেখানে ৫জন অর্থপেডিক ডাক্তার ছিলেন। এরপর ৪জন ডাক্তার ওটি থেকে বের হয়ে যান। অবশেষে ডাক্তার ভবতোষ কুমার মন্ডল (বি কে মন্ডল) তার স্বামীর অপরেশন শুরু করেন। পা ওপেন করেই প্লেটের দুইটা স্ক্রুপ খুলে আর খোলা যাচ্ছেনা বলে ওই স্ক্রুপ দুটি লাগিয়ে দিয়ে সেলাই করে দেন এবং তাদেরকে জানান ওই প্লেট থাকলে কোন সমস্যা হবেনা।
বিষয়টি শুনে চরম হতাশ হয়ে পরদিন সকালে পরিচালককে জানালে তিনি নিজেই তাদেরকে জানান, স্ক্রুপের মাথা সমান হয়ে যাওয়ায় স্ক্রুপ খোলা যাইনি। ২৬ জানুয়ারী সন্ধ্যায় কর্তৃপক্ষের কাছে ছাড়পত্র চাইলে তারা দিতে রাজি হননি। একপর্যায়ে রোগি নিয়ে মেডিকেল ছেড়ে বেরিয়ে এসে শহরের একটি ক্লিনিকে নিয়ে যাই। সেখানে যাওয়া মাত্রই তাৎক্ষণিক আমার স্বামীর অপরেশন করে প্লেট বের করে বেডে দেন। বের করা প্লেট ও স্ক্রুপ দেখে বোঝাই যাচ্ছে যে তার মাথা ক্ষয়ে যাইনি। একেবারেই নতুন। সেখানে ৩দিন চিকিৎসা নিয়ে আমরা বাড়িতে চলে আসি। এখন প্রায় সুস্থ্য আমার স্বামী।
অভিযোগকারি বলেন, স্বামীর চিকিৎসা নিতে গিয়ে যে প্রতারণা ও হয়রানি হয়েছি এর সাথে যেসমস্ত চিকিৎসক ও সেবিকারা জড়িত তদন্তে তাদেরকে চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে। তিনি বলেন, দু একটি ঘটনার সুষ্ট তদন্ত হলে এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে কতিপয় চিকিৎসকদের অপচিকিৎসা ও আর্থিক ক্ষতি থেকে জেলাবাসী মুক্তি পাবে।
ঝাউডাঙ্গা কলেজে জেলা তথ্য অফিসের নারী সমাবেশ বাস্তবায়ন
সাতক্ষীরা প্রতিনিধি
১৭ ফেব্রুয়ারি সকাল ১০টায় সদর উপজেলার ঝাউডাঙ্গা কলেজ হলরুমে নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা তথ্য অফিস, সাতক্ষীরার আয়োজনে ঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য প্রদান করেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, ঝাউডাঙ্গা মাদ্রাসার সহকারী অধ্যাপক মোঃ ইকবাল হোসেন, ঝাউডাঙ্গা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক পরিমল কুমার ঘোষ, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জেসমিন নাহার। মোঃ মনিরুজ্জামানের সঞ্চালনায় নারী সমাবেশ ও মতবিনিময় সভায় শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন একাদশ শ্রেণির শিক্ষার্থী শাহনাজ পারভেজ শিমু।
অনুষ্ঠানে শোষণমুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ, দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠন, সরকারি সেবা প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, বাল্যবিবাহ প্রতিরোধ, মানবপ্রচার প্রতিরোধ, গুজব প্রতিরোধ, সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যহার নিশ্চিতকরণ, নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা ইত্যাদি বিষয়ে বক্তাগণ বক্তব্য প্রদান করেন।
জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম জানান, শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরণের উদ্বুদ্ধকরণ অনুষ্ঠান বৈষম্যহীন ও তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণে সহায়ক হবে।
৭ বিয়ে করা সেই রবিজুলের নামে থানায় মানব পাচারের অভিযোগ
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার সেই ৭ বিয়ে করা রবিজুল ইসলামের বিরুদ্ধে মানব পাচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সিরাজ শেখ নামে এক ভুক্তভোগী যুবকের বাবা ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় লিখিত অভিযোগ করেছেন।
গত ৫ ফেব্রুয়ারি দায়ের করা অভিযোগে রবিজুল, তার বাবা আয়নাল এবং স্ত্রী রুবি খাতুনের নাম উল্লেখ করা হয়েছে।
ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
রবিজুল ইসলাম (৪০) কুষ্টিয়া সদর উপজেলার মিয়াপাড়া গ্রামের বাসিন্দা। তিনি পেশায় মাইক্রোবাস চালক ছিলেন। জীবিকার তাগিদে পাড়ি জমিয়েছিলেন লিবিয়ায়। ১৫ বছর লিবিয়ায় থাকার পর দেশে ফিরে ৭ বিয়ে করে আলোচনায় আসেন তিনি।
পুলিশ ও ভুক্তভোগী পরিবার জানায়, দুই বছর আগে সদর উপজেলার জগতি কৃষকপাড়ার সিরাজ শেখের ছেলে তানজিলকে ইতালিতে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে ১১ লাখ টাকার বিনিময়ে লিবিয়া পাঠিয়ে দেন রবিজুল। সেখানে সাত-আট মাস কাজ করানোর পর তানজিলকে মানব পাচারকারী চক্রের হাতে বিক্রি করে দেওয়ার অভিযোগ করেছেন সিরাজ শেখ। পরে তিনি ছেলেকে মুক্ত করতে ধারদেনা করে ৩৪ লাখ টাকা তুলে দেন। কিন্তু দফায় দফায় টাকা নেওয়ার পরও দালালরা ছেলেকে মুক্ত করেনি বলে তিনি জানান। অবশেষে প্রায় ১০ মাস পর ১১ ফেব্রুয়ারি বন্দিশালা থেকে ছাড়িয়ে ছেলেকে লিবিয়ায় এক পরিচিত জনের কাছে তানজিলকে তিনি রেখেছেন। এখন ছেলেকে দেশে ফেরাতে বিমানভাড়া জোগাড় করতে পারছেন না তিনি।
পেশায় মোটর মেকানিক সিরাজ শেখ বলেন, ‘‘আমার সুখের সংসার ছিন্নভিন্ন করে দিয়েছে রবিজুল। তানজিল কুষ্টিয়া ইসলামিয়া কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিল। প্রলোভন দেখিয়ে ছেলেকে ইতালি পাঠানোর নাম করে লিবিয়া পঠিয়েছে। মাফিয়া চক্রের কাছ থেকে ছেলেকে ছাড়াতে ভিটেমাটি বিক্রি করে দিয়ে এখন জগতির রেলের জায়গায় থাকতে হচ্ছে।’’
সিরাজ শেখ বলেন, ‘‘ছেলেকে ছাড়াতে দফায় দফায় মোট ৩৪ লাখ টাকা দালালকে দিয়েছি। এরপর টাকা চাইলেও আর দিতে পারিনি। অবশেষে গত ১১ ফেব্রুয়ারি তানজিল বন্দিশালা থেকে মুক্তি পেয়েছে।’’
‘‘মানব পাচারকারী চক্রের হোতা রবিজুল একসময় লিবিয়ায় থাকলেও বর্তমানে বাংলাদেশেই সক্রিয়। তার ৭টি বিয়ে হয়েছে এবং বর্তমানে ৫ স্ত্রীকে নিয়ে আত্মগোপনে আছে।’’ বলেও জানান ভুক্তভোগী বাবা।
এ বিষয়ে জানতে রবিজুলের মুঠোফোনে যোগাযোগ করা হলে ফোনটি বন্ধ পাওয়া যায়।
ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন, ‘‘ভুক্তভোগী এক যুবকের বাবা থানায় অভিযোগ দিয়েছেন। অভিযোগের ভিত্তিতে রবিজুলের বাবা ও স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।’’
কুষ্টিয়ায় বৃদ্ধের রক্তাক্ত মরদেহ উদ্ধার
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় আতিয়ার খাঁ (৬৫) নামের এক বৃদ্ধকে দুর্বৃত্তরা হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের জোতপাড়া গ্রামের একটি ফসলি খেতে রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা।
নিহত আতিয়ার খাঁ উজানগ্রাম ইউনিয়নের শ্যামপুর দুর্বাচার গ্রামের ঝড়ু খাঁর ছেলে। কুষ্টিয়া মডেল থানার পরিদর্শক (অপারেশন) আব্দুল আলীম বলেন, ‘‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত চলছে।’’
কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান ঝন্টু বলেন, ‘‘সকালে মাঠের ভেতর আতিয়ারের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা। তার শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তবে কে বা কারা তাকে মেরেছে, জানা যায়নি।’’
কুষ্টিয়ায় ৭৪ কোটি টাকার মাদক ধ্বংস
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় ৭৪ কোটি ৩১ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার সকালে বিজিবির কুষ্টিয়া সদরদপ্তরে প্রশিক্ষণ মাঠে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
বিজিবি জানায়, গত একবছর অর্থাৎ ২০২৪ সালের ১ ফেব্রুয়ারি থেকে চলতি বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়। যার মূল্য ৭৪ কোটি ৩১ লাখ ১৯ হাজার ৭১০ টাকা।
জব্দ মাদকের মধ্যে রয়েছে- ১১ হাজার বোতল ফেনসিডিল, ৯ হাজার ৩৬৮ বোতল বিদেশি মদ, ১২৭.৬৫০ কেজি ভারতীয় গাঁজা, ৮ কেজি ৬৫৭ গ্রাম হেরোইন, ৭ হাজার ২৪৭ পিস ইয়াবা ট্যাবলেট, ১ হাজার ৩৫০ পিস ভায়াগ্রা, ১ লাখ ৮৬ হাজার ৭৪৭ পিস সিলডিনাফিল ট্যাবলেট, ৯৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১ লাখ ২৪ হাজার ৫৭৭ পিস পাতার বিড়ি, ৪ কেজি ক্রিস্টল মেথ আইস, ৫৬ বোতল এলএসডি, ৯৮০ গ্রাম আফিম ও ৯ বোতল সাপের বিষ।
বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়নের সেক্টর সদরদপ্তরের কমান্ডার কর্নেল মো. মারুফুল আবেদীন বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে আমরা এই কার্যক্রম করেছি। এই ধারা অব্যাহত থাকবে। যে কোনো মূল্যে আমরা দেশকে মাদকমুক্ত রাখতে বদ্ধপরিকর।
পেঁয়াজ চাষিদের মানববন্ধন
মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরের মুজিবনগরে পেঁয়াজের ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন করেছেন চাষিরা। সোমবার বিকেলে উপজেলার কেদারগঞ্জ বাজারে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, যখন পেঁয়াজের মৌসুম শুরু হয় ঠিক তখন পেঁয়াজ আমদানি করে সরকার। এর ফলে লোকসানের মুখে পড়েন চাষিরা। এবারও তার ব্যতিক্রম নয়। ভারত থেকে পেঁয়াজ আমদানিতে প্রভাব পড়েছে স্থানীয় বাজারে।
তারা বলেন, মেহেরপুরের শিক্ষিত যুবকরা আসছে কৃষি উদ্যোক্তা হিসেবে। পেঁয়াজের ন্যায্য দাম না পেলে ভাটা পড়বে এসব উদ্যোক্তাদের প্রচেষ্টায়।
বর্তমানে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ২২-২৪ টাকা দরে। বাজার নিম্নমুখী রয়েছে বলে জানান চাষিরা। এ সময় সড়কে পেঁয়াজ ছিটিয়ে প্রতিবাদ জানান তারা।
ফেন্সিডিল ইয়াবাসহ আট লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল আটক
সাতক্ষীরা প্রতিনিধি
সোমবার সাতক্ষীরা ৩৩ বিজিবি এর অধিনস্থ পদ্মশাখরা, গাজিপুর, বৈকারী, তলুইগাছা, কাকডাঙ্গা এবং ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পে সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে মাদকদ্রব্যসহ আট লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল আটক করে।
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গাজিপুর বিওপির বিশেষ আভিযানে ২০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করা হয়। কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানে ৯৫০ পিস ভারতীয় ইয়াবা আটক করা হয়েছে। একই বিওপির পৃথক আরো তিনটি আভিযানে ১ লাখ ৩২ হাজার টাকা মূল্যের ভারতীয় সাইকেল ও শাড়ি আটক করা হয়েছে।
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পদ্মশাখরা বিওপির বিশেষ আভিযানে ১ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করা হয়। বৈকারী বিওপির বিশেষ আভিযানে ১ লাখ ৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। তলুইগাছা বিওপির বিশেষ আভিযানে ৭২ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও বোরকা আটক করে। এছাড়াও, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প পৃথক দুইটি আভিযানে ৩০ হাজার ২০০ টাকার মূল্যর পাতার বিড়ি ও ভারতীয় নাইটি আটক করে। আটক মালামালের সর্বমোট মূল্য ৮ লাখ ১৪ হাজার ৪০০ টাকা।
বিজিবি জানায়, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।
বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরী করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা হয়েছে।
কালিগঞ্জের কৃষ্ণনগর কৃষি ব্যাংকে হিসাব খোলার ক্যাম্পেইন
কালিগঞ্জ প্রতিনিধি
বাংলাদেশ কৃষি ব্যাংক কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর শাখার উদ্যোগে হিসাব খোলার ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
কৃষি ব্যাংকে হিসাব খুলুন, আমানত নিরাপদে রাখুন’ স্লোগানে রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টায় কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের হলরুমে এ ক্যাম্পেইন অনুষ্ঠানে কৃষ্ণনগর শাখা ব্যবস্থাপক আ.ন.ম আরিফ রওশন এর সভাপতিত্বে ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন ডিজিএম ও সাতক্ষীরার মূখ্য আঞ্চলিক ব্যবস্থাপক এস.এম. এ কাইয়ুম।সিনিঃ অফিসার রনজিৎ কুমার সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভীন, ব্যাংকের কর্মকর্তা তৌহিদুর রহমান, উত্তম কুমার মন্ডল, সুমেত গাইন।
গ্রাহকদের মধ্যে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন সরদার মোস্তফা আলী, জাবেদ আজাদ, আব্দুর রাজ্জাক, মহিউদ্দিন সরদার, নাহিদ ইসলাম টুটুল, তপন কুমার রায় প্রমুখ।অতিথিবৃন্দরা বক্তব্য বলেন, কৃষি ব্যাংক গণমানুষের ব্যাংক হিসেবে সর্বস্তরের জনগণের আস্থা অর্জন করেছে। কৃষি ব্যাংক সেবার মানে এগিয়ে রয়েছে। এছাড়া মুনাফার হার বেশী হওয়ায় কৃষি ব্যাংকে হিসাব খোলার জন্য বক্তারা সবার প্রতি আহবান জানান।
তালার ইউপি চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু গ্রেপ্তার
সাতক্ষীরা প্রতিনিধি
তালার খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলুকে গ্রেপ্তার করেছে তালা থানা পুলিশের একটি দল। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে তালা থানার পুলিশের একটি দল তালা শহীদ মুক্তিযোদ্ধা কলেজ মোড় হতে প্রণব ঘোষ বাবলুকে গ্রেপ্তার করা হয়।
চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং তালা প্রেসক্লাবের সাবেক সভাপতি। একই সাথে তিনি তালা উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করছিলেন।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনটি ইটভাটা মালিককে আড়াই লক্ষ টাকা জরিমানা
আশাশুনি প্রতিনিধি
আশাশুনিতে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩ ইট ভাটা মালিককে আড়াই লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার বিকালে উপজেলার কুল্যা ইউনিয়নে অবস্থিত ৩ ইট ভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস সোমবার বিকাল ৪ টা থেকে ৫ টা পর্যন্ত বিভিন্ন ইট ভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় জ্বালানী হিসাবে কয়লার পরিবর্তে কাঠ ও টায়ারের গুড়া ব্যবহার করতে দেখতে পান। অপরাধ প্রমানিত হওয়ায় ইট প্রস্তুত ও ভাটা নির্মান আইন ২০১৩ এর ৭ ধারায় ইরামনি ব্রিক্স মালিককে ১ লক্ষ টাকা, আঁখি ব্রিক্স মালিককে ১ লক্ষ টাকা ও এসএবি ব্রিক্স মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
আশাশুনিতে শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতি সভা
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১.৩০ টায় উপজেলা পরিষদ সমেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়ের সঞ্চালনায় সভায় আলোচনা রাখেন উপজেলা জামায়াত আমীর আবু মুছা তারিকুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক স ম হেদায়েতুল ইসলাম, সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন, জাকির হোসেন বাবু, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নোমান হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিত মজুমদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইফুল ইসলাম, সমাজ সেবা অফিসার রফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার আতিয়ার রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাশ, উপজেলা শিক্ষা অফিসার স্বপন কুমার বর্মন, প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম মুকুল, আশাশুনি প্রেস ক্লাবের সভাপতি জি এম আল ফারুক, প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় ২০ ফেব্রুয়ারি রচনা, চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, ২১ ফেব্রুয়ারী রাত ১২.০১ মিনিটে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন, সুর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন, সকালে প্রভাত ফেরী, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ এবং মসজিদে দোয়া অনুষ্ঠান, মন্দির ও গীর্জায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
দরগাহপুরে অস্ত্রবিহীন মৌলিক প্রশিক্ষণ
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার দরগাহপুর ইউনিয়নে গ্রাম পরাযায়ে অস্ত্র বিহীন মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় খরিয়াটী মাধ্যমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দুপুর একটা পর্যন্ত বিরতিহীন প্রশিক্ষণ অনুষ্ঠানে ৩২ জন মহিলা এবং ৩২ জন পুরুষ অংশ গ্রহন করেন। প্রশিক্ষণ প্রদান করেন,
খরিয়াটী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চিত্ত রঞ্জন মন্ডল, উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের প্রশিক্ষক সুজন মিত্র, প্রশিক্ষিকা খাদিজা খাতুন। অনুষ্ঠানে ইউনিয়ন দলনেতা রজব আলী, ইউনিয়ন দলনেত্রী হাস্নাহেনা, দলনেতা স্বরূপ গাজী, আশাশুনি প্রেস ক্লাবের সদস্য শেখ ইয়াসির আরাফাত প্রমুখ উপস্থিত ছিলেন।
এক্সিলেন্ট ওয়ার্ড এগ্রো ফুড এন্ড কসমেটিক্সের সেমিনার
ফুলবাড়ীগেট প্রতিনিধি
এক্সিলেন্ট ওয়ার্ড এগ্রো ফুড এন্ড কসমেটিক্স লিঃ কর্তৃক আয়োজিত হেলস ও বিজনেস সেমিনার সোমবার বেলা ১১ টায় শিরোমনিস্থ আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন ওয়ার্ল্ড এগ্রো ফুডের জিএম মোঃ মশিউর রব তাপস।
এজিএম তানজিলা আক্তার এর পরিচালনায় বক্তৃতা করেন মার্কেটিং অফিসার বায়েজিদ শেখ রয়েল, নারী বিষয়ক সম্পাদক ও মার্কেটিং অফিসার ইসরাত জাহান ইতি, সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ খুলনা বিভাগীয় সভাপতি এ এইচ এম শাহীন, সাধারণ সম্পাদক এস এম ইলিয়াস হোসেন, শেখ রবিউল ইসলাম, আসাদুল ইসলাম, মোহাম্মদ ইয়াসিন মোড়ল, মোহাম্মদ জাহিদুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মহানগর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল ২০২৫
সভাপতি পদে ৩ সাধারণ সম্পাদক পদে ৩ সাংগঠনিক সম্পাদক পদে ৬ জনের মনোনয়নপত্র সংগ্রহ
স্টাফ রিপোর্টার
খুলনা মহানগর বিএনপি’র দ্বি-বার্ষিক কাউন্সিল’২৫ এ সভাপতি পদে ৩, সাধারণ সম্পাদক পদে ৩জন ও সাংগঠনিক সম্পাদক পদে ৬জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। নির্বাচন পরিচালনা কমিটির পুর্বনির্ধারিত তফসিল মোতাবেক সোমবার সকাল সাড়ে ১০ টা থেকে বেলা ১টা পর্যন্ত সাধারণ নেতাকর্মীদের সাথে নিয়ে উৎসবমুখোর পরিবেশে এসব মনোনয়নপত্র সংগ্রহ করেন প্রার্থীরা।
নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক এড. মাসুদ হোসেন রনি জানান, সভাপতি পদে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন এড. এস এম শফিকুল আলম মনা, তারিকুল ইসলাম জহির, সাহাজী কামাল টিপু। সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন শফিকুল আলম তুহিন, কাজী মাহমুদ আলী ও নাজমুল হুদা চৌধুরী সাগর এবং সাংগঠনিক সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছে ৬জন যথাক্রমে শের আলম সান্টু, মাসুদ পারভেজ বাবু, মাহবুব হাসান পিয়ারু, হাসানুর রশিদ চৌধুরী মিরাজ, তারিকুল ইসলাম তারিক ও শেখ সাদী।
মহানগর বিএনপির মিডিয়া সেলের আহবায়ক মিজানুর রহমান মিলটন জানান, ২০২১ সালের ৯ ডিসেম্বর আহ্বায়ক কমিটি গঠনের পর খুলনা মহানগর বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল আগামী ২৪ ফেব্রুয়ারি সার্কিট হাউস ময়দানে সম্মেলন অনুষ্ঠিত হবে। উক্ত সম্মেলনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি (ভার্চুয়্যাল) ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। পুর্ব ঘোষিত তফসিল অনুযায়ী সোমবার রাত সাড়ে ৯টার মধ্যে মনোনয়নপত্র জমা দিতে হবে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে যাচাই-বাছাই ও বিকেলে প্রত্যাহার করা যাবে। একই দিন সন্ধ্যায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। তিনি আরো জানান, মূলত দলের ৫টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। সভাপতি, সাধারণ সম্পাদক ছাড়াও সাংগঠনিক সম্পাদকের তিনটি পদে নগরীর ৫ থানার ৫০৫ জন কাউন্সিলর ভোট প্রদান করবেন। নির্বাচনে ছবিযুক্ত ভোটার তালিকা ব্যবহার করা হবে। ইতিমধ্যে ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন পরিচালনা কমিটি। এছাড়া সম্মেলন সফল করতে ২১টি উপ-কমিটি গঠন করা হয়েছে।
খুলনায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানসূচি
তথ্য বিবরণী
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে জাতীয় কর্মসূচির আলোকে খুলনা জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে (০০.০১টায়) শহিদ হাদিস পার্কে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হবে। সূর্যোদয়ের সাথে সাথে সকল শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনসমূহে সঠিক নিয়মে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।
ঐদিন সকাল সাড়ে নয়টায় নগরভবনে সিটি কর্পোরেশনের আয়োজনে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বাদজোহর বা সুবিধামত সময়ে সকল মসজিদে ভাষা শহিদদের রুহের মাগফেরাত, দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মাহফিল এবং মন্দির, গীর্জা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। প্রার্থনার সময় ভাষা শহিদদের সঠিক নাম ব্যবহার করতে হবে। বিকেল চারটায় বয়রাস্থ বিভাগীয় গণগ্রন্থাগার প্রাঙ্গণে অমর একুশের বইমেলার মঞ্চে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ছয়টায় শহিদ হাদিস পার্কে খুলনা জেলা তথ্য অফিস চলচ্চিত্র প্রদর্শন ও একুশের পোস্টার প্রদর্শনীর আয়োজন করবে।
শহিদ হাদিস পার্কে সন্ধ্যা সাড়ে ছয়টায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান, ছড়া পাঠ, চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।
শহিদ দিবস উপলক্ষ্যে চিত্রাংকন প্রতিযোগিতা ১৯ ফেব্রুয়ারি
তথ্য বিবরণী
শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ শিশু একাডেমি খুলনা জেলা কার্যালয়ের আয়োজনে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
১৯ ফেব্রুয়ারি বিকাল তিনটায় বাংলাদেশ শিশু একাডেমি খুলনা জেলা কার্যালয়ে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার ক-বিভাগ: শিশু থেকে দ্বিতীয় শ্রেণি, বিষয়: শহিদ মিনার, মাধ্যম: উন্মুক্ত, খ-বিভাগ: তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি, বিষয়: প্রভাতফেরি, মাধ্যম: জল রং ও প্যাস্টেল রং, গ-বিভাগ ষষ্ঠ থেকে ১০ম শ্রেণি, বিষয়: ভাষা আন্দোলন, মাধ্যম: জল রং/প্যাস্টেল রং এবং ঘ-বিভাগ: কেবল বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য, বিষয় ও মাধ্যম উন্মুক্ত।
২১ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ছয়টায় শহিদ হাদিস পার্কে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, চিত্রাংকন প্রতিযোগিতার ক্ষেত্রে শিশু একাডেমি শুধু কাগজ সরবরাহ করবে অন্যান্য প্রয়োজনীয় উপকরণ প্রতিযোগিদের সাথে আনতে হবে।
খুবিতে ইউজিসির আয়োজনে আইপিআর বিষয়ক কর্মশালা
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এর আয়োজনে সোমবার সকালে ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য ইন্টেলেকচুয়াল প্রোপার্টি রাইটস (আইপিআর) নিশ্চিতকরণ সংক্রান্ত কর্মশালা (ব্যাচ-৩)’ অনুষ্ঠিত হয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয়ের ১নং একাডেমিক ভবনের ইউআরপি লেকচার থিয়েটারে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন ইউজিসির সদস্য প্রফেসর ড. মাছুমা হাবিব।
তিনি বলেন, সৃজনশীল কাজ, উদ্ভাবন এবং অন্যান্য বুদ্ধিবৃত্তিক আবিষ্কারের জন্য প্রদত্ত আইনি অধিকারই হচ্ছে আইপিআর। উন্নত বিশ্বে এটি ব্যাপকভাবে জনপ্রিয় হলেও বাংলাদেশে অপেক্ষাকৃত জটিল প্রক্রিয়ার কারণে তেমনভাবে জনপ্রিয় হচ্ছে না। তাই ইউজিসি আইপিআরকে জনপ্রিয় করতে ধারাবাহিকভাবে এ ধরনের কর্মশালা আয়োজন করছে।
তিনি আরও বলেন, সময়ের চাহিদা পূরণে ইউজিসির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্তর্জাতিক মানসম্পন্ন বিভিন্ন বিষয়ে দক্ষতা বৃদ্ধিতে নানা উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ তাদের ইনোভেটিভ আইডিয়া, পেটেন্টেবল প্রোপার্টি ইউজিসিতে প্রেরণ করলে ইউজিসি একটি সেলের মাধ্যমে ল’ইয়ার পুল গঠন করে দ্রুততম সময়ের মধ্যে রেজিস্ট্রেশন পেতে সহযোগিতা করার উদ্যোগ নেবে। তিনি শক্তিশালী আইপিআর গড়ে তুলতে পেটেন্ট রেজিস্ট্রেশন প্রক্রিয়া সহজীকরণে গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় বিভিন্ন ইমú্যাক্টফুল গবেষণা হচ্ছে। বিশেষত জীব বিজ্ঞান স্কুলে বিভিন্ন রকম গবেষণার ফলাফল আসছে যা পেটেন্ট করা সম্ভব। তবে বিভিন্ন ধরনের জটিলতার কারণে পেটেন্ট রেজিস্ট্রেশন করা অদ্যবধি সম্ভব হয়নি। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের রিসার্চ এন্ড ইনোভেশন সেন্টারের মাধ্যমে পেটেন্ট ডেভেলপমেন্ট সেল এবং টিটিও গঠন করে আইপিআর রেজিস্ট্রেশনের উদ্যোগ নেওয়া হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, দেশের উন্নয়নে সব বিশ্ববিদ্যালয়কে ভূমিকা রাখতে হবে। এক্ষেত্রে সকল বিশ্ববিদ্যালয়কে একসাথে এগিয়ে যেতে হবে, একক কোনো বিশ্ববিদ্যালয় এগিয়ে গেলে কাক্সিক্ষত লক্ষ্য অর্জন সম্ভব হবে না। তিনি ইউজিসির মাধ্যমে সারাদেশে আইপিআর এর পেটেন্ট রেজিস্ট্রেশন প্রক্রিয়া সহজীকরণ হবে এবং বিস্তৃতি লাভ করবে বলে আশা প্রকাশ করেন। একই সাথে এ ধরনের সময়োপযোগী কর্মশালার ভেন্যু হিসেবে খুলনা বিশ্ববিদ্যালয়কে বেছে নেওয়ায় ইউজিসিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান।
বিশেষ অতিথি হিসেবে আরও বক্তৃতা করেন ইউজিসির সচিব ড. মোঃ ফখরুল ইসলাম। তিনি বলেন, চতুর্থ শিল্প বিপ্লব ও একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলা এবং জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে আইপিআর এর কোনো বিকল্প নেই। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে তিনি আইপিআর পেটেন্ট রেজিস্ট্রেশনে আগ্রহী হতে সকলের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউজিসির স্ট্র্যাটেজিক প্লানিং এন্ড কোয়ালিটি অ্যাসুরেন্স (এসপিকিউএ) ডিভিশনের পরিচালক ড. দূর্গা রানী সরকার। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউজিসির এসপিকিউএ ডিভিশনের উপ-পরিচালক প্রকৌশলী মোহাম্মদ মনির উল্লাহ। অনুুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানের পর টেকনিক্যাল সেশনে পেটেন্ট রেজিস্ট্রেশন বিষয়ক বিভিন্ন বিষয় তুলে ধরেন ইউজিসির এসপিকিউএ ডিভিশনের উপ-পরিচালক প্রকৌশলী মোহাম্মদ মনির উল্লাহ এবং পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ হাবিবুর রহমান।
এ কর্মশালায় খুলনা বিশ্ববিদ্যালয়সহ ১২টি বিশ্ববিদ্যালয়ের ২৫ জন শিক্ষক অংশগ্রহণ করেন।
খুবিতে ২০ ব্যাচের তিন দিনব্যাপী শিক্ষাসমাপনী উৎসব শুরু
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের ২০ ব্যাচের শিক্ষার্থীদের স্নাতক পর্যায়ের শিক্ষাজীবন সম্পন্ন উপলক্ষ্যে ৩ দিনব্যাপী শিক্ষাসমাপনী উৎসব সোমবার থেকে শুরু হয়েছে। এদিন সকালে প্রধান অতিথি হিসেবে বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে এবং ফিতা কেটে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। পরে তাঁর নেতৃত্বে ক্যাম্পাসে এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত। এ সময় বিশ্ববিদ্যালয়ের ২০ ব্যাচের বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
পরে শিক্ষাসমাপনী উৎসব উপলক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয় থেকে থেকে ট্রাক র্যালি বের করা হয়। র্যালিটি খুলনা মহানগরী ঘুরে আবার খুলনা বিশ্ববিদ্যালয়ে এসে শেষ হয়। এছাড়া এদিন কালার ফেস্ট ও অর্গানাইজেশন ডে অনুষ্ঠিত হয়। কর্মসূচির দ্বিতীয় দিন আগামীকাল (মঙ্গলবার) আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। কর্মসূচির তৃতীয় ও শেষ দিন (বুধবার) বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে কনসার্ট অনুষ্ঠিত হবে। কনসার্টে দেশসেরা ব্যান্ড ‘নগরবাউল জেমস’ এর পাশাপাশি ‘মেঘদল’, ও ‘ক্রিপটিক ফেইট’ পারফর্ম করবে।
খুবির আইকিউএসির কার্যক্রম পরিদর্শন করলেন ইউজিসির সদস্য
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর কার্যক্রম পরিদর্শন করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এর সদস্য প্রফেসর ড. মাছুমা হাবিব। সোমবার দুপুরে তিনি আইকিউএসি অফিসে যান। সেখানে আইকিউএসির বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ সালাউদ্দীন।
এ সময় ইউজিসি সদস্য প্রফেসর ড. মাছুমা হাবিব খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম এর গতিশীল নেতৃত্বে আইকিউএসির কার্যক্রম ও গৃহীত পরিকল্পনার প্রশংসা করেন। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের আইকিউএসিকে রোলমডেল হিসেবে উল্লেখ করে ইউজিসির পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়াও তিনি দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ আয়োজন এবং আউটকাম বেজড এডুকেশন (ওবিই) কারিকুলা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখায় আইকিউএসিকে আন্তরিক ধন্যবাদ জানান।
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম, আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ ওয়াসিউল ইসলাম এবং ইউজিসির সচিব ড. মোঃ ফখরুল ইসলাম ও ইউজিসির স্ট্র্যাটেজিক প্লানিং এন্ড কোয়ালিটি অ্যাসুরেন্স (এসপিকিউএ) ডিভিশনের পরিচালক ড. দূর্গা রানী সরকার।
সাংবাদিক কৌশিক’র বাবার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ
স্টাফ রিপোর্টার
দৈনিক কালের কণ্ঠ পত্রিকার খুলনার নিজস্ব প্রতিবেদক ও দৈনিক খুলনাঞ্চল পত্রিকার বার্তা সম্পাদক কৌশিক দে’র বাবা ও প্রাক্তণ প্রধান শিক্ষক দেবতোষ দে এঁর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি)। তিনি ২০২৩ সালের এ দিনে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেন।
দেবতোষ দে গোপালগঞ্জ জেলার কোটালিপাড়ার পিঞ্জুরি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক ছিলেন। তিনি পিঞ্জুরি ইউনিয়ন পরিষদে ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি, বিআরডিবি, উপজেলা ক্রীড়া সংস্থা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা কমিটিতে দায়িত্ব পালন করেছেন। এছাড়া স্থানীয় সামাজিক প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন।
তাঁর দ্বিতীয় প্রয়াণবার্ষিকীতে পারিবারিকভাবে তিথি অনুযায়ী ধর্মীয় আচার-অনুষ্ঠানের আয়োজন করা হবে।
পিরোজপুরের নাজিরপুরে সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্রের মৃত্যু
পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের নাজিরপুরে সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্রের মৃত্যু হয়েছে। সোমবার (১৭ ফেবব্রুয়ারী) সকালে পিরোজপুর-ঢাকা মহাসড়কের পিরোজপুরের নাজিরপুর উপজেলার রুহিতলাবুনিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন জেলার নাজিরপুর উপজেলার চালিতাবাড়ি গ্রামের হালিম মোল্লার ছেলে মাহাবুব মোল্লা (৪৫), তার ছেলে ইয়াত মোল্লা (১৫)। নিহতের পরিবার সূত্রে জানা গেছে, আহতদের উন্নত চিকিৎসার জন্য খুলনা নেয়া হলে হাসপাতালে উঠাবার আগেই ওই দিন দুপুরে তাদের মৃত্যু হয়।
নাজিরপু থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. মাহামুদ আল ফরিদ ভূইয়া পিতা-পুত্রের মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, ঘটনাটি শুনেছি। সেখানে পুলিশ পাঠানো হয়েছে, পুলিশিং কার্যক্রম অব্যাহত আছে। এ ব্যাপারে এখানো কোন অভিযোগ পাই নি।
নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো. মশিউর রহমান বলেন, গুরুতর আহত ৩ জনের অবস্থা আশংকা জনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য খুলনা প্রেরণ করা হয়েছে।
স্থানীয়রা জানান, ওই দিন সকালে ঢাকা গামী ইমাদ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রন হারিয়ে একটি ব্যাটারি চালিত ভ্যান গাড়িকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে ভ্যান গাড়িতে থাকা ৩ জন গুরুতর আহত হন। এ ছাড়া সেখানে থাকা আরো ২ জন আহত হন। এদের মধ্যে ৩ জনের অবস্থা খুবই আশংকা জনক হওয়া স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
তেরখাদা উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা
খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলা বিএনপি’র আহবায়ক মো. মনিরুজ্জামান মন্টু বলেছেন, ফ্যাসিষ্ট শেখ হাসিনার নির্দেশেই গণহত্যা চালানো হয়েছিল। ফলে গণঅভ্যূত্থানে প্রাণভয়ে দেশ ছেড়ে ভারতে পালিয়েছে সে। তবে বাংলাদেশ ছেড়ে পালানোর পরও নানামুখী ষড়যন্ত্রের লিপ্ত রয়েছে। তার পোষ্য দোসরদের দ্বারা নানান দাবিতে আন্দোলনের আবরণে ষড়যন্ত্রের বিষাক্ততা ছড়াচ্ছে। অন্তর্র্বতীকালীন সরকারকে দাবি-দাওয়ার সরকার আখ্যা দিয়ে তিনি আরও বলেন, অতি জরুরি সংস্কার কাজগুলো সেরে জাতীয় নির্বাচন দিন। জনগনের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকারই দেশের সকল সংকট-সমস্যা মোকাবেলায় সক্ষম হবে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় তেরখাদা উপজেলা বিএনপি’র কর্মী সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সকল নিয়ে একটি ঐক্যবদ্ধ খুলনা জেলা বিএনপি গড়ে তুলতে চাই। খুলনা জেলা ও নয়টি উপজেলা, দু’টি পৌরসভা, ৬৮টি ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ের প্রতিটি ইউনিট হবে ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ। বিএনপি’র সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে। সে কারণে ঐক্যবদ্ধ খুলনা জেলা বিএনপি গড়ে তুলতেই হবে।
তেরখাদা উপজেলা বিএনপি’র আহবায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলুর সভাপতিত্বে সদস্য সচিব এফএম হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা বিএনপি নেতা খান জুলফিকার আলী জুলু, মোল্যা খায়রুল ইসলাম, এনামুল হক সজল, চৌধুরী কাওসার আলী, রবিউল ইসলাম রবি, মোল্যা মাহাবুব রহমান, একরাম হোসেন জমাদ্দার, আব্দুল মান্নান সরদার, সাজ্জাদ হোসেন নান্টা, হুমায়ুন মোল্যা, এ্যাড. শহিদুল ইসলাম, শেখ আজিজুর রহমান আজিবর, আবুল কালাম লস্করসহ ছয়টি ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও সাধারণ সম্পাদক। সভার শেষ পর্বে সর্বসম্মতিক্রমে তেরখাদা উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়।।
খুলনায় ছাত্র অধিকার পরিষদের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
খবর বিজ্ঞপ্তি
শিক্ষা-অধিকার-প্রগতি-এর পতাকা বাহী দেশের শিক্ষার্থীদের পক্ষে সকল যৌক্তিক আন্দোলনে সামনের সারিতে থেকে নেতৃত্ব দেওয়া সংগঠন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে খুলনায় কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে নগরীর শিববাড়িস্থ বাংলাদেশ পুস্তক সমিতির অডিটোরিয়ামে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ খুলনা মহানগর ও জেলার আয়োজনে ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, খুলনা মহানগরের সভাপতি সাব্বির রহমান শুভ’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) জিহাদুল ইসলাম ইউসুফ।
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, খুলনা জেলা’র সভাপতি রাজু হাওলাদারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, কেন্দ্রীয় কমিটি’র সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ রবিউল ইসলাম শুভ।
এসময় আরও বক্তব্য রাখেন, গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও খুলনা মহানগর গণ অধিকার পরিষদের সভাপতি জি এম আজিজুল ইসলাম, বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির গণমাধ্যম ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সাংবাদিক জি এম রোকনুজ্জামান, গণঅধিকার পরিষদ খুলনা মহানগরের সাংগঠনিক সম্পাদক ফরহাদ হাসান রাজ, যুব অধিকার পরিষদ খুলনা জেলার সভাপতি মইনুল ইসলাম লিটন, বাংলাদেশ খেলাফত মজলিশ খুলনা জেলার সভাপতি আরিফুল ইসলাম কাসিম, যুব অধিকার পরিষদ, খুলনা মহানগরের সাবেক সদস্য সচিব জাহিদুল ইসলাম জাহিদ,
খুলনা মহানগর যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক আজিজ রুবেল, তরিকুল ইসলাম, রুবাইয়া জাহান উর্মি, ওমর ফারুক, আরাফাত হোসেন, ফারদিন আহমেদ, সালেহ উদ্দিন চৌধুরী। আরও উপস্থিত ছিলেন, তাজউদ্দিন, আবির, সোবহান, ফারহানসহ খুলনা জেলা ও মহানগর ছাত্র অধিকার পরিষদের দুই-শতাধিক বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সার্বিক তত্ত্বাবধায়ন করেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, খুলনা মহানগরের সাধারন সম্পাদক মোঃ আলমগীর হোসেন মুন্না ও খুলনা জেলার সাধারন সম্পাদক জাহেদ আহম্মেদ রুবেল।
আলোচনা সভায় অতিথিরা বলেন, ২০১৮ সালে শিক্ষার্থীদের অধিকার আদায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র অধিকার পরিষদের জন্ম। জন্মের শুরু থেকেই শিক্ষার্থীরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছে। আজ ফ্যাসিস্ট হাসিনা পালিয়েছে। এখনও তাদের দোসরা আশেপাশে আছে। তাদের প্রতিহত করতে সকলকে একযোগে কাজ করার আহবান জানানো হয়।
বাবার জন্য খাবার নিয়ে যাওয়া হলো না শাকিবের
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের কৈপাল এলাকার ১৩ বছর বয়সী পঞ্চম শ্রেণিতে পড়ুয়া শাকিব। বাবা আকবর মন্ডল বাড়ির পাশের পান বরজে কাজ করছিল। বাড়ি থেকে বাবার দুপুরের খাবার নিয়ে যাচ্ছিল শাকিব। পথিমধ্যে ইটবোঝাই ট্রলির নিচে চাপা পড়ে শাকিব প্রাণ হারায়।
সোমবার বেলা ১২টার দিকে দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের কৈপাল ইট ভাটার সন্নিকটে এ দূর্ঘটনা ঘটে। নিহত কিশোর শাকিব ওই এলাকার আকবর মন্ডলের ছেলে এবং সলিমপুর মডেল স্কুলের ৫ম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সুত্রে জানা যায়, বাড়ি থেকে মাঠে বাবার জন্য দুপুরের খাবার নিয়ে যাচ্ছিল শাকিব। পথিমধ্যে কৈপাল ইটভাটা থেকে ইট নিয়ে যাওয়ার সময় স্যালো ইঞ্জিনচালিত ট্রলি তাকে চাপা দেয়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সামসুল আরেফিন জানান, হাসপাতালে নিয়ে আসার আগে শাকিব মারা যায়।
কুষ্টিয়ায় সাংবাদিকের ওপর সন্ত্রাসীদের হামলা, ওসি প্রত্যাহার
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার পুলিশ সুপার কার্যালয়ের সামনে সোমবার সকালে মানববন্ধন করেন সাংবাদিকরা। কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী মারা যাওয়ার সংবাদ সংগ্রহের সময় স্থানীয় একটি পত্রিকার চিত্র সাংবাদিক ইমরান হোসেনের ওপর হামলা চালায় সন্ত্রাসীরা। থানায় এজাহার দিতে গেলে গড়িমসি ও বিলম্ব করে পুলিশ। এ ঘটনায় কুষ্টিয়া মডেল থানার ওসি শেহাবুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) রাতে ওসি শেহাবুর রহমানকে প্রত্যাহার করা হয় বলে জানিয়েছেন কুষ্টিয়ার পুলিশ সুপার মিজানুর রহমান।
এদিকে, ঘটনার পর ২৪ ঘণ্টা অতিবাহিত হলেও হামলাকারীদের কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এতে ক্ষুব্ধ সাংবাদিকরা কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ের সামনে সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে মানববন্ধন ও অবস্থান কর্মূসূচি পালন করেন। হামলাকারীদের আটকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন সাংবাদিক নেতারা।
কুষ্টিয়া প্রেস ক্লাবের সভাপতি আল-মামুন সাগরের সভাপতিত্বে এবং সাংবাদিক হাসান আলীর সঞ্চালনায় মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সাংবাদিক মিজানুর রহমান লাকি, নাহিদ হাসান তিতাস, নুরুন্নবী বাবু, মুন্সী শাহিন আহমেদ জুয়েল।
গতকাল রবিবার কুষ্টিয়ার প্রতীতি বিদ্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্রের মৃত্যু হয়। এ ঘটনা ‘দৈনিক খবরওয়ালা’ পত্রিকার অফিসিয়াল ফেসবুক পেজে লাইভ করার সময় পুলিশের উপস্থিতিতেই রকি (৩২) এবং আরিফুলসহ (৩৩) আরো ১০-১২ জন দেশীয় অস্ত্র নিয়ে ইমরানের ওপর হামলা চালান। হামলায় তিনি গুরুতর আহত হন। হামলাকারীরা ইমরানের কাছে থাকা অফিসের ক্যামেরা এবং ক্যামেরার বয়া (মাইক্রোফোন) ছিনিয়ে নেয়। পরে অন্য সাংবাদিকরা তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। এ ঘটনায় চিত্র সাংবাদিক ইমরান হোসেন বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় লিখিত এজাহার জমা দেন।
কুষ্টিয়ার পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, “রাতেই এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।”
তিনি আরো বলেন, “রবিবার রাতেই কুষ্টিয়া সদর থানার ওসি শেহাবুর রহমানকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।”
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় নাগরিকসহ আটক ৪
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা সীমান্তে তিনটি পৃথক অভিযানে ২ জন ভারতীয় নাগরিক, ২ জন মাদক ও মানব পাচারকারীকে আটক করেছে বিজিবি। এ সময় ৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল, ৫০ পিস ভারতীয় ইয়াবা ও ১ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। কলারোয়ার মাদরা বিওপি এবং সাতক্ষীরা শহরতলীর বাকাল চেকপোস্ট থেকে মালামালসহ তাদেরকে আটক করা হয়।
সাতক্ষীরা ৩৩ বিজিবি জানায়, সোমবার সকাল সাড়ে ৯টায় মাদরা বিওপির বিশেষ আভিযানে পাসপোর্টবিহীন ২ জন ভারতীয় নাগরিককে আটক করা হয়। আটককৃতরা হলেন ভারতের নদীয়া জেলার দানতলা থানার ডৌলা পশ্চিমপাড়ার বিভূতি রায়ের ছেলে নারায়ণ চন্দ্র (৫১) এবং কল্যানী জেলার কল্যানী গ্রামের মহেন্দ্র সরকারের ছেলে সূধীর সরকার (৫৭)।
বিজিবি আরো জানায়, অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে মাদরা বিওপির নায়েব সুবেদার মোঃ কাজী বদরুল আলম এর নেতৃত্ব রাজপুর নামক স্থান থেকে তাদেরকে আটক করা হয়েছে। তাদের নিকট থেকে একটি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে।
এদিকে মাদরা বিওপির পৃথক অপর এক অভিযানে ২৫ বোতল ভারতীয় ফেন্সিডিল, ৫০ পিস ভারতীয় ইয়াবা, নগদ ৩৭ হাজার টাকা এবং ১টি মোবাইল ফোনসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটককৃতের নাম মোঃ বাপ্পা রহমান (৩০)। সে কলারোয়ার চন্দরপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে। সোমবার সকাল ৯টার দিকে ভারত থেকে মাদক নিয়ে আসার সময় রাজাপুর নামক এলাকা থেকে তাকে আটক করা হয়।
অপরদিকে সোমবার বেলা সাড়ে ১২টায় ভোমরা বিওপির হাবিলদার মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে সীমান্তের লক্ষ্মীদাড়ী এলাকা থেকে ২৫ বোতল ভারতীয় ফেন্সিডিল, ১ বোতল ভারতীয় মদ এবং ২৬০ ভারতীয় রুপিসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটককৃতের নাম তাইফুর আলম (৩২)। সে সাতক্ষীরা সদর উপজেলার মাহমুদপুর গ্রামের মোঃ আবু তালেবের ছেলে।
আন্দোলনের মুখে বদলি মোংলার ইউএনও
মোংলা প্রতিনিধি
মোংলা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া শারমিনকে বদলি করা হয়েছে। নানাবিধ অভিযোগ উত্থাপন করে গত কয়েকদিন ধরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটিসহ বিভিন্ন মহলের দাবি এবং বিক্ষোভের মুখে তাকে বদলি করা হয়।
রোববার (১৬ ফেব্রুয়ারি) এক দাপ্তরিক আদেশে তাকে মোংলা থেকে প্রত্যাহার করে খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
বাগেরহাট জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফুল ইসলাম সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন।
এছাড়া ঝিনাইদহ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার সুমিকে মোংলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে পদায়ন করা হয়েছে বলেও জানান তিনি।
বিসিএস ৩৫ ব্যাচের এ কর্মকর্তা গত বছরের ১২ সেপ্টেম্বর সাতক্ষীরার তালা উপজেলা থেকে মোংলায় ইউএনও হিসেবে যোগদান করেন। এর জেরে সাম্প্রতিক স্থানীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটিসহ বিভিন্ন মহল তাকে প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ প্রদর্শন ও আন্দোলন করে আসছিলেন।
ভুট্টাক্ষেত থেকে কলেজছাত্রের রক্তাক্ত মরদেহ উদ্ধার
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বদনপুর গ্রাম থেকে এক কলেজছাত্রের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ছাত্রের নাম মাসুদ রানা (২৩)। তিনি কুষ্টিয়া সরকারি কলেজের মাস্টার্সের ছাত্র ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে মাসুদ রানাকে তার বাবা মাঠে ভুট্টাক্ষেতের কাজ করতে পাঠান। দুপুরে খাবার নিয়ে তাকে খুঁজতে গেলে কোনো সাড়া শব্দ পাওয়া যায়নি। তার ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার কল করলেও কোনো উত্তর আসেনি। সন্ধ্যা ৭টার দিকে পরিবারের সদস্যরা আবারও মাঠে গিয়ে তাকে খুঁজতে থাকেন। এসময় ভুট্টাক্ষেতের মধ্যে মাসুদের রক্তাক্ত মরদেহ দেখতে পান তারা। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের সময় সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া গেলেও এখনো হত্যার কারণ স্পষ্ট নয়। তবে ধারণা করা হচ্ছে, দিনের যে কোনো সময় তাকে হত্যা করা হয়েছে। পুলিশ হত্যার রহস্য উদ্ঘাটন এবং দায়ীদের গ্রেফতারে তদন্ত চালিয়ে যাচ্ছে।
মহানগর যুবদলের কর্মীসভা
খবর বিজ্ঞপ্তি
সোমবার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল খুলনা মহানগর শাখার প্রথম কর্মীসভা বিকাল ৪টায় কে.ডি ঘোষ রোডস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন খুলনা মহানগর যুবদলের আহবায়ক আব্দুল আজিজ সুমন। সদস্য সচিব রবিউল ইসলাম রুবেল এর পরিচালনায় কর্মীসভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির আহবায়ক এডঃ শফিকুল আলম মনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন।
আরো বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মাহাবুব হাসান পিয়ারু, মহানগর যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কাজী নেহিবুল হাসান নেহিম সহ মহানগর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সভায় বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়্যারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় বিএনপির ৩১ দফা বাস্তবায়ন এবং সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে স্বচ্ছ, পরিচ্ছন্ন এবং সুশৃঙ্খল যুবদলের প্রত্যাশা করেন।
সভায় আওয়ামী সন্ত্রাসীদের হামলায় নিহত ২১ নং ওয়ার্ড যুবদলের নেতা মানিক হাওলাদারের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং অবিলম্বে খুনিদের বিচারের দাবি জানানো হয়।
যশোরসহ জেলার এসপি প্রত্যাহার
ঢাকা অফিস
যশোর, নীলফামারী, কক্সবাজার ও সুনামগঞ্জ জেলার এসপিকে প্রত্যাহার করা হয়েছে। সোমবার পুলিশ সদর দপ্তরের চারটি পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতি জেলার এসপিরা তাদের পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার নিকট দায়িত্বভার অর্পণ করে আগামী মঙ্গলবার ঢাকার পুলিশ হেডকোয়ার্টার্সে রিপোর্ট করবেন।
চার এসপি হলেন- কক্সবাজারের মুহাম্মদ রহমত উল্লাহ, যশোরের মো. জিয়াউদ্দিন আহম্মেদ, নীলফামারীর মোহাম্মদ মোর্শেদ আলম ও সুনামগঞ্জের আ ফ ম আনোয়ার হোসেন খান।
এ বিষয়ে জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) ইনামুক হক সাগর বলেন, প্রত্যাহার হওয়া ৪ জেলার এসপিকে মঙ্গলবার পুলিশ সদর দপ্তরে রিপোর্ট করতে বলা হয়েছে।
নগরীতে ওয়ার্ড তাঁতী লীগের সভাপতি গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
নগরীর ৩০ নং ওয়ার্ড তাঁতী লীগের সভাপতি মো: হাবিবুর রহমানকে (৫৭) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার গভীররাতে তাকে রূপসা ষ্টান্ড রোডের ডাক্তার গলি থেকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ।
গ্রেপ্তার তাঁতী লীগের সভাপতি হাবিবুর ঐ এলাকার বাসিন্দা নুর মোহাম্মাদ মোল্লার ছেলে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে গোয়েন্দা পুলিশের ওসি মো: তৈমুর ইসলাম বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের দমনের জন্য তার বাহিনী ছাত্রলীগ এবং যুবলীগের ক্যাডারদের সহযোগীতা করেছেন। তার বিরুদ্ধে খুলনা থানায় মামলা রয়েছে। সরকারের পতনের পর থেকে তিনি গা ঢাকা দিয়ে চলতেন। তাকে গ্রেপ্তারের জন্য সব ধরনের প্রচেষ্টা চালানো হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অবস্থান নিশ্চিত হয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
খুলনা বিভাগে ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা
স্টাফ রিপোর্টার
খুলনাসহ বিভাগের ১০ জেলায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। খুলনা জেলা ও বিভাগের আওতাধীন বিভিন্ন জেলা কার্যালয়ের ৯ টি টিম সোমবার এ তদারকিমূলক অভিযান পরিচালনা করে। অভিযানে ১২টি প্রতিষ্ঠানকে ১ লাখ ১৭ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এসময়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দর ও ক্রয় ভাউচার যাচাই করা হয় এবং সকল ব্যবসায়ীকে সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেয়া হয়।
খুলনা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ সেলিম এর নেতৃত্বে খালিশপুর থানার জোড়াগেট এলাকায় অভিযান চালিয়ে ১টি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। একই সাথে খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব এর নেতৃত্বে খুলনা জেলার রুপসা থানার পূর্ব রূপসা বাগমারা বাজার ও আলাইপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে ২ টি প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সৈয়দা তামান্না তাসনিমের নেতৃত্বে সদর উপজেলার বউ বাজার এলাকায় অভিযান চালিয়ে ১ টি প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জমিমানা আরোপ ও আদায় করা হয়।
কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাসুম আলী এর নেতৃত্বে মিরপুর উপজেলার মশান বাজার এলাকায় অভিযান চালিয়ে ১ টি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহের এর নেতৃত্বে সদর উপজেলার জোহান্স পার্কের সামনের এলাকায় অভিযান চালিয়ে ২ টি প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
বাগেরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শরিফা সুলতানা এর নেতৃত্বে সদর উপজেলার কান্দাপাড়া ও দেপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ১ টি প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সজল আহম্মেদ এর নেতৃত্বে সদর উপজেলার গোরস্থান রোড ও ভায়না বাজার এলাকায় অভিযান চালিয়ে ১ টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় ।
মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান এর নেতৃত্বে সদর ও মুজিব নগর উপজেলার মোনাখালী ও চকশ্যাম নগর এলাকায় অভিযান চালিয়ে ২ টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
সাতক্ষীরা জেলা কার্যালয়ে সহকারী পরিচালক মো. মেহেদী হাসান তানভীরএর নেতৃত্বে কলারোয়া উপজেলার কলারোয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ১ টি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অভিযান চলাকালে ব্যবসায়ীদেরকে সচেতন করার পাশাপাশি বাধ্যতামূলকভাবে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন ও ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করার নির্দেশনা দেয়া হয়। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।
২৪ ঘন্টায় নগরীতে গ্রেপ্তার ১৬
স্টাফ রিপোর্টার
খুলনায় অপারেশন ডেভিল হান্টে ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। খুলমা মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গত ২৪ ঘন্টায় তাদেরকে গ্রেপ্তার করা হয়। সোমবার (১৭ ফেব্রুয়ারি) খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, নগরীর বাগমারা এলাকার সরাফত শিকদার(৫০), দেয়াড়া পূর্ব পাড়ার নাজিম আহম্মেদ(৪৮), বাগমারা এলাকার মোঃ মোজাফফর মোল্লা(৫০), বয়রা ইসলামীয়া কলেজ রোডের শেখ শাহিন শেখ (৪৩), খাঁ বাড়ি সরদার পাড়ার মোঃ সাঈদ ইসলাম (২৫), করিম নগরের নাজমুল মোল্যা (২৮), নগরীর ক্লে রোডের মোঃ হাছিবুর রহমান হাছিব, ইকবাল নগরের মোঃ সাজ্জাদ হোসেন, দক্ষিণ টুটপাড়ার আতিক হাসান ওরফে বান্না (২৫) দৌলতপুর মানিকতলার মোঃ বাবু (৩০), দেয়ানা দক্ষিনপাড়ার শেখ ওহিদুজ্জামান (৭৫), পশ্চিম সেনপাড়ার নূর আলম (৪০), ঝিনাইদহ কালিগঞ্জ মিঠাপুকুর এলাকার মোঃ মোশারেফ হোসেন (৬২), খালিশপুর খান এ সবুর রোডের হাফিজুর রহমান(৪৫), আড়ংঘাটার গাইকুড় খালপাড়ের শেখ বিদ্যুৎ (৪০) ও মুসলমানপাড়া মেইন রোডের মোঃ জাকির হোসেন হাওলাদার (৫৮)।
খুলনা জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা জজ
স্টাফ রিপোর্টার
নগরীর খুলনা জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সিনিয়র জেলা জজ চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজী। সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় তিনি কারাগার পরিদর্শনে যান।
এসময় তার সঙ্গে ছিলেন জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট চৌধুরী তৌহিদুর রহমান তুষার, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. রাখিবুল ইসলাম, অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক মো. কেরামত আলী, জেলা লিগ্যাল এইড অফিসার ফারাহ্ দিবা ছন্দা, সহকারী জজ দাকোপ আব্দুলাহ-আল মামুন, জেলা জজ আদালতের ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা মো. জাকারিয়া শেখ ও সাঁটলিপিকার খোকন লাল ভট্টাচার্য্য। পরিদর্শন দল কারাগারের মহিলা ওয়ার্ড, মেডিক্যাল ওয়ার্ড ও পুরুষ ওয়ার্ডসহ বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন।
পরিদর্শন শেষে সিনিয়র জেলা জজ চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজীর সভাপতিত্বে এবং জেলা লিগ্যাল এইড অফিসার ফারাহ্ দিবা ছন্দার পরিচালনায় কারাগারের লিগ্যাল এইড কর্ণারে আটক আসামি ও কয়েদীর নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্যে রাখেন জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট চৌধুরী তৌহিদুর রহমান তুষার, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. রাখিবুল ইসলাম, অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক মো. কেরামত আলী। সভায় আসামিদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা ও বন্ধিদের বক্তব্য শোনা হয় এবং যে সমস্ত আসামিদের কোন আইনজীবী নেই তাদের সরকারি লিগ্যাল এইড এর সহায়তা প্রদানের আশ্বাস দেয়া হয়। সভায় সমাপনী বক্তব্য রাখেন জেল সুপার মো. নাসির উদ্দিন।











































