Home আঞ্চলিক ক্রেতা শুণ্য মাচায় ঝুলছে লাউ

ক্রেতা শুণ্য মাচায় ঝুলছে লাউ

7

সৈয়দ রানা কবীর
এক একর জমিতে লাউ চাষ করেছেন কৃষক ইমতিয়াজ উদ্দিন। ফলনও হয়েছে ভালো। এরপরও দুশ্চিন্তায় দিন কাটছে সিরাজ উদ্দিনের। জানালেন, চাষাবাদে খরচ হয়েছে ৮০ হাজার টাকার মতো। অথচ এ পর্যন্ত লাউ বিক্রি করে আয় হয়েছে সাড়ে ৮ হাজার টাকা। এখন স্থানীয় বাজারে লাউ বিক্রির জন্য নিয়ে গেলেও ক্রেতা তেমন মিলছে না। যাঁদের পাওয়া যাচ্ছে, তাঁদের কাছে লাউ বিক্রি করে উঠছে না পরিবহন খরচ।
ইমতিয়াজ উদ্দিন খুলনার ডুমুরিয়ার বাসিন্দা। সম্প্রতি তাঁর খেতে গিয়ে দেখা যায়, খেতজুড়ে মাচায় ঝুলছে নানা আকারের লাউ। কিছু লাউ ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায় খেতের পাশে। ইমতিয়াজ উদ্দিন বলেন, গত বছরের প্রাকৃতিক যে ক্ষতি হয়েছে, তা কাটিয়ে উঠতে লাউ চাষ করেছিলেন। আশানুরূপ ফলনের পরও ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাঁকে। তিনি বলেন, ‘বাজারে লাউ নিয়ে গেলে কেউ কিনতে চায় না। বাজারে যে গাড়িভাড়া করে নিয়ে যাব, এর খরচ তো অন্তত উঠতে হবে। দাম না পাওয়ায় গত প্রায় ২০ দিন ধরে বাজারে লাউ নেওয়া বন্ধ রেখেছি।’
নিজের খেতে অন্তত দুই হাজার ছোট-বড় লাউ এখন মাচায় ঝুলছে বলে জানান ইমতিয়াজ উদ্দিন। বলেন, তাঁর মতো এলাকার সবচাষিই লাউ চাষ করে বিপাকে। কেউ গরুকে লাউ খাওয়াচ্ছেন। এখন অবস্থা এমন যে গরুও লাউ খেতে চায় না। লাউ চাষ যেন চাষিদের জন্য গলার ফাঁসে পরিণত হয়েছে।
এলাকায় কথা হয় আরেক কৃষক আবুল হেসেনের (৫০) সঙ্গে। তিনি বলেন, তিনি ১০ শতাংশ জমিতে লাউ চাষ করেছেন। পাশাপাশি এক একর জমিতে চাষ করেছেন শিম। দুটি ফসলেরই বাজার এবার খারাপ যাচ্ছে। ক্রেতা না থাকায় তিনিও বাজারে লাউ বিক্রি করতে নিচ্ছেন না। কিছু লাউ ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে খেতের আশপাশে।
স্থানীয় কৃষকেরা জানান, ডুমুরিয়া ও ফুলতলা উপজেলার অনেক কৃষক কমবেশি লাউয়ের চাষ করেছেন। অনেকে নিজেদের বাড়ির আঙিনায়ও লাগিয়েছেন লাউয়ের গাছ। এ কারণে স্থানীয় বাজারে লাউয়ের সরবরাহের তুলনায় চাহিদা নেই বললেই চলে। আবার এলাকার সড়ক যোগাযোগ ব্যবস্থা ভালো না হওয়ায় জেলা শহর এবং অন্যান্য জেলা ও উপজেলা থেকে পাইকারেরা আসতে চান না। এ অবস্থায় লাউ চাষ করে বিপাকে পড়েছেন কৃষকেরা।
এলাকা থেকে লাউ, শিমসহ বিভিন্ন সবজি পাইকারি কিনে বাজারে বিক্রি করেন ব্যবসায়ী মো. রহিজ উদ্দিন। তিনি বলেন, সাত-আট বছর ধরে তিনি এই এলাকা থেকে সবজি কিনে পাইকারি বাজারে বিক্রি করেন। ডুমুরিয়া, ফুলতলায় কয়রাসহ জেলায় গত বছরের তুলনায় এবার সব ধরনের সবজির ফলন ভালো হয়েছে। তাই লাউয়ের চাহিদা কম।
ডুমুরিয়া ফুলতলা ও কয়রা থেকে প্রায় ২০/৩০ কিলোমিটার দূরের খুলনা ও যশোর জেলা শহরের পায়কারী বাজারে গিয়ে দেখা যায়, সেখানে একেকটি লাউ বিক্রি হচ্ছে ২০ থেকে ৩০ টাকা দরে। দামের তারতম্যের বিষয়ে জানতে চাইলে বিক্রেতা রহিজ উদ্দিন বলেন, চরে সবজির দাম কম। তবে আনতে অনেক গাড়িভাড়া লাগে। তাই কিছুটা বাড়তি দামে তাঁদের বিক্রি করতে হয়।
জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, এ বছর খুলনা ও যশোর জেলায় প্রায় ৬ হাজার ১০৭ হেক্টর জমিতে শীতকালীন নানা সবজির আবাদ হয়েছে। সব ধরনের সবজির ভালো সরবরাহ থাকায় দাম কিছুটা কম। লাউয়ের দাম না পাওয়া বিষয়ে জানতে চাইলে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জানান,এই এলাকায় সবজির সংরক্ষণাগার করার বিষয়ে তাঁরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করেছেন। সংরক্ষণাগার করা গেলে কৃষকেরা সব সবজির ন্যায্যমূল্য পাবেন। এ ব্যাপারে সংরক্ষণাগার তৈরীর জন্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর জানানো হয়েছে।