স্পোর্টস ডেস্ক।।
এশিয়ান হকি ফেডারেশন কাপ সামনে রেখে বাংলাদেশ জাতীয় হকি দলের প্রধান কোচ করা হয়েছে আ ন ম মামুন উর রশিদকে। আজ সোমবার হকি ফেডারেশন আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করেছে। যেখানে সহকারী কোচ করা হয়েছে মশিউর রহমান বিপ্লবকে। ট্রেনার থাকছেন আলমগীর ইসলাম।
এই টুর্নামেন্টে আগে চারবার খেলে প্রতিবারই চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এশিয়ার দ্বিতীয় সারির দেশগুলোর এই টুর্নামেন্ট থেকে তাই আবারও ট্রফি নিয়ে ফিরবে বাংলাদেশ দল, এটাই প্রত্যাশা। আগামী এপ্রিলে জাকার্তায় গড়াবে আসরটি।
মামুন সিনিয়র জাতীয় দলে এর আগে একবারই কোচ ছিলেন, সেটিসিঙ্গাপুরে ২০১৫ সালে ওয়ার্ল্ড লিগ রাউন্ড-টুয়ে। ৯ বছর পর জাতীয় দলের কোচ হিসেবে ফিরে খুশি মামুন। সামনে এশিয়ান হকি ফেডারেশন কাপ বলে দায়িত্বটাকে খুব একটা চ্যালেঞ্জ মনে করছেন না। তবে ফেডারেশনের প্রত্যাশা পূরণ করতে চান পুরোপুরি।











































