Home খেলাধুলা ভারতীয় গণমাধ্যমের চোখে বাংলাদেশের শক্তিমত্তা, দুর্বলতা ও শঙ্কা

ভারতীয় গণমাধ্যমের চোখে বাংলাদেশের শক্তিমত্তা, দুর্বলতা ও শঙ্কা

7


স্পোর্টস ডেস্ক

চ্যাম্পিয়নস ট্রফির আর মাত্র ৪ দিন বাকি। পাকিস্তান ও নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হবে ৮ দলের এই টুর্নামেন্ট। পরদিন মাঠে নামবে বাংলাদেশ ও ভারত। দুবাইয়ে মুখোমুখি হবে প্রতিবেশী এই দুই দেশ। ম্যাচটিকে সামনে রেখে বাংলাদেশ দলের শক্তিমত্তা, দুর্বলতা, শঙ্কা ও সুযোগ কতটুকু আছে তার কাটাছেঁড়া করেছে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই।

শক্তিমত্তা: ক্রিকেটের তিন সংস্করণের মধ্যে ওয়ানডেতেই সবচেয়ে শক্তিশালী বাংলাদেশ। এশিয়া কাপের ফাইনালে খেলা দেশটি ২০১৫ সালের বিশ্বকাপে খেলেছে কোয়ার্টার ফাইনাল। দলে এখনো আছে মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহমানের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। আন্তর্জাতিক মঞ্চে নিজেদের তারা আগেই প্রমাণ করেছেন।

দলটির শক্তির অন্যতম বড় জায়গা হচ্ছে বৈচিত্র্য। সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ ও তানজিম হাসান সাকিবের মতো ক্রিকেটাররা দলের প্রয়োজনে দাঁড়িয়ে যেতে পারেন যেকোনো সময়।

দুর্বলতা: বড় প্রতিপক্ষের বিরুদ্ধে অধারাবাহিকতা বাংলাদেশের জন্য সবসময়ই অভিশাপ হয়ে এসেছে। লিটন দাসের মতো ক্রিকেটার খারাপ পারফরম্যান্সের কারণে চ্যাম্পিয়নস ট্রফির দলে জায়গা করে নিতে পারেননি। পাওয়ার প্লেতে দারুণ ব্যাটিং করে প্রতিপক্ষের থেকে খেলা ছিনিয়ে আনার ক্ষমতা ছিল তার। বাংলাদেশকে এটি ভোগাতে পারে।

সুযোগ: দুবাইয়ে ভারতের বিপক্ষে যদি পিচ একটু ধীরগতির থাকে তাহলে বাংলাদেশের অফ স্পিনার মিরাজ ও লেগ স্পিনার রিশাদ দারুণ ভূমিকা রাখতে পারেন। ভুলে গেলে চলবে না মোস্তাফিজুর রহমানের কথা। ব্যাটারদের বেকায়দায় ফেলার জন্য যথেষ্ট বৈচিত্র্য তার হাতে আছে।

শঙ্কা: আফগানিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ তাদের শেষ ছয়টি ওয়ানডে ম্যাচের পাঁচটিতেই হেরেছে। বিপিএল খেলার পর তারা চ্যাম্পিয়ন্স ট্রফিতেও এসেছে। বিশ্বের সমস্ত টি-টোয়েন্টি লিগ বিবেচনায় মানের দিক দিয়ে এটি নিচের দিকেই থাকবে। বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্তসহ শীর্ষস্থানীয় খেলোয়াড়রা আন্তর্জাতিক মঞ্চে তেমন একটা আলোড়ন তুলতে পারেনি। তাদের খুব বেশি এক্স-ফ্যাক্টর খেলোয়াড় নেই, যারা কঠিন পরিস্থিতি থেকে খেলা ঘুরিয়ে দিতে পারে।