চুয়াডাঙ্গায় বিদেশী মদ, ফেনসিডিলসহ আটক ১
দামুড়হুদা প্রতিনিধি
চুয়াডাঙ্গার দৌলতদিয়াড়ে যৌথ অভিযানে মাদকসহ এক মাদক কারবারিকে বিদেশী মদ ও ফেনসিডিলসহ আটক হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা সদরের দৌলতদিয়াড় বঙ্গজপাড়ায় ৫৫ পদাতিক ডিভিশনের ওয়ারেন্ট অফিসার জাহিদুল আলম ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খানের নেতৃত্বে এক অভিযান চালায়। এসময় আহসান হাবিবের ছেলে চিহ্নিত মাদক কারবারী তরিকুল ইসলাম (৪০)কে তার বাড়ি থেকে আটক করে। পরে তার স্বীকারোক্তিতে বাড়ি থেকে ৪ বোতল বিদেশী মদ ও ৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আটক মাদক কারবারি তরিকুলকে আটকের পর উদ্ধারকৃত মাদকসহ তার বিরুদ্ধে পরিদর্শক নাজমুল হোসেন খান বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা দায়ের করেছেন।
শ্যামনগরের ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের অর্ধবার্ষিক সমন্বয় সভা
শ্যামনগর প্রতিনিধি
সোমবার বিকাল ৩ টায় বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের বাস্তবায়নে এবং জার্মান দাতা সংস্থা ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড এর আর্থিক সহযোগিতায় কাশিমাড়ি ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের আয়োজনে অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। লিডার্সের সিনিয়র ফিল্ড ফ্যাসিলিটেটর শম্পা বিশ্বাস এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিমাড়ি ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের সভাপতি জনাব মোঃ সফিকুল বারী, এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফোরামের সহ-সভাপতি মোঃ বাদশা আজম, সহ সভাপতি জনাব সুফিয়া খাতুন, সম্পাদক জনাব মোঃ আবুল হোসেন সহ আরও অনেকে।
সভায় পরবর্তী ছয় মাসের জন্য জলবায়ু পরিবর্তন শীর্ষক কর্মপরিকল্পনা প্রস্তুত করা হয়। একই সাথে স্থানীয় পর্যায়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ, মানববন্ধন, স্মারকলিপি প্রদান ও স্থানীয় পর্যায়ে নেতৃবৃন্দের সাথে সম্পৃক্ততা বৃদ্ধিকরণ বিষয়ে আলোচনা হয়। সভায় উপস্থিত সকলে একমত পোষণ করেন যে মানুষের জীবন জীবীকা নিশ্চিত করতে হলে জাতীয় পর্যায়ের নীতি-নির্ধারনী মহলের দৃষ্টি আকর্ষণের কোন বিকল্প নেই।
প্রধান অতিথি বলেন- লিডার্স এর সহযোগীতায় এই এলাকাতে সার্বিক উন্নতিসহ কৃষি খাতে অনেক উন্নয়ন ঘটেছে। এখানকার মানুষ স্বল্প খরচে ধানবীজ, সবজি বীজ ও জৈব সার পাওয়ার ফলে তাদের খাদ্যের দৈনিক যোগান দেওয়ার পরও বাইরে বিক্রি করে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে। জলবায়ু পরিবর্তিত পরিবেশে কৃষিকে শক্তিশালী করার জন্য যে অভিযোজন প্রক্রিয়া চর্চা করার পথ লিডার্স আমাদের দেখিয়েছেন তার ফলে এলাকার মানুষ আর্থ -সামাজিকভাবে অনেক সমৃদ্ধ হয়েছে। এছাড়া সকল ধরনের দূর্যোগকালীন সময়ে লিডার্স আমাদের পাশে থেকেছে। লিডার্সের মাধ্যমে অনেক মানুষ বিকল্প আয়ের মধ্য দিয়ে আজ স্বাবলম্বী। তিনি সভায় উপস্থিত সকলকে লিডার্স এর উন্নয়নমূলক কার্যক্রমকে এগিয়ে নেওয়ার জন্য আহবান জানান।
সাতক্ষীরায় ব্যবসায়ী ও স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় সভা
সাতক্ষীরা প্রতিনিধি
বর্তমান প্রেক্ষাপটে দ্রব্যমূল্য উর্দ্ধগতি নিয়ে সাতক্ষীরায় ব্যবসায়ী ও সরকারী-বেসরকারী স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সাতক্ষীরা আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাসরুফা ফেরদৌস।
জেলা ক্যাবের সভাপতি ফেরদৌসী সুলতানা’র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল,অতিরিক্ত পুলিশ সুপার সজিব খান,সিভিল সার্জন ডাঃ মোঃ আঃ সালাম,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমেদ,ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হাসান, জেলা ক্যাবের সাধারণ সম্পাদক পারভীন আক্তার সহ আরো অনেকে। মতবিনিময় সভায় বক্তরা বলেন, বাজারে নিত্যপণ্যের দাম যে বেড়েছে এটা সকলের আলোচনাতেই উঠে এসেছে।
বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের পক্ষ নিয়মিত বাজার তদারকি ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হচ্ছে। আমরা আশাকরি ব্যবসায়ীরা মুনাফা করবেন, এটা ঠিক। কিন্তু সেটা যেন অবশ্যই যৌক্তিক পর্যায়ে থাকে। এজন্য তিনি নিজেদের নৈতিকতা উন্নয়নের ওপর জোড় দেন। তাছাড়া ভোক্তাদেরও আরো সচেতন হওয়ার ওপর গুরুত্ব আরোপ করে বলেন, বাজারে কোন জিনিসের সংকট হলেই অনেকেই হুমড়ি খেয়ে পড়েন। এই প্রবণতা থেকে বেড়িয়ে আসতে হবে।
সাতক্ষীরা কলেজে প্লাটিনাম জয়ন্তীর ফি কমানোর দাবি
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা সরকারি কলেজে প্লাটিনাম জয়ন্তী উদযাপনে নিবন্ধন ফি কমানোর দাবিতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৮ ডিসেম্বর ২০২৪) রাত ৮টায় পাকাপোল ব্রিজস্থ প্র্রেস উদ্যানে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রাক্তন শিক্ষার্থী মোঃ মুনসুর রহমান।
তিনি বলেন, দেশের দক্ষিণ পশ্চিমের ঐতিহ্যবাহী সাতক্ষীরা সরকারি কলেজের প্লাটিনাম জয়ন্তী উদযাপন হবে আনন্দের বিষয়। এই কলেজের শুরু থেকে ১৯৪৮ পর্যন্ত আনু. ৪৫০০ জন, ১৯৪৯ থেকে ১৯৫৮ পর্যন্ত আনু. ২০০০০ জন, ১৯৫৯ থেকে ১৯৭৮ পর্যন্ত আনু. ৭০০০০ জন, ১৯৭৯ থেকে ১৯৮৮ পর্যন্ত আনু. ৬০০০০ জন, ১৯৮৯ থেকে ১৯৯৫ পর্যন্ত আনু. ৪৫৫০০ জন, ১৯৯৬ থেকে ২০০৪ পর্যন্ত আনু. ১২৬০০০ জন, ২০০৫ থেকে ২০০৯ পর্যন্ত আনু. ৭৫০০০ জন, ২০১০ থেকে ২০১৫ পর্যন্ত আনু. ৯০০০০ জন, ২০১৬ থেকে ২০১৯ পর্যন্ত আনু. ৬৮০০০ জন, ২০২০ থেকে ২০২৩ পর্যন্ত আনু. ৭৬০০০ হাজার জনসহ মোট ৬ লক্ষ ৩৫ হাজার শিক্ষার্থী তাদের শিক্ষা জীবন সমাপ্ত করেছেন। এরমধ্যে অনেকে অনেকে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রী হয়েছিলেন।
কেউ কেউ প্রধান বিচারপতি থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, যুগ্ম সচিব, মেজর, পুলিশের অতিরিক্ত আইজিপি, বিভিন্ন জেলার ডিসি, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রফেসর, পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, শিক্ষক, ওসি, সাব-ইন্সেপেটর, বিজিবি সদস্য, পুলিশ কন্সেটেবল হিসেবে দায়িত্ব পালন করেছন এবং করছেন।
এছাড়াও অনেকে জাতীয় মানের ক্রিকেটার, ফুটবলার, ফিফা রেফারী, সংগীত শিল্পী, আবৃত্তি শিল্পী, জাতীয় পত্রিকার সম্পাদক, স্থানীয় পত্রিকার সম্পাদক, দেশখ্যাত সাংবাদিক ও সংবাদ পাঠক, স্থানীয় সাংবাদিক হিসেবে দায়িত্বরত। অনেকে ব্যবসায়ী, কৃষক, দিনমজুর, কুলি, রিকশা, ভ্যান ও ইজিবাইক চালক, মটর সাইকেল মিস্ত্রী ও চালক, মুদি দোকানদার, সুইপার, ঝাড়ুদার, আয়া, ড্রাইভার, নাপিত, অফিস সহকারী হিসেবে দায়িত্ব পালন করে সমাজে টিকে আছে। অনেকে মৃত্যুবরণও করেছেন। বর্তমানে অত্র কলেজে আনু. ২০০০০ হাজার শিক্ষার্থী লেখাপড়া করছেন। তাদের অনেকে পারটাইম কাজও করেন। অনেকে বাবার পকেটের টাকা নিয়ে চলেন।
উপরিউক্ত শ্রেণির সকল প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলন মেলায় প্লাটিনাম জয়ন্তী উদযাপন হলে ভালো হতো। তবে নবগঠিত প্লাটিনাম জয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক প্রাক্তন অত্র কলেজের অধ্যক্ষ প্রফেসর লিয়াকত পারভেজ ও সদস্য সচিব প্রফেসর এসএম আনোয়ারুজ্জামান(মুকুল) এর জন্য সেই আনন্দ মলিনের উপক্রম। গত শনিবার (৭ ডিসেম্বর ২০২৪) সকাল ১১ টায় কলেজের শিক্ষক মিলনায়তনে সাতক্ষীরা সরকারি কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর লিয়াকত পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় ১৯৪৬ সালে অত্র কলেজ প্রতিষ্ঠান হতে যারা পাশ করে সার্টিফিকেটধারী প্রাক্তন শিক্ষার্থী হয়েছেন তাদের নিবন্ধন ফি ২’হাজার টাকা এবং বর্তমান শিক্ষার্থীদের জন্য ১৫শ’ টাকা নির্ধারণ করার সিদ্ধান্ত গৃহীতের পাশাপাশি আগামী বছর ২০২৫ সনে ঈদ-উল-ফিতর এর ৩য় দিনে এই প্লাটিনাম জয়ন্তী উদযাপন তারিখ নির্ধারণ করেন এবং নির্দিষ্ট অনলাইনে আগামী বছরের ২২ ফেব্রুয়ারির মধ্যে নির্ধারিত ফি জমার দিয়ে রেজিস্ট্রেশনের মাধ্যমে অংশগ্রহণ নিশ্চিত করার আহবান জানানো হয়।
এতে করে ওই নির্ধারিত ফি জমা দিয়ে শতকরা ১০ শতাংশ প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী অনুষ্ঠানে অংশগ্রহণের (১৩ কোটি টাকা উঠবে) সক্ষমতা রাখে। বাকি ৯০ শতাংশ শিক্ষার্থীরা রাখে না। নতুন বাংলাদেশে নতুন করে বৈষম্য সৃষ্টি হবে কেন? সকল শিক্ষার্থীরা আওয়াজ তুলুন। এমনিতেই বর্তমান বাজারমূল্যে সকলে দিশেহারা। তাই প্লাটিনাম জয়ন্তিতে সকল শিক্ষার্থীদের অংশগ্রহণের পরিবেশ সৃষ্টি করতে প্রাক্তন শিক্ষার্থীদের ক্ষেত্রে ১ হাজার টাকা ও বর্তমান শিক্ষার্থীদের ক্ষেত্রে ৫’শ টাকা ফি নির্ধারণ করার প্রস্তাব করছি আমরা। আগামী ৭ দিনের মধ্যে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ পূর্বঘোষিত নির্ধারিত ফি না কমালে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষার্থী শামিম, রবিউল ইসলাম রবি, সুরেন পান্ডে, মোঃ বায়েজিদ হাসান প্রমূখ।
কৃষিকে বাঁচাতে ওয়াপদা বেড়িবাঁধ বাস্তবায়ন করা হবে, দাবি বিএনপি নেতা শামীমের
রামপাল প্রতিনিধি
রামপালে সন্ত্রাসী, লুটপাট ও চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির পক্ষ থেকে জনতার প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) বিকাল ৪ টায় উপজেলার হুড়কা ইউনিয়নের ঝলমলিয়া দিঘিরপাড় শহীদ মিনার চত্বরে হুড়কা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রুহুল আমিন গোলদারের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম।
তিনি তার বক্তব্যে বলেন একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠনে জন নেতা তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন, সন্ত্রাসী জনপদ কায়েম করেছিলেন খালেক তালুকদার। অনেক হিন্দু, সন্ত্রাসীর জনপদ সৃষ্টি করেছে খালেক। হাসিনার চাচাতো ভাই হেলাল, ভাইপো তম্ময় রাষ্ট্র ক্ষমতাকে ব্যাবহার করে লুটপাট করেছে। বিদ্যুৎকেন্দ্রে চাকরি করতে দিতো না খালেক। মোংলা বন্দরকে সচল, ইপিজেডকে আরো গতিশীল করা হবে। এ এলাকার ফসল রক্ষায় ওয়াপদা বেড়িবাঁধ বাস্তবায়ন করা হবে। সুন্দরবনকে বাঁচাতে হবে। এ এলাকায় সকল মানুষ নির্যাতিত হয়েছেন। দখলবাজ, চাঁদাবাজ প্রতিহত করা হবে। হিন্দুদের কেউ কোন ক্ষতি করলে তাদের এ এলাকায় থাকতে দেয়া হবে না। ন্যায় বিচার নিশ্চিতে, বৈশম্য মুক্ত সমাজ ব্যাবস্থা গড়ে তোলা হবে, মাদক নির্মুল করা হবে। তারেক রহমান জনগনের কল্যাণে কল্যাণমুলক রাষ্ট্র গঠনে কাজ করার নির্দেশনা দিয়েছেন। সবার পছন্দের প্রার্থীদের নেতা নির্বাচন করতে হবে। এ জন্যে সকলকে সাথে নিয়ে কাজ করবে বিএনপি। সবার মতামত নিয়ে ওয়ার্ড থেকে শুরু করে জেলার নেতা নির্বাচন করা হবে। আইনের শাসন প্রতিষ্ঠা করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শোষনমুক্ত ও স্বনির্ভর দেশ গঠন করা হবে। হুড়কার জনসভায় বক্তৃতাকালে শামীমুর রহমান এ সব কথা বলেন।
এ সময় আরও বক্তব্য দেন, উপজেলা বিএনপির আহবায়ক শেখ হাফিজুর রহমান তুহিন, সহ অধ্যাপক মুক্তাদির হোসেন, সহ অধ্যাপক স. ম গণি, সহ অধ্যাপক মনিরুজ্জামান, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাজহারুল ইসলাম ইয়ামিন, আবিদ মল্লিক, শেখ আ. মজিদ, হাওলাদার রফিকুল ইসলাম, হাওলাদার আল আমিন, প্রদীপ রায় প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিপুল সংখ্যক নেতাকর্মী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
খুলনা ব্র্যাক এনডিডি সেন্টারের শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খুলনার আড়ংঘাটা থানাধিন তেলিগাতী ব্রাক নিউরো ডেভেলপমেন্টাল ডিজাএ্যাবিলিটি (এনডিডি) সেন্টারের শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী-২০২৪ অনুষ্ঠিত । আন্তর্জাতিক প্রতিবন্ধী ব্যক্তি দিবস ২০২৪’ উপলক্ষে খুলনা ব্রাক শিক্ষা কর্মসুচির উদ্যোগে ৯ ডিসেম্বর সকাল ৯টায় সরকারি টিচার্স ট্রেনিং কলেজ মাঠ প্রাঙ্গনে আড়ংঘাটা থানা তেলিগাতী নিউরো ডেভেলপমেন্টাল ডিজাএ্যাবিলিটি (এনডিডি) সেন্টারের শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অর্ন্তভুক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ, বিকশিত নেতৃত্বে এগিয়ে প্রতিবন্ধী জনগণ এই প্রতিপদ্যে খুলনা এনডিডির এ বছর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আকর্ষণীয় ও মনোমুগ্ধকর করতে আয়োজনে কোন কমতি ছিল না। সকাল ৯টায় বেলুন উড়িয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার-২০২৪ এর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম।
ব্রাকের খুলনা জেলা সমন্বয়ক মো শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভোলা উপজেলার ব্র্যাক শিক্ষা কর্মসুচির ব্যবস্থাপক মো: জাকির হোসেন। ব্র্যাক এনডিডি সেন্টার খুলনার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মেহেদী খানম তিশার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য করেন দিঘলিয়া উপজেলা সমাজসেবা অফিসার সোহাগ হোসেন, ব্রাক শিক্ষা কর্মসুচির অফিসার শরৎ চন্দ্র সাহা এবং গভঃ ল্যাবরেটরি হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক, বিশিষ্ট শিক্ষাবিদ ও কবি সন্তোষ কুমার ঢালী। সকাল সাড়ে ৯টায় শিক্ষার্থীদের মনমুগ্ধকর ডিসপ্লে ও ক্রীড়া প্রতিযোগিতা উপভোগ করেন প্রধান অতিথিসহ অমন্ত্রীত অতিথিবৃন্দ। ক্রিড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম।
অনুষ্ঠানে ব্রাকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সাংবাদিক, প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, কর্মচারীসহ বিভিন্ন শ্রেণির পেশার মানুষ উপস্থিত ছিলেন।
দাকোপে জলবায়ু পরিবর্তনে সাংবাদিকদের সাথে এ্যাডভোকেন্সি সভা
দাকোপ প্রতিনিধি
খুলনার দাকোপে খুলনা ও সাতক্ষীরা জেলায় উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় দূর্যোগ ঝুঁকি হ্্রাস এবং জলবায়ু পরিবর্তন অভিবাসন স্থানচ্যুতি করণের ফলে অভিবাসীদের চ্যালেঞ্জ এবং সমস্যা সমাধানে সাংবাদিকদের সাথে এ্যাডভোকেন্সি সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারী উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশ‘র উদ্যোগে ডিআরআর সিসিএ প্রকল্পের এ সভা অনুষ্ঠিত হয়।
সোমবার বেলা ২টায় উপজেলা প্রানী সম্পদ অধিদপ্তরের হল রুমে কারিতাসের খুলনা অঞ্চলের কোডিনেটর ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদের। বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) দূর্যোগ ব্যবস্থাপনা প্রফেসর ইসমাইল হোসেন। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন দাকোপ প্রেস ক্লাবের সাবেক সভাপতি শিপন ভুইঁয়া,শচীন্দ্রনাথ মন্ডল, সাবেক সম্পাদক মোজাফফর হোসেন, আজগর হোসেন ছাব্বির, কারিতাসের ফিল্ড অফিসার আলোইসিয়াম গাইন, মিল অফিসার তাহারিম জাহান, কমিউনিটি ফেসিলিটেটর চিরঞ্জিত সরদার, কমিনিটি ফেসিলিটেটর কিরন সরদার, রোমিও নাথ, কালিতারা বিশ্বাস, মানুয়েল রায় প্রমুখ।
কপিলমুনি কলেজের পরিচালনা পর্ষদের সভা
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছার কপিলমুনি কলেজ পরিচালানা পর্ষদের প্রথম সভা অনুষ্টিত হয়েছে। সোমবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মাহেরা নাজনীনের সভাপতিত্বে অনুষ্টিত সভায় উপস্হিত ছিলেন কমিটির সদস্য সাবরিনা শরমীন আজমী (স্বর্না),শিক্ষ প্রতিনিধি সহকারি অধ্যাপক আব্দুস সামাদ ও কলেজের অধ্যক্ষ এবং কমিটির সদস্য সচিব হাবিবুল্লাহ বাহার। এদিকে সভা শেষে সিনিয়র সাংবাদিক ও মানবাধিকার কর্মী এস এস মুস্তাফিজুর রহমান পারভেজের সহ-ধর্মীনি সাবরিনা শরমীন আজমী (স্বর্ণা) কমিটির সদস্য মনোনীত হওয়ায় তাকে পাইকগাছায় কর্মরত সাংবাদিকরা ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় উপস্হিত ছিলেন সাংবাদিক তৃপ্তি রঞ্জন সেন,এম মোসলেম উদ্দীন আহমেদ,এন ইসলাম সাগর,এস এম বাবুল আক্তার, স্নেহেন্দু বিকাশ ও আশরাফুল ইসলাম সবুজ প্রমুখ।
ডুমুরিয়ায় মানবিক সমাজ বিনির্মাণে বিএনপির সম্প্রীতি সমাবেশ
ডুমুরিয়া প্রতিনিধি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার আলোকে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে ডুমুরিয়া সদর ইউনিয়নে ৬নং ওয়ার্ড বিএনপির আয়োজনে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে গোনালী বেলতলা বাজারে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজ। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব সরদার আঃ মালেক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ হাফিজুর রহমান, শেখ ফরহাদ হোসেন ও ইউনিয়ন বিএনপি সভাপতি চেয়ারম্যান শেখ দিদারুল হোসেন দিদার। ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জোয়ার্দারের সঞ্চালনায় বক্তব্য দেন শেখ শাহিনুর রহমান শাহিন, আবুল কাশেম মোল্লা,সরদার আবুল হোসেন, শেখ আব্দুল মান্নান, শেখ রেজোয়ান হোসেন, শেখ হুমায়ূন কবির,শেখ রবিউল ইসলাম, জাহানারা রহমান,আশরাফ আলী সরদার, সাদ্দাম হোসেন সাগর,ফজলু মোড়ল,আব্দুল হালিম শেখ,মাসুদ রানা খান,আবু বক্কার শেখ, প্রমূখ।
ডুমুরিয়ায় শ্রমিক দলের আনন্দ মিছিল ও সমাবেশ
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় উপজেলা শ্রমিক দলের আয়োজনে গতকাল মঙ্গলবার বিকেলে আনন্দ মিছিল শেষে মুক্তিযোদ্ধা চত্বরে এক সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২১আগস্ট গ্রেনেড হামলা মামলা থেকে মুক্তি পাওয়ায় আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক দলের সভাপতি শেখ ফরিদ হোসেন। উপজেলা শ্রমিকদলের যুগ্ম আহ্বায়ক শেখ সাইফুল ইসলাম লাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজ। প্রধান বক্তা ছিলেন সদস্য সচিব সরদার আব্দুল মালেক।বিশেষ অতিথি ছিলেন যুগ্ম আহ্বায়ক শেখ হাফিজুর রহমান, শেখ ফরহাদ হোসেন ও অরুণ কুমার গোলদার। বক্তব্য দেন মতিয়ার রহমান বাচ্চু,মোল্যা মশিউর রহমান, শাহিনুর রহমান, শেখ মাহাবুর রহমান, আহম্মদ আলী ফকির,জিয়াউর রহমান জীবন,মনিরুজ্জামান সোহাগ, রাসেল হালদার, জামিনুর রহমান,শাহাবুল আলম,সোহাগ গোলদার,জাহানারা বেগম, মোল্যা মনিরুল ইসলাম, এস.এম সাকিব হাসান, আজিজুল ইসলাম, জসিম উদ্দিন, জিহাদ হোসেন, আবদুল্লাহ, তারেক রহমান, শেখ ফয়সাল, ইমরান হোসেন খাজা প্রমুখ। সমাবেশের আগে উৎসব মুখর পরিবেশে মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
ডুমুরিয়া বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
ডুমুরিয়া প্রতিনিধি
উত্তর ডুমুরিয়া বিএনপির আয়োজনে ভারতে আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে হামলার প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে শাহাপুর বাজারে একটি বিশাল মিছিল প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ সরোয়ার হোসেন। বিএনপি নেতা গাজী শাহেদুজ্জামান বাবুর সঞ্চালনায় বক্তব্য দেন বিএনপি নেতা এ এম জহুরুল ইসলাম, প্রভাষক মনজুর রশিদ, সন্দীপ চ্যাটার্জী , বি এম আইয়ুব আহমেদ, আবু সাঈদ, বি এম জহুরুল হক, আব্দুল মজিদ জর্দার,খোকন তালুকদার, মাসুদুর রহমান ফারাজি,সম মমতাজ উদ্দিন,ইব্রাহিম খান টুটুল, গাজী আতিয়ার রহমান, নুরুজ্জামান কিসলু, ইমরান হোসাইন, নীল উৎপল মন্ডল, আবু সাইদ জোয়ারদার,ফিরোজ আহমেদ বাবুল,খান সালাউদ্দিন, সাদেকুল ইসলাম,আফসার উদ্দিন গাজী,মনিরুল ইসলাম,ইমরুল কায়েস, আব্দুল হাই জোয়ারদার, ফেরদাউস গাজী, গাজী শহিদুল ইসলাম, আশরাফ সরদার, মিজানুর রহমান, বিল্লাল সরদার, নাজমুস সাকিব রাজা, খান শোয়েব আক্তার, জিএম রোমান, গাজী জাফর আহমেদ জাহিদুল ইসলাম, মোঃ সেলিম হোসেন, মোহাম্মদ ওসমান আলী, মশিউর রহমান, শেখ আব্দুল হাকিম, এনামুল মল্লিক, ইলিয়াস, ওসমান, দিপু, রাব্বি, শিমুল, সোহাগ, জালাল মোল্লা, উজ্জ্বল আকুঞ্জি, শাহরিয়ার রহমান, সোহেল আকুঞ্জি, অঘোর চন্দ্র মন্ডল,তপন কুমার মন্ডল, অতিস ঠিকাদার, বিপ্লব জোয়ারদার, মফিজুর, প্রদীপ রায়, গণেশ মল্লিক,তৌফিক বাবু, আব্দুল মালেক,বিএম সামিউল,শাহিন গাজী প্রমুখ।
খাবারের হোটেলে নানা অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গা পৌর এলাকার রেলবাজারে খাবারের হোটেলে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা কার্যালয়। এসময় বিভিন্ন অনিয়মের অভিযোগে প্রতিষ্ঠানটির মালিককে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (৮ ডিসেম্বর) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ এ অভিযান পরিচালনা করেন।
সহযোগিতায় ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সজিব পাল, জেলা টাস্কফোর্স, ছাত্র প্রতিনিধি, ক্যাব প্রতিনিধি ও ওয়ারেন্ট অফিসার মাসুদের নেতৃত্বে সেনাবাহিনীর চৌকস একটি টিম।
অভিযান সূত্রে জানা যায়, মেসার্স কালু হোটেল নামক প্রতিষ্ঠানে পূর্বে সতর্ক করা সত্ত্বেও আবারও অস্বাস্থ্যকর পরিবেশ ও প্রক্রিয়ায় খাবার তৈরির প্রমাণ পাওয়া যায়। হোটেলের স্যানিটারি লাইসেন্স না থাকা, কর্মচারীদের স্বাস্থ্য পরীক্ষার সনদ না থাকা ও স্বাস্থ্যবিধি না মানা, নোংরা জিনিসের পাশে খাবার উন্মুক্ত রাখা অবস্থায় পাওয়া গেছে।
এছাড়া কর্মচারীরা টয়লেট শেষে হাত না ধুয়েই খাবার তৈরি করছেন। যত্রতত্র নোংরা ও মাছিতে ভরপুর মেঝেতে রান্না করা ও বিভিন্ন রেডি খাবার খোলা অবস্থায় রাখা হয়েছে।
অস্বাস্থ্যকরভাবে খাবার পণ্য তৈরি, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ ও বিক্রয়ের অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মো. শহিদুল ইসলাম কালুকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় পুনরায় তাকে স্বাস্থ্যবিধি মেনে স্বাস্থ্যসম্মতভাবে খাবার তৈরির বিষয়ে নির্দেশনা দেওয়া হয়। পরবর্তী সময়ে অন্যান্য প্রতিষ্ঠান তদারকি করা হয়। এসময় সব ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং সবাইকে ন্যায্যমূল্যে পণ্য ক্রয় বিক্রয়, ভাউচার সংরক্ষণ ও মূল্যতালিকা প্রদর্শন করতে বলা হয়। সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
সহকারী পরিচালক সজল আহম্মেদ বলেন, পূর্বে সতর্কের পর আবারও একই অনিয়মের সত্যতা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
খুবির নিরাপত্তা প্রহরী মুছা শেখের পিতার ইন্তেকালে উপাচার্যের গভীর শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয়ের নিরাপত্তা শাখার নিরাপত্তা প্রহরী মুছা শেখ এর পিতা মোঃ লোকমান শেখ শনিবার দিবাগত রাত ২টায় গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ত্রিনিবাসকাঠী গ্রামের নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি … রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮০ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ সোমবার (৯ ডিসেম্বর) বাদ জোহর নামাজে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এদিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম রেজিস্ট্রার কার্যালয়ের নিরাপত্তা শাখার নিরাপত্তা প্রহরী মুছা শেখের পিতার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
অনুরূপভাবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান এবং নিরাপত্তা শাখা প্রধান আবদুর রহমানসহ সংশ্লিষ্ট শাখার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ শোক প্রকাশ করেছেন।
আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস : ‘নিজ নিজ অবস্থানে দুর্নীতিমুক্ত থাকতে হবে’
তথ্য বিবরণী
জাতীয় ও দুদকের পতাকা উত্তোলন, উদ্বোধন অনুষ্ঠান, মানববন্ধন, আলোচনাসভাসহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে সোমবার খুলনায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন করা হয়। সকালে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার।
দিবসের এবারের প্রতিপাদ্য ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা’। জেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
দিবসটি উপলক্ষ্যে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনাসভায় প্রধান অতিথি বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের পরিচালক মোঃ তবিবুর রহমান বলেন, দুর্নীতি কমিয়ে আনতে হলে আমাদের নৈতিকতার পরিবর্তন হওয়া প্রয়োজন। দুর্নীতি একটি সামাজিক ব্যাধি। নিজ নিজ অবস্থানে দুর্নীতিমুক্ত থাকতে হবে। দুর্নীতিকে নিয়ন্ত্রণে রাখতে হলে নিজ ঘর, অফিসে দুর্নীতিবিরোধী অভিযান পরিচালনা করা প্রয়োজন। সদিচ্ছার মাধ্যমে দুর্নীতি দূর করা সম্ভব, দুর্নীতির বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। দুর্নীতির বিরুদ্ধে আমরা একাত্ম, সংযত ও অঙ্গীকারবদ্ধ রাখবো। দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে যে লড়াই তা অব্যাহত রাখতে হবে।
খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন দুর্নীতি দমন কমিশন খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক জালাল উদ্দিন আহাম্মদ, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) নূরুল হাই মোহাম্মদ আনাছ ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক ডা. মনি মোহন সাহা। এতে স্বাগত বক্তৃতা করেন দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ আবদুল ওয়াদুদ। অনুষ্ঠানে সচেতন নাগরিক কমিটির সভাপতি অ্যাডভোকেট কুদরত-ই-খুদা বক্তৃতা করেন।
বিভিন্ন দেশের দূতাবাসের প্রতিনিধিদের সাথে বৈঠক
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক অবস্থান সুসংহত করা এবং একাডেমিক ও রিসার্চ পার্টনারশিপ বৃদ্ধিকরণের লক্ষ্যে উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম এর পরামর্শক্রমে খুলনা বিশ্ববিদ্যালয়ের দি অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর ড. মোঃ আশিক উর রহমান বাংলাদেশে অবস্থিত বিভিন্ন দূতাবাসে যোগাযোগ করেন। এরই প্রেক্ষিতে রবিবার ঢাকাস্থ সুইজারল্যান্ড, ভুটান ও ব্রুনেই দূতাবাসের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করা হয়। খুলনা বিশ্ববিদ্যালয়ের পক্ষে ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী ও দি অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর ড. মোঃ আশিক উর রহমান এ বৈঠকে অংশ নেন।
সুইজারল্যান্ড দূতাবাসের হেড অব পলিটিক্যাল ইকোনমি এন্ড কমিউনিটি অ্যাফেয়ার্স আলবার্টো জিওভানেত্তি’র সাথে আলোচনা করা হয়। এ সময় সুইজারল্যান্ডের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে ফ্যাকাল্টি এক্সচেঞ্জ, জয়েন্ট রিসার্চ কোলাবরেশন এবং সুইজারল্যান্ডে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি নিয়ে আলোচনা করা হয়। আলোচনান্তে আলবার্টো জিওভানেত্তি খুলনা বিশ্ববিদ্যালয়ের এসকল বিষয় নিয়ে অ্যাম্বাসি অব সুইজারল্যান্ড ইন বাংলাদেশের পক্ষে একটি সেমিনার আয়োজনের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের দেওয়া প্রস্তাব নিয়ে সুইজারল্যান্ডের বিভিন্ন স্টেকহোল্ডারদের সাথে আলোচনা করবেন বলে আশ্বস্থ করেন।
পরবর্তীতে রয়্যাল ভুটানিজ অ্যাম্বাসি বাংলাদেশের অ্যাম্বাসেডর রিনচেন কুয়েনসিল এর সাথে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে খুলনা বিশ্ববিদ্যালয়ের পক্ষে ভুটান থেকে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট প্রাপ্তির ব্যাপারে প্রস্তাব দেওয়া হয়। এ ছাড়াও ভুটানের রয়্যাল ইউনিভার্সিটির সাথে দ্বি-পাক্ষিক সম্পর্ক স্থাপনের জন্য অ্যাম্বাসেডরকে অনুরোধ করা হয়। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবসমূহকে স্বাগত জানান এবং অতিদ্রুত পরবর্তী কার্যক্রম গ্রহণ করবেন বলে আশ্বস্থ করেন।
দিনের শেষ বৈঠকে হাইকমিশন অব ব্রুনেই দারুসসালাম এর ফার্স্ট সেক্রেটারি রোজাইমি আব্দুল্লাহ এর সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ বৈঠকে ব্রুনেই এর বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের সাথে খুলনা বিশ্ববিদ্যালয়ের যোগসূত্র স্থাপনে হাইকমিশনের সহযোগিতা প্রত্যাশা করা হয়। এর প্রেক্ষিতে ফার্স্ট সেক্রেটারি আগামী ফেব্রুয়ারি মাসে খুলনা বিশ্ববিদ্যালয় পরিদর্শন করে একটি সেমিনার আয়োজনে আগ্রহ প্রকাশ করেন। পরবর্তীতে খুলনা বিশ্ববিদ্যালয়ের সাথে ব্রুনেই এর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সংযোগ স্থাপন, খুলনা বিশ্ববিদ্যালয়ের ক্যাপাসিটি বিল্ডিংসহ একাডেমিক এবং রিসার্চ পার্টনারশিপের ব্যাপারে উদ্যোগ গ্রহণ করবেন বলে জানান।
সার্বিক বিষয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের দি অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর ড. মোঃ আশিক উর রহমান বলেন, উপাচার্য মহোদয়ের নির্দেশনা অনুযায়ী আমরা খুলনা বিশ্ববিদ্যালয়কে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এবং রিসার্চ পার্টনার হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। এরই লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
শার্শার বাগআঁচড়ায় দুই মাথা নিয়ে শিশুর জন্ম, পরে মৃত্যু
বেনাপোল প্রতিনিধি
যশোরের শার্শার বাগআঁচড়ায় একটি বেসরকারি ক্লিনিকে দুই মাথা নিয়ে জন্ম নেওয়া এক ছেলে শিশু মারা গেছে। সোমবার (৯ ডিসেম্বর) ভোরে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।
এর আগে রোববার রাত সাড়ে ১১টায় বাগআঁচড়ার বেসরকারি একটি ক্লিনিকে সিজারের মাধ্যমে শিশুটির জন্ম হয়।শিশুটির মা সুস্থ আছেন। তবে জন্মের পর শিশুটি অসুস্থ থাকায় উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার মৃত্যু হয়।
নবজাতক শিশুটি উপজেলার কায়বা গ্রামের বাসিন্দা নূরুন নবী -রত্না দম্পতির সন্তান।
নবজাতকের পিতা নূরুনবী জানান, তারা জানতেন স্ত্রী জমজ সন্তান হবেন। রোববার রাত ৮ টার দিকে স্ত্রীর প্রসববেদনা উঠলে বাগআঁচড়ার একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হলে সিজারের মাধ্যমে দুই মাথাওয়ালা এক ছেলে শিশুর জন্ম হয়। দুটি মাথা বাদে শিশুটির দুটি হাত, দুটি পা-সহ অন্য অঙ্গ-প্রত্যঙ্গ স্বাভাবিক ছিল। জন্মের পর রাতেই শিশুটিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানের চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। ঢাকায় নেওয়ার আগেই আজ ভোরে শিশুটি হাসপাতালে মারা যায়।
বাগআঁচড়া নার্সিং হোমের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার বেলায়েত হোসেন বলেন, কনজয়েনড টুইনের কারণে এমন বাচ্চা ভূমিষ্ঠ হয়। মায়ের পেটে ভ্রূণ অনেক সময় আলাদা না হওয়ার কারণে গর্ভে দেহ এক থাকলেও মাথা আলাদা হয়। এই বাচ্চাগুলো পেটের মধ্যেও অনেক সময় মৃত্যু হতে পারে এবং অনেকের জন্মের পরও মৃত্যু হতে পারে বলে তিনি জানান।
পাইকগাছায় দুই পাখি শিকারীকে অর্থদন্ড
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় দুই পাখি শিকারী কে আটক করে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সোমবার সকালে উপজেলার লতা ইউনিয়নের পুতলাখালী বিলে সাউন্ড বক্সের মাধ্যমে পাখি শিকার করার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে আনসার ও ভিডিপি প্রশিক্ষক আলতাফ হোসেন ও তার সহযোগি আবু হানিফ তাদের কে আটক করে।
এ সময় পাখি শিকারের সরঞ্জাম জব্দ করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহেরা নাজনীন বন্য প্রানী (সংরক্ষণ ও নিরাপত্তা)আইনে আটক ব্যক্তিদের ২হাজার টাকা অর্থদন্ড করেন এবং আলামত পুড়িয়ে ফেলেন। একইসাথে উদ্ধারকৃত জীবিত পাখি অবমুক্ত করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহেরা নাজনীন বলেন,পারিযায়ী পাখি শিকার করার কোন সুযোগ নেই। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।
খুলনায় বেগম রোকেয়া দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠ ছয় জয়িতা
তথ্য বিবরণী
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে আলোচনাসভা ও ছয় শ্রেষ্ঠ জয়িতাকে সম্মাননা প্রদান অনুষ্ঠান সোমবার বিকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, জীবন যুদ্ধে জয়ী সকল নারী এক একজন জয়িতা। নারীরা এগিয়ে গেলে দেশ ও সমাজের কোন ক্ষতি হয় না, বরং দেশ উপকৃত হয়। নারী-পুরুষের মধ্যে এখন কোন ভেদাভেদ নেই। নারীরা ঘরে, বাইরে ও কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে যাচ্ছেন। পূর্বের তুলনায় কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি পেয়েছে। একজন শিক্ষিত মা একটি শিক্ষিত জাতি উপহার দিতে পারেন।
খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস) সুশান্ত সরকার, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সাদিয়া মনোয়ারা ঊষা ও বেসরকারি উন্নয়ন সংস্থা এডাব এর সভাপতি এ্যাডভোকেট শামীমা সুলতানা শিলু। স্বাগত বক্তৃতা করেন মহিলা বিষয়ক দপ্তরের উপপরিচালক হাসনা হেনা। অনুষ্ঠানে শ্রেষ্ঠ জয়িতা ড. পারভীন সুলতানা ও পাপিয়া খাতুন বক্তৃতা করেন। অনুষ্ঠানে বিভিন্ন নারী সংগঠনের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে খুলনা সিটি কর্পোরেশন এলাকার এক জন এবং জেলার পাঁচ জন শ্রেষ্ঠ জয়িতাকে সম্মাননা ক্রেস্ট এবং সনদপত্র প্রদান করা হয়।
খুলনা সিটি কর্পোরেশন এলাকার সম্মাননা প্রাপ্ত শ্রেষ্ঠ জয়িতা হলেন-শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ড. পারভীন সুলতানা। এছাড়া খুলনা জেলার পাঁচ শ্রেষ্ঠ জয়িতা হলেন-অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরীতে দিঘলিয়ার পাপিয়া খাতুন, শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী দাকোপের তাজরিনা সুলতানা, সফল জননী ক্যাটাগরীতে ডুমুরিয়ার মলিনা বিশ^াস, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করা দাকোপের সীমা সরকার এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় দাকোপের মিনারা খাতুন।
জাতীয় নাগরিক কমিটির খুলনা বিভাগের তিনটি থানায় ‘প্রতিনিধি কমিটি’ ঘোষণা
খবর বিজ্ঞপ্তি
জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় ‘মূখ্য সংগঠক’ পদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিশ আলম এবং মুখপাত্র হিসেবে সামান্তা শারমিনকে মনোনীত করা হয়েছে। সোমবার জাতীয় নাগরিক কমিটির অফিসিয়াল পেজে এবং প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সারজিশের মূখ্য সংগঠক মনোনিতের খবর প্রকাশ করা হয়। আর এদিকে গত রবিবার দিনগত রাতে কমিটির অফিসিয়াল পেজে ‘প্রতিনিধি কমিটি’র চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। যেখানে খুলনা বিভাগের ৩ থানার ‘প্রতিনিধি কমিটি’ ঘোষণা করা হয়। যার মধ্যে রাইজিং কর্মসূচির অংশ হিসেবে খুলনা সদর থানায় ১৭০, কুষ্টিয়া সদর থানায় ২০২ ও বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলায় ৯৩ সদস্য বিশিষ্ট ‘প্রতিনিধি কমিটি’ দেয়া হয়েছে। জুলাই’২৪ ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহত আন্দোলনকারীর সমন্বয়ে গঠন করা হয়েছে এই ‘প্রতিনিধি কমিটি’।
কেন্দ্রীয় কমিটির দায়িত্বপ্রাপ্ত তানজিল মাহমুদ, মেসবাহ কামাল ও আব্দুল্লাহ আল মামুন ফয়সালের সুপারিশে আহ্বায়ক মুহাম্মাদ নাসীরুদ্দীন পাটওয়ারী ও সদস্য সচিব আখতার হোসেন এ কমিটির অনুমোদন দেন। এর আগে, গত ৮ সেপ্টেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে ফ্যাসিবাদি ব্যবস্থার বিলোপ ঘটিয়ে রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কারে প্রেশার গ্রুপ হিসেবে আত্মপ্রকাশ করে ‘জাতীয় নাগরিক কমিটি’। ওইদিন নতুন এই রাজনৈতিক প্লাটফর্মের ৫৬ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটির আহ্বায়ক হয়েছেন মুহাম্মাদ নাসীরুদ্দীন পাটওয়ারী, সদস্য সচিব হয়েছেন আখতার হোসেন। পর্যায়ক্রমে দেশের প্রতিটি থানার ইউনিয়ন ও নগরের ওয়ার্ড পর্যায়ে প্রতিনিধি কমিটি ঘোষণা করা হবে।
শৈলকুপায় দু’পক্ষের সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু, বাড়িঘর ভাঙচুর
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দীঘলগ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত কৃষক বাদশা মোল্লা (৪৪) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
সোমবার (৯ ডিসেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত বাদশা মোল্লা দীঘল গ্রামের রাহেন মোল্লার ছেলে এবং বিএনপি কর্মী।
স্থানীয়রা জানান, এলাকায় সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে দীঘলগ্রামের মোক্তার মোল্লার সমর্থকদের সঙ্গে মাহাতাব মোল্লার সমর্থকদের মাঝে বিরোধ চলে আসছিল। এরই জেরে গত শুক্রবার উভয়পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে মোক্তার মোল্লার সমর্থক বাদশা মোল্লা গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে উদ্ধার প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এদিকে তার মৃত্যুর সংবাদ এলাকায় পৌঁছালে প্রতিপক্ষের বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করা হয়। এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মহিদুর রহমান ঢাকা পোস্টকে বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। পরিস্থিতি এখন শান্ত আছে।
বাসচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) খুলনা-ঢাকা মহাসড়কের তৈয়আলী বটতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় আরো একজন আহত হন।
আহত রনি ঘরামীকে (১২) আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে খুলনা ২৫০ শয্যা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত মো. আশরাফুল ঘরামী (৪৫) সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার গাফুরা এলাকার মমিন উদ্দিনের ছেলে। তিনি গোপালগঞ্জের একটি ইটভাটার শ্রমিক ছিলেন বলে জানায় পুলিশ।
মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নুরুজ্জামান চানু জানান, আশরাফুল তার ভাইপো রনিকে নিয়ে মোটরসাইকেলযোগে খুলনা থেকে কর্মস্থলে যাচ্ছিলেন। পথিমধ্যে তৈয়আলী বটতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পর্যটক নামের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হয়।
ওসি আরো জানান, ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার এবং ওই বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় ফকিরহাট থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।
সাবেক এমপি বাবু’র মামাদের বিরুদ্ধে মানববন্ধন
পাইকগাছা প্রতিনিধি
খুলনার পাইকগাছায় সংখ্যালঘু সম্প্রদায়ের জমির ধান কেটে নেওয়ার চক্রান্তের প্রতিবাদে সাবেক এমপির মামাদের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় পাইকগাছা উপজেলা পরিষদের সামনে প্রধান সড়কে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- জমির মালিক দাবিদার সুদীপ্ত কুমার বর্মণ ( সঞ্জয়), মো. হুমায়ুন কবির সরদার, মো. হারুন অর রশিদ, ভবসিন্ধু ঘরামী, বর্গাদার হিরন্ময় মণ্ডল, বিধান বর্মণ, কৃষ্ণপদ বর্মণ।
বক্তারা বলেন, তারা হিন্দু সম্প্রদায়ের লোক। তাদের গড়ইখালী ইউনিয়নের কুমখালী মৌজার ৩২ বিঘা জমি; যা ২০১৮ সালে আক্তারুজ্জামান বাবু এমপি থাকাকালে তার মামা আয়ুব খান, আবুল কালাম নুনুরা জবরদখল করে নেয়। ২০২৪ সালে ৫ আগস্ট সরকার পতনের পর তারা জমি পুনরায় দখল করে আমন ধান চাষ করেন। সেই পাকা ধান কেটে নেওয়ার জন্য আয়ুব খানরা চক্রান্ত করছে।
এ বিষয়ে প্রতিপক্ষের পক্ষে মালেক গাইন বলেন, এই জমির প্রকৃত মালিক এমএম শহিদুল ইসলাম। তার জমি আমরা ১১ জন বর্গা চাষ করি। কারা কেন মানববন্ধন করছে এটা তারাই জানেন।
কেশবপুরে সরকারি ডাকবাংলার ইট চুরি: স্থানীয়দের হাতে ধরা কর্মচারী
কেশবপুর প্রতিনিধি
যশোরের কেশবপুর সরকারি ডাকবাংলা থেকে টলি ভর্তি ইট চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়দের হাতে ধরা পড়েছেন ডাকবাংলার কেয়ারটেকার মো. হাবিবুর রহমান।
স্থানীয়রা জানান, ৭ ডিসেম্বর সকাল ১০টার দিকে কেয়ারটেকার হাবিবুর রহমান কর্তৃপক্ষকে না জানিয়ে প্রায় ২ হাজার ইট টলিতে ভরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় স্থানীয় জনতা তাকে হাতেনাতে ধরে ফেলে। বাধ্য হয়ে তিনি টলিতে থাকা ইটগুলো আবার ডাকবাংলার ভেতরে নামিয়ে রাখতে বাধ্য হন।
এলাকার বাসিন্দা শফিকুল ইসলাম বলেন, “ডাকবাংলার গার্ড অব অনার স্থানের রেলিং ভেঙে এবং ফুলবাগানের সৌন্দর্য রক্ষায় ক্রয় করা ইটগুলো চুরি করে নিয়ে যাচ্ছিল কেয়ারটেকার হাবিবুর রহমান। তবে স্থানীয়দের বাধার মুখে ইটগুলো টলির ভেতর থেকে নামিয়ে রাখতে হয়। এমন ঘটনা প্রায়ই ঘটে, ডাকবাংলার বিভিন্ন মালামাল চুরি হওয়ার অভিযোগ রয়েছে।”
এ বিষয়ে কেয়ারটেকার মো. হাবিবুর রহমান বলেন, “ডাকবাংলার ভাঙা ইটগুলো তিনি ঠিকাদারের কাছ থেকে কিনে ডাকবাংলায় রেখেছিলেন। সেগুলো সরানোর সময় স্থানীয়রা বাধা দেয়। পরে ইটগুলো আবার ভেতরে রেখে দিয়েছি। বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে।”
রূপসায় গরুর চুরির অভিযোগে ট্রাকসহ আটক ১
রূপসা প্রতিনিধি
বেশ কিছুদিন ধরে রূপসার বিভিন্ন স্থানে গরু চুরির ঘটনা ঘটছে। রূপসার জোয়ার গ্রামের এস্কেন্দার বিশ্বাসের বাড়ি থেকে,জাবুসা এলাকা, কাজদিয়ার নাসিম শেখের বাড়ি থেকে কিছুদিন আগে গরু চুরি হয়।
রবিবার রাতে গরু চুরি করতে গিয়ে চোরাই কাজে ব্যবহৃত ট্রাকসহ নজরুল ইসলাম (৩৮) নামে এক ব্যক্তিকে রূপসার নৈহাটি ইউনিয়নের সামন্তসেনা গ্রামবাসীরা আটক করে। আটক নজরুল দিঘলিয়া উপজেলার বাতিভিটা গ্রামের মৃত ফরমান ফকিরের ছেলে। এসময় আরো পালিয়ে যায় এক ই উপজেলার বারাকপুর গ্রামের ইমরান (৪০), নোয়াপাড়া গ্রামের ইমদাদ (৪০) রামপাল উপজেলার ফয়লা এলাকার সুজন (৪০), ফকিরহাট উপজেলার কাটাখালী এলাকার হৃদয় (২৮) ও রূপসা থানার চর-রূপসা এলাকার সেলিম (৪০) সহ অজ্ঞাত নামা ৩/৪ জন। মামলা সূত্রে জানা যায়, উপজেলার সামন্তসেনা এলাকার মৃত কেরামত সরদার এর ছেলে সরদার মশিউর রহমান (সবুজ) (৫৫) ৫টি গরু লালন পালন করে আসছে। গত ৮ ডিসেম্বর রাতে গরু গুলিকে গোয়াল ঘরে দেখে খাবার দিয়ে বসত ঘরে ঘুমিয়ে পড়েন। পরবর্তীতে ৯ডিসেম্বর রাত অনুমান ৩ ঘটিকার সময় শব্দ শুনিয়া তার ঘুম ভেঙ্গে যায়। ঘুম হইতে উঠিয়া দেখেন গোয়াল ঘরের দরজার তালা কাটা এবং পাঁচটি গরুর মধ্যে দুইটি গরু (একটি গাভি ও একটি এড়ে বাছুর) নাই। তখন তিনি রাস্তায় বের হয়ে দেখতে পায়, উল্লেখিত আসামীরা রূপসা থানাধীন সামন্তসেনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে গরু দুইটি ট্রাকে উঠাইতে দেখে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন হাজির হয়। পরবর্তীতে টহল পুলিশ উক্ত স্থানে উপস্থিত হয়ে চোরেরা গরু দুইটি রেখে দৌড়িয়ে এদিক সেদিক পালাতে থাকে। তখন স্থানীয় লোকজন ও টহল পুলিশের সহায়তায় আসামী মোঃ নজরুল ইসলাম কে আটক করেন। অন্যান্য আসামীরা পালিয়ে যায়। থানা পুলিশ আসামীকে হেফাজতে নিয়া জিজ্ঞাসাবাদে করিলে ধৃত আসামী জানায় যে, তার সাথে থাকা উল্লেখিত পলাতক আসামী ইমরান, ইমদাদ, সুজন, হৃদয়, সেলিম গন ঘটনাস্থল থেকে দৌড়িয়ে পালিয়ে গিয়াছে। এসময় চোরাই গরু বহন কাজে ব্যবহৃত একটি রেজিষ্ট্রেশন বিহীন ট্রাক যাহার ইঞ্জিন নং চঈঊত ৪২৬২৮৪, চেচিস নং ঊ ঈ ঙগ ঊঞ ১০১২ওখ। এঘটনায় রূপসা থানায় মামলা দায়ের হয়েছে।
বৈষম্যবিরোধী চেতনার পক্ষের শক্তিদের ভেতরে কেউ কেউ এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছেন
খুলনাঞ্চল রিপোর্ট
জুলাই-আগস্টের আন্দোলনে যারা নিজেদের বিজয়ী ভাবছেন, মনে করছেন ক্ষমতায় এসে গেছেন, তাদের মধ্যে বৈষম্যবিরোধী মূল চেতনা ধারণ করার কোনো ইঙ্গিত মিলছে না। উলটো তারা এমন এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছেন, যা আন্দোলনের চেতনার সম্পূর্ণ পরিপন্থি।
ইতোমধ্যে দলবাজি দখলবাজি এবং চাঁদাবাজি চলছে। দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ও দুদক সংস্কার কমিশনের প্রধান ড. ইফতেখারুজ্জামান সোমবার এক সম্মেলনে এসব কথা বলেন। তার মতে, অন্তর্র্বতী সরকারকে জনগণ রাষ্ট্র সংস্কারের অভূতপূর্ব ম্যান্ডেড দিয়েছে।
একই অনুষ্ঠানে এসডিজি বাস্তবায়ন বিষয়ক নাগরিক ফ্ল্যাটফর্মের আহ্বায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘আমরা লক্ষ্য করছি, বৈষম্যবিরোধী চেতনার পক্ষের শক্তিদের ভেতরে কেউ কেউ বিভিন্ন বৈষম্যকে টিকিয়ে রাখতে কাজ করছে। ফলে তারা আন্দোলনের মূল তাৎপর্যকে ক্ষুণ্ন করছে।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘এসডিজি বাস্তবায়নে নাগরিক ফ্ল্যাটফর্ম’ এই আয়োজন করে। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ‘নির্বাচন কমিশন’ সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার। তার মতে, নির্বাচনে অন্যতম সমস্যা মনোনয়ন বাণিজ্য। এ ছাড়া বক্তব্য দেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) বিশেষ ফেলো ড. মোস্তাফিজুর রহমান এবং সভাপতিত্ব করেন সিপিডির আরেকজন বিশেষ ফেলো ড. রওনক জাহান।
বেশিরভাগ বক্তার সম্মিলিত বক্তব্যের সার কথা ছিল: বৈষম্যবিরোধী চেতনার পক্ষের শক্তির কেউ কেউ বৈষম্যের পক্ষে কাজ করছেন, বৈষম্য ধরে রাখতে চাচ্ছেন, যা দুঃখজনক। তবে সম্মেলনে অংশ নেওয়া যুব সমাজের তৃণমূল প্রতিনিধিদের দাবি দুটি। প্রথমত জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন এবং দ্বিতীয়ত এই নির্বাচনে দলীয় প্রতীক থাকতে পারবে না।
ড. ইফতেখারুজ্জামান বলেন, ৫ আগস্ট দেশে শুধু একটি মাইলফলক হয়েছে। একটা কর্তৃত্ববাদের পতন হয়েছে। আন্দোলনের ভিশনের সঙ্গে সবাই একমত। ভিশনগুলো হলো-নতুন বাংলাদেশ, রাষ্ট্র সংস্কার এবং নতুন রাজনৈতিক সমঝোতা। কিন্তু আমরা যারা এই ভিশনের ব্যানার ধরে আছি, তাদের সবার এজেন্ডা, চাহিদা এক রকম নয়। আমি যেটা চাই সেটা আপনার ওপর চাপিয়ে দিচ্ছি।
তিনি বলেন, জুলাই-আগস্টের আন্দোলনে যারা নিজেদের বিজয়ী ভাবছেন, মনে করছেন ক্ষমতায় এসে গেছেন, তাদের মধ্যে বৈষম্যবিরোধী মূল চেতনা ধারণ করার কোনো ইঙ্গিত আমরা দেখতে পাই না। বরং তারা এমন এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছেন, যার মূল ধারণা ও পদ্ধতি সম্পূর্ণ বৈষম্যমূলক। অর্থাৎ বৈষম্যবিরোধী আন্দোলনের চেতনা সম্পূর্ণ পরিপন্থি। যার দৃষ্টান্ত আমরা দেখছি, দখলবাজি, চাঁদাবাজি চলছে। সামনে নির্বাচনের পর এটি ব্যাপকভাবে হবে, তারই ইঙ্গিত বহন করে। এটি দুভার্গ্যজনক। কিন্তু তাই বলে আমরা পিছপা হব না।
খুলনাসহ ৫ বিভাগে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আভাস
ঢাকা অফিস
খুলনাসহ দেশের পাঁচটি বিভাগে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া পড়তে পারে ঘন কুয়াশা। সোমবার (৯ ডিসেম্বর) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানিয়েছেন, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপটি বিরাজমান রয়েছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় হালকা/গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শেষরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে ভোর পর্যন্ত দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে ভোর পর্যন্ত দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। বর্ধিত পাঁচদিনে আবহাওয়ার উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।











































