স্পোর্টস ডেস্ক।।
দুঃসময় কাটিয়ে উঠতে পারছে না ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। পেপ গার্দিওলার দলকে ৫-১ গোলে বিধ্বস্ত করে প্রিমিয়ার লিগের স্বপ্ন বাঁচিয়ে রেখেছে আর্সেনাল।
আর্সেনালের ঘরের মাঠ এমিরেটসে ম্যাচের ৫৫ মিনিট পর্যন্ত লড়াইটা মন্দ হয়নি। রবিবার রাতে দ্বিতীয় মিনিটেই গোল দিয়ে গানাররা এগিয়ে যায়। গোল দেন মার্টিন ওডেগার্ড। এক গোলের লিড নিয়েই প্রথমার্ধ শেষ করে মিকেল আরতেতার শিষ্যরা। তবে বিরতির পর ম্যাচের ৫৫ মিনিটে গোল দিয়ে সিটিকে সমতায় ফেরান আর্লিং হলান্ড। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে নরওয়েজিয়ান তারকার এটি ২৫তম গোল।
তবে হলান্ডের গোলের রেশ না কাটতেই আবার এগিয়ে যায় স্বাগতিকরা। দলকে এগিয়ে নেন টমাস পার্টি। এরপর সিটির জালে আরও তিন গোল দেন লুইস-স্কেলি (৬২ মিনিট), কাই হাভার্টজ (৭৬) ও এথান নোয়ানেরির (৯০+৩)। তাতে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে আর্সেনাল।
এ নিয়ে ছয় ম্যাচ পর প্রিমিয়ার লিগে আর্সেনালের কাছে হারল সিটি। ২৪ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের দুই নম্বরে আর্সেনাল। সমান ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে চারে সিটি। এদিকে, এক ম্যাচ কম খেলে ৫৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে লিভারপুল। ২৪ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে তিনে নটিংহাম ফরেস্ট।











































