স্পোর্টস ডেস্ক
নবম আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির পর্দা উঠছে আগামী ১৯ ফেব্রুয়ারি। মূলপর্বে ভারতের মুখোমুখি হওয়ার আগে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।
আসরকে সামনে রেখে তাই আজ শনিবার দুবাইয়ে অনুশীলন শুরু করবে নাজমুল হোসেন শান্তর দল।
গত বছরের শেষদিকে বাংলাদেশ শারজাহতে আফগানিস্তানের সঙ্গে সিরিজ খেললেও, অনুশীলন করেছিল দুবাইতে। তাইতো এখানকার কন্ডিশনের সঙ্গে দ্রুতই অভ্যস্ত হবার কথা টাইগারদের।
তাছাড়া দুবাইয়ের তাপমাত্রা এই মুহুর্তে অনেকটা ঢাকার মতোই। আবাহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার বাড়তি চ্যালেঞ্জ থাকছে না বাংলাদেশ দলের।
২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে আসরে নিজেদের যাত্রা শুরু করবে টাইগাররা। দুবাই পর্ব শেষে পাকিস্তানে যাবে বাংলাদেশ দল। গ্রুপপর্বে বাংলাদেশের বাকি দু’টি ম্যাচে প্রতিপক্ষ নিউজিল্যান্ড ও পাকিস্তান। ম্যাচ দু’টি মাঠে গড়াবে যথাক্রমে ২৪ ও ২৭ ফেব্রুয়ারি। সেমিফাইনালে গেলে প্রতিপক্ষের ওপর নির্ভর করবে বাংলাদেশের শেষ চারের ভেন্যু।
সবশেষ চ্যাম্পিয়নস ট্রফিতে সেমিফাইনালে খেলে বাংলাদেশ। গ্রুপে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের মতো শক্তিশালী প্রতিপক্ষ থাকার পরও সেবার শেষ চার নিশ্চিত করেছিল মাশরাফী বিন মোর্ত্তজার দল।











































