খুলনাঞ্চল রিপোর্ট
আওয়ামী লীগ ও তাদের দোসরদের বিচারে কোনো ধরনের হস্তক্ষেপ প্রত্যাশা করেন না উল্লেখ করে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘যদি কেউ এতে হস্তক্ষেপ করে তাহলে জাতীয় নাগরিক কমিটি অথবা বৈষম্যবিরোধী আন্দোলন ঐক্যবদ্ধভাবে ওই ব্যক্তি অথবা প্লাটফর্মের বিরুদ্ধে প্রতিবাদ করবে।’
শনিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক থেকে বের হয়ে ফরেন সার্ভিস একাডেমির সামনে সাংবাদিকদের একথা বলেন তিনি।
সারজিস আলম বলেন, ‘আমাদের দেশে একটা সমস্যা হচ্ছে, নেতারা খুনি হাসিনার মতো খুব সহজে সেইফ এক্সিট পেয়ে যায়। এই গণঅভ্যুত্থানে যারা আন্দোলনে ছিল তাদের কিন্তু এই খুনি হাসিনা ও তার দোসররা ছাড়বে না। সে জায়গায় আমরা প্রত্যক্ষ ও পরোক্ষ কোনো ধরনের নেগোসিয়েশনের চিহ্ন দেখতে চাই না। যারা খুনি, যারা খুনিদের দোসর, তারা যেই মত ও দলেরই হউক না কেন তাদের শাস্তি হতে হবে।’
‘আওয়ামী লীগ ও তাদের দোসরদের বিচারে আমরা কোন ধরণের হস্তক্ষেপ প্রত্যাশা করি না’ উল্লেখ করে সারজিস আলম বলেন, ‘আমরা এটা স্পষ্ট করে দিয়েছি। যদি হস্তক্ষেপ করে তাহলে জাতীয় নাগরিক কমিটি অথবা বৈষম্যবিরোধী আন্দোলন বলেন, আমরা ঐক্যবদ্ধভাবে হয়ে ওই ব্যক্তি অথবা প্লাটফর্ম তাদের নামে আমাদের প্রতিবাদ আবার শুরু হবে। কারণ আমাদের এই অভ্যুত্থান পরবর্তী সময়ে সবচেয়ে বড়, প্রধান দায়বদ্ধতা হচ্ছে ওই খুনিদের বিচার করা। আমরা এটা স্পষ্ট জানিয়ে দিয়েছি।’











































