সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের লাবসা গ্রামে ৩৬টি ঋষি পরিবার বসবাস করে। এই অবহেলিত জনগোষ্ঠীটির প্রতিটি পরিবার দারিদ্র সীমার নিচে বসবাস করছে। এই হতভাগা গোষ্ঠীটির নেই কোন টিসিবি (স্মার্ট ফ্যামিলি কার্ড)।
সরেজমিনে দেখা যায়, মথুরাপুর বাইপাস সড়ক থেকে ১ কিলোমিটার দক্ষিণ পশ্চিম দিকে ৩৬টি মুচি পরিবারের বসবাস। সেখানে তারা রাস্তার দুই ধার বসে কেউ ঝুড়ি বুনছে, কেউ জুতো সেলাইয়ের জিনিসগুলো মেরামত করছে। প্রতিটি ঋষি পরিবারে আছে কয়েকটি করে পাঠা ছাগল যা তাদের জীবিকার অন্যতম উৎস।
কিন্তু অবহেলিত এই গোষ্ঠীটি সরকারের সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। এই সম্প্রদায়ের প্রধান সুকুমার বলেন, আমরা এখানে ৩৬টা পরিবার বসবাস করে কিন্তু এই পরিবারের কারো টিসিবির কার্ড নাই, আমরা সরকারের সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত।
তাদের মধ্যে এক মহিলা আক্ষেপ করে বলেন, এগুলো আমাগো না যারা বড়লোক তারাই পায়। এ বিষয়ে লাবসা ইউনিয়নের চেয়ারম্যান মো: আব্দুল আলিম বলেন, এই লিস্টগুলো সব মেম্বাররা করেছিলেন, আমি শুনে খুব কষ্ট পাচ্ছি পরবর্তী সময়ে আমি ব্যবস্থা গ্রহণ করব।











































